ইংল্যান্ডের বিরুদ্ধে স্মরণে রাখার মতো অভূতপূর্ব এক জয় পেয়েছে বাংলাদেশ। ক্রিকেট আসরের কুলীন শিরোমণি বিশেষ করে ক্রিকেট নামক খেলাটির জনক ইংল্যান্ডকে দুই দিন হাতে রেখে তিন দিনের মাথায়ই লজ্জাজনক পরাজয়ের স্বাদ উপহার দেওয়া বাংলাদেশ ক্রিকেট দলের সামর্থ্যরে পরিচায়ক। ইংল্যান্ডের বিরুদ্ধে এটিই বাংলাদেশের প্রথম টেস্ট জয়। চট্টগ্রাম টেস্টটি জিততে জিততে হেরে যাওয়ার যে আক্ষেপ তৈরি হয়েছিল অগণিত বাঙালি হৃদয়ে তার উপযুক্ত উপশম দিয়েছে ঢাকা টেস্ট। বাংলাদেশ যে হেলাফেলা আর অবজ্ঞা-অবহেলার পাত্র নয় সেটি গত কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে দেখিয়ে আসছে টিম টাইগার। কিন্তু কেন জানি আন্তজাতিক ক্রিকেট রাজনীতির কোন গুপ্ত চালে বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে খেলার সুযোগ দেয়া হচ্ছে না। বিদেশ ট্যুর তো থাকে একেবারেই না থাকার মতো। ক্রিকেটে তেমন অভিজাত না হয়েও ক্রিকেট রাজনীতিতে শক্তিধর ভারত নিজেদের দেশে বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে বরাবরই অনীহা দেখিয়ে আসছে। ররিবার ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের দাপুটে বিজয় লাভ নিশ্চয়ই ক্রিকেট ক্ষমতাধরদের নুতন করে ভাবাতে বসাবে। এখন নিশ্চয়ই একটি টেস্ট সিরিজ খেলার পর এক/দেড় বছর বসে থাকতে হবে না আমাদের। এমন এক স্বস্তিদায়ক বীরদর্পী বিজয়ের জন্য অভিনন্দন জানানোর যোগ্য শব্দ আমাদের জানা নেই। আমরা শুধু আজ নতমাথা শুভেচ্ছার অঞ্জলি দিতে চাই টিম টাইগারকে। অভিনন্দন… অভিনন্দন… অভিনন্দন।
চট্টগ্রাম ও ঢাকা টেস্টের বিষ্ময়কর আবিস্কার মেহেদি হাসান মিরাজ। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে ইতোমধ্যে সে বাহাতি অফস্পিনার হিসাবে বিশ্বরেকর্ডের গর্বিত মালিক। চট্টগ্রাম ও ঢাকা টেস্টে দুই জায়গাতেই বাংলাদেশের স্পিনাররা দাপট দেখিয়েছে। বলা ভাল স্পিনারাই ছিল ভাগ্যনিয়ন্ত্রক। ফাস্ট বোলিংয়ে মোস্তাফিজের পর স্পিনে মিরাজের আবিষ্কার নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের ভিত্তিকে আরও শক্ত করবে। মাত্রই কিছুদিন আগে অনুর্দ্ধ ১৯ জাতীয় দলকে নেতৃত্ব দেওয়া মেহেদি হাসান মিরাজের এই রাজকীয় অভিষেককে আমরা বিপুলভাবে অভিনন্দিত করছি।
স্পিন এ্যাটাকের উপর অতিরিক্ত নির্ভরশীলতা আরেক অর্থে দুশ্চিন্তার কারণও বটে। বিশেষ করে ইউরোপ-অষ্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড-ইংল্যান্ডের উইকেটে খেলে আধিপত্য ধরে রাখতে হলে অতিরিক্ত স্পিন নির্ভরতা কমিয়ে ফাস্ট বোলিংকে গুরুত্ব দিতে হবে। টেস্টের জন্য উপযুক্ত সংখ্যক ফাস্ট বোলারের প্যানেল তৈরি করতে হবে। বিসিসিবি নিশ্চয়ই এই চিন্তা করছে। আমাদের টিমকে হতে হবে একদিকে ভারসাম্যপূর্ণ অন্যদিকে বৈচিত্রময়। অর্থাৎ যখন যে উইকেটে যেরকম খেলোয়াড় প্রয়োজন সেরকম খেলোয়াড়ের জোগান দেওয়ার সামর্থ অর্জন করা এখন জরুরি। সারা দেশে টেলেন্ট হান্ট কার্যক্রম জোরদার করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের উপর এখন জোর দিতে হবে। একই সাথে দেশের ভিতরে প্রতিযোগিতামূলকভাবে তিন/চার দিনের ক্রিকেট আসরের আয়োজন করতে হবে নিয়মিত।
একটি বিজয়ের আনন্দ উৎসবের মুহূর্তে আমরা আর কোন তত্ত্বকথা কপচাতে চাই না। আমরা এই জয়কে উদযাপন করতে চাই। ধরে রাখতে চাই। সামনের নিউজিল্যান্ড ট্যুরে এই ধরনের আরও জয় দেখতে চাই। আমরা চাই আন্তর্জাতিক ক্রিকেটসূচীতে বাংলাদেশ যাতে সারা বছর ব্যস্ত থাকে সেইরকম অবস্থা। ক্রিকেট এখন নিছক শুধু একটি খেলা মাত্র নয়। ক্রিকেট এখন বাংলাদেশের ব্র্যান্ড এম্বেসেডর। বাংলাদেশকে সারা বিশ্বে ইতিবাচকভাবে তুলে ধরার এক অনন্য উপকরণ এই ক্রিকেট। শুধুমাত্র ক্রিকেটকে কেন্দ্র করেই অর্থনৈতিক কর্মকা-ও আজ নেহায়েৎ কম নয়। ঢাকা টেস্টে জিতে বাংলাদেশ যে নতুন অভিযাত্রা শুরু করলো সেটির ধারাবাহিক অগ্রগতিই আজ আমরা কামনা করি। জয়তু: ক্রিকেট। জয়তু: বাংলাদেশ।