- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জোরে-শোরে প্রচারণায় নেমেছেন ইমন-মুকুট

স্টাফ রিপোর্টার
নির্বাচনী প্রচারণায় সরগরম সুনামগঞ্জ। জেলা পরিষদের চেয়ারম্যান পদে শক্তিশালী দুই প্রার্থী প্রচারণায় নামায় আওয়ামী লীগের দলীয় নেতারা বিভক্ত হয়ে মাঠে নেমেছেন। জেলায় আওয়ামী লীগের ৪ উপজেলা চেয়ারম্যানদের মধ্যে ৩ জন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পক্ষে এবং ১ জন নেমেছেন অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুটের পক্ষে। ব্যারিস্টার ইমনের পক্ষে প্রচারণায় নামা চেয়ারম্যানরা হলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীরপ্রতীক, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এবং জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন। অপরদিকে নুরুল হুদা মুকুটের পক্ষে প্রচারণায় আছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম। ৪ পৌর মেয়রের মধ্যে ২ জন আছেন মুকুটের পক্ষে, ১ জন রয়েছেন লন্ডনে, অপর মেয়র রয়েছেন ইমনের পক্ষে প্রচারণায়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল এবং ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম       
নেমেছেন নুরুল হুদা মুকুটের পক্ষে প্রচারণায়। দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া নেমেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার ইমনের প্রচারণায়।
আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষণার পর ব্যারিস্টার ইমন দলীয় ফরম সংগ্রহ এবং পদত্যাগসহ নানা আনুষ্ঠানিকতা শেষ করে মঙ্গলবার সিলেটে এসে শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। পরে তাঁর বাবা-মা’র মাজার জিয়ারত করে দুপুর ২ টায় সুনামগঞ্জ শহরের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ পয়েন্টে ছাতক ও দোয়ারাবাজারের উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনায় যোগদান করবেন। বিকালে প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। পরে জেলার ১১ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন।
অন্যদিকে, নুরুল হুদা মুকুট রোববার থেকেই ইউনিয়নে ইউনিয়নে গণসংযোগ শুরু করেছেন। রোববার দোয়ারাবাজারের পা-ারগাঁও, দোহালিয়া ও মান্নারগাঁও ইউনিয়নে গণসংযোগ করেছেন। রোববার নুরুল হুদা মুকুটের সঙ্গে প্রচারণায় ছিলেন- সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ। সোমবার তাহিরপুর উপজেলা সদরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন নুরুল হুদা মুকুট। তাহিরপুরে নুরুল হুদা মুকুটের সঙ্গে ছিলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
জেলা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, ‘আজ মঙ্গলবার থেকে ব্যারিস্টার ইমন প্রচারণায় নামলেই দলীয় নেতা কর্মীরা কে কার পক্ষে থাকবেন এটি পরিস্কার হতে পারে’।

  • [১]