- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘জয়কে হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

সু.খবর ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার ষড়যন্ত্রের সঙ্গে দেশের যারা জড়িত তাদেরকে খুঁজে বের করার পর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন ও চারতলা থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ‘শফিক রেহমানকে যথার্থ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। জয়কে হত্যার জন্য যেখানে ষড়যন্ত্র করা হয়েছিল তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি তা গোয়েন্দা সংস্থার কাছে স্বীকারও করেছেন। তদন্ত চলছে; তার কতটুকু সংশ্লিষ্টতা ছিল তদন্তে তা বেরিয়ে আসবে। এই ষড়যন্ত্রের সাথে এদেশে যারা জড়িত আছে তাদেরকেও খুঁজে বের করা হবে। ২/৩ থেকে জনকে শনাক্ত করা হয়েছে;      তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে কোনো আইএসের জঙ্গি নেই, আইএসের কোনো সংগঠন নেই। তবে দেশীয় যে জঙ্গি রয়েছে আমাদের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে নিয়ন্ত্রণে রয়েছে। অনেকেই কারাগারে আছে। বিচারের মুখোমুখি হচ্ছে। এছাড়াও সাইবার ক্রাইম বন্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
মন্ত্রী সকাল সোয়া ১০টায় নাগরপুরে দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত ফায়ার সার্ভিস স্টেশন ও সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত চারতলা থানা ভবনের উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশ বিভাগের নবনির্মিত ১০১টি থানা ভবনের মধ্যে নাগরপুর থানা ভবন একটি।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী উপজেলা মিলনায়তনে এক সুধী সমাবেশে যোগ দেন। সেখানে আরও বক্তব্য রাখেন ডাক তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, খন্দকার আব্দুল বাতেন এমপি, মনোয়ারা বেগম এমপি, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাধারণ সম্পাদক কুদরত আলি, মুক্তিযোদ্ধা কমান্ডার সুজয়েত হোসেন প্রমুখ।

  • [১]