- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জোর করে নিরীহ পরিবারের ৫ গাছ কেটে নিলো অন্যরা

স্টাফ রিপোর্টার
পৌর শহরের মল্লিকপুরে সত্যব্রত দত্তের বাড়ির ৫টি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী আশুক আলী। এ ব্যাপারে বিকালে সদর থানায় অভিযোগ দায়ের করেন সত্যব্রত দত্ত।
জানা যায়, গত শনিবার সকালে আশুক আলী গাছ কাটার সময় সত্যব্রত দত্তের পরিবার বাড়িতে ছিলেন না। স্থানীয় পৌর কাউন্সিলর আহমদ নুর জানিয়েছেন, তারা গাছ কাটতে বাধা দিয়েছেন কিন্তু আশুক আলী তাদের কথা আমলে নেয় নি।
সত্যব্রত দত্তের বাড়িতে টিনসেডের একটি হাফ বিল্ডিং ঘর রয়েছে। বাড়ির পেছনের দিকে রয়েছে বাঁশঝাড় ও বিভিন্ন জাতের ফলের গাছ। এর মধ্যে আম, বরই সহ ৫ টি গাছ কেটেছে আশুক আলী।
সত্যব্রত দত্ত বলেন, ফাঁকা বাড়ি পেয়ে আশুক আলী ৫টি গাছ কেটে নিয়ে গেছে। আমরা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগপত্র দিয়েছি। আগেও সে আমাদের জায়গা দখল করার চেষ্টা করেছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আশুক আলী বলেন, আমার জায়গার গাছ আমি কেটেছি। তারা জোর করে দখল করে আছে।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহমদ নুর বলেন, এই পরিবারটি সেদিন বাড়িতে ছিলো না। আশুক
আলী অন্যায়ভাবে তাদের গাছ কেটেছে। আমরা বাধা দিয়েছি। কিন্তু সে শুনতে রাজি নয়। থানা থেকেও ফোন করা হয়েছে গাছ কাটা বন্ধ করতে। সে পুলিশের কথাও শুনেনি। ৫টি গাছ কেটে নিয়েছে। আশুক আলীর নিজের জায়গা দাবি সম্পর্কে কাউন্সিলর বলেন, আমি ১৭ বছর যাবৎ এই ওয়ার্ডে কাউন্সিলর। এখানে তার কোনো জায়গা নেই।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুর রহমান রহমান বলেন, এ বিষয়ে আমরা তদন্ত করে দেখছি। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেবো।

  • [১]