- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জেলে কন্যা ধর্ষণ ধর্ষণে সহযোগিতাকারী বখাটে যুবক ধরা ছোঁয়ার বাইরে

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের হরিনাকান্দি গ্রামের দরিদ্র জেলে পরিবারের কিশোরী ধর্ষণের ঘটনায় সহযোগিতাকারী একই গ্রামের রুপা মিয়ার ছেলে বখাটে জুয়েল মিয়া এখনও পুলিশের ধরা ছোঁয়ার বাইরে। ধর্ষিত কিশোরী ও তার অভিভাবকরা জুয়েল মিয়াকে অভিযুক্ত করলেও পুলিশ ধর্ষণ মামলায় জুয়েলকে আসামী করে নি। ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বখাটে জুয়েল মিয়াকে আটক করেনি পুলিশ।
গতকাল বুধবার দুপুরে ওই কিশোরীর মা-বাবা দৈনিক সুনামগঞ্জের খবরকে জানান, তারা মামলায়  
জুয়েল মিয়াকে আসামী করেছেন। তবে পুলিশ কেন তাকে বাদ দিয়ে দিয়েছে এই বিষয়টি তারা জানেন না। জুয়েল মিয়া প্রকাশ্যে গ্রামে ঘোরাফেরা করছে এবং তাদের সম্পর্কে বাজে মন্তব্য করছে।
ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল ওয়াহিদের দাবি তিনি নিরপেক্ষভাবে এই মামলার তদন্ত করছেন। কিশোরীর বাবা একজনকেই আসামী করে মামলা দায়ের করছেন। মামলা দায়ের করতে কোন ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।
এদিকে ঘটনার রাতে ওই কিশোরী ও তার পরিবারের লোকদের থানা থেকে বের করে দেয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের এসআই জয়নালের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ ওই কিশোরীর পরিবার দরিদ্র হওয়ায় এই ঘটনার সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্ত এসআই জয়নাল স্থানীয় সাংবাদিকদের কাছে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন করে বলেছেন, তিনি কাউকে থানা থেকে বের করে দেন নি। এধরনের কোন ঘটনা ঘটেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা জামালগঞ্জ থানার এস আই আব্দুল ওয়াহিদ বলেন,‘হরিনাকান্দি গ্রামের কিশোরী ধর্ষণের ঘটনায় থানায় অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধেই এজাহার দাখিল হয়েছে। কিশোরীর বাবা শুধুমাত্র বাছিত মিয়াকেই আসামী করেছেন। এর বাইরে তিনি আরো কোন আসামীর নাম উল্লেখ করেন নি তিনি। এই ঘটনায় পুলিশ কারো পক্ষপাতিত্ব করছে না। গ্রামের মানুষ নানা কারণে এসব কথা বলছেন।
তিনি আরো বলেন,‘মামলার তদন্তে ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত করে ঘটনার সাথে শুধুমাত্র বাছিতের সম্পৃক্ততাই পাওয়া গেছে। স্থানীয়রা ঘটনার সাথে একজনই জড়িত বলে জানিয়েছেন।’

  • [১]