ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুরে হাফিজ জহিরুল ইসলাম স্মৃতি পরিষদের উদ্যোগে ২য় তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত বাদেহরিপুর মসজিদ প্রাঙ্গণে এ তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিখানার সভাপতি আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান কাসেমী।
মরহুম জহিরুল ইসলাম বাদেহরিপুর গ্রামের হাজ্বী হরমুজ আলীর ছোট ছেলে ও বরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলামের ছোট ভাই। জহিরুল ইসলাম ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ইন্তেকাল করেন। বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মোহতামিম জহিরুল ইসলাম হাওরপাড়ের দ্বীনি শিক্ষায় অবদান রাখায় তাঁর প্রিয় ছাত্রদের উদ্যোগে গত বছর গড়ে তুলেন হাফিজ জহিরুল ইসলাম স্মৃতি পরিষদ। সংগঠনটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডনের হাইড মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল মালিক। যিনি জহিরুল ইসলামের ডাকে সাড়া দিয়ে ২০১৭ সালে বাদেহরিপুর হাফিজিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিখানা পরিদর্শনে এসেছিলেন। আর মাদ্রাসাটির উন্নয়নে রেখেছিলেন বিশেষ অবদান। শনিবারের তাফসিরুল কোরআন মাহফিলে তিনি লন্ডন থেকে মুঠোফোনে মাদ্রাসা ও স্মৃতি পরিষদ এবং উপস্থিত মুসুল্লীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য প্রদান করেন। তাঁর বক্তব্যে এলাকাবাসী সন্তুষ প্রকাশ করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেনের পরিচালনায় তাফসিরুল কোরআন মাহফিলে নসিহত পেশ করেন, হাফিজ মাওলানা সালাহ উদ্দিন নয়নপুরী, হাজিফ মাওলানা ওয়ালি উল্লাহ মাসুম, মাওলানা মুফতী হামিদুল হক রাহমানী, মাওলানা জাকির হুসাইন, মাওলানা আবুল হাসান ও হাফিজ মাওলানা হাফিজুর রহমান। পরে হাফিজ জহিরুল ইসলামসহ এলাকার মোর্দাগণের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত হয়।