স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ-সিলেট সড়কের চলাচলকারী মোটরযান ও সব ধরনের যানবাহনের দায়িত্বপ্রাপ্ত জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। চালকদের কাছ থেকে চাহিদামত চাঁদা না পেয়ে গাড়ির বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় এমন একটি ঘটনা ঘটে।
ঢাকা-মেট্রো-গ- ২৯-০৩৩৯ টয়েটা এলিওন কার গাড়ির রেজিস্ট্রেশন সঠিক না থাকার অজুহাত দেখিয়ে মামলা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অথচ ওই কারের রেজিস্ট্রেশনসহ সব ধরনের কাগজপত্র সঠিক আছে বলে দাবি করেছেন এর মালিক।
গাড়ির মালিক সুনামগঞ্জ শহরের হাছননগরের বাসিন্দা আতম তিমু বৃহস্পতিবার দুপুর ১২.৩২ মিনিটে নিজের ফেইসবুক পোস্টে লিখেছেন,‘আমার গাড়ির সব কাগজপত্র ঠিক থাকার পরও সকালে আমার চাচা গাড়িতে করে সিলেট যাওয়ার পথে রেজিস্ট্রেশন ফেইল বলে ৩০০০ টাকা ঘুষ দাবি করে। আমার মোবাইল বন্ধ থাকায় ড্রাইভার আমার সাথে যোগাযোগ করতে পারেনি। পরে এসআই মামলা দিল কিসের উপর আার আমার কি করণীয় সবার পরামর্শ চাই।’
এ প্রসঙ্গে কারের মালিক আতম তিমু দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘ আমার গাড়ির সব ধরনের কাগজপত্র সঠিক রয়েছে। জয়কলস পুলিশ ফাড়ির ওই পুলিশ কর্মকর্তা আমার গাড়ি আটকিয়ে চালকের কাছে ৩ হাজার টাকা দাবি করেছিল। মামলা দেয়ার আগে মিটমাট করার জন্য বলেছিলেন। চাহিদামত টাকা না দেয়ায় আমার গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামী ২ আগস্ট তারিখে মামলার জরিমানা দিয়ে গাড়ির কাগজপত্র নিয়ে হাজির থাকার জন্য উল্লেখ করা হয়েছে। এটা একটা চরম হয়রানী। কারণ আমার গাড়ির সব কাগজপত্র ঠিক থাকার পরও মামলা দেয়া হল।’
জয়কলস পুলিশ ফাড়ির ইনচার্য মো. শাহ জাহান বলেন,‘ওই গাড়িটি আটক করার পর সব কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। গাড়ির চালক তাৎক্ষণিক রেজিস্ট্রেশন কার্ড দেখাতে পারেনি। তাই এই ব্যবস্থা নেয়া হয়েছে। অর্থ চাওয়া ও অন্য কোন আলোচনা হয়নি। এসব অভিযোগ সঠিক নয়। ’