- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জোয়াল ভাঙা হাওরের পিআইসি গঠনে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার জোয়াল ভাঙা হাওরের বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে।          
এ ঘটনার প্রতিবাদে ৬ জন প্রকৃত জমির মালিক রবিবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারীরা হলেন- সদর উপজেলার গৌরারং ইউয়িনের কামারটুক গ্রামের আব্দুর রউফ, লালপুর গ্রামের ফারুক সিকদার, জগন্নাথপুর গ্রামের আতাউর রহমান, সফিক মিয়া, হরিনগর গ্রামের রাজিব চন্দ্র দাস, সোনাপুর গ্রামের ফিরোজ মিয়া, আসক আলী, গৌরারং গ্রামের আপ্তর আলী।
কৃষকরা জেলা প্রশাসকের কাছে অভিযোগে উল্লেখ করেন, তাঁরা হাওরের প্রকৃত বোরো জমির মালিক ও স্থায়ী বাসিন্দা। জোয়াল ভাঙা হাওরে বেড়িবাঁধ তাদের জমির উপর দেয়া হয়। বেড়ি বাঁধ তৈরিতে তাদের জমি থেকে মাটি নেয়া হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) তে তাদের অন্তর্ভূক্ত করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান তাদের আত্মীয়-স্বজনদের দিয়ে পিআইসি গঠন করেছেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ওই হাওরের পিআইসি গঠনের অনিয়মের বিষয়ে ইতোপূর্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন। কিন্তু কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন, ‘রবিবার কয়েকজন লোক এসে কথা বলে গেছেন। তবে লিখিত কোন অভিযোগ পাওয়া যায় নি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’  

  • [১]