স্টাফ রিপোর্টার
দিরাই-শাল্লা উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তাকে সমর্থন করে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন জাসদ (আম্বিয়া-প্রধান) জেলা কমিটির সাধারণ সম্পাদক সালেহীন আহমদ চৌধুরী শুভ।
মঙ্গলবার দুপুরে নিজ গ্রাম দিরাই উপজেলা ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর গ্রামে
গিয়ে ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় স্বাধীনতার প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তাকে বঙ্গবন্ধুর নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ করেন। এসময় দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাদেকর রহমান চৌধুরী আওয়ামী লীগ ও জাসদ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সালেহীন আহমদ চৌধুরী শুভ ভোটারদের বলেন, যারা স্বাধীনতা বিরোধী এবং জঙ্গীদের মদদদাতা তাদেরকে আপনারা বর্জন করে নৌকা প্রতীকে ভোট দিবেন। বঙ্গবন্ধুর আদর্শের নৌকাকে আগামী ৩০ তারিখ ভোট দিয়ে দিরাই শাল্লাবাসী প্রমাণ করে দিবে এই আসনটি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। এখানে জামায়াত শিবিরের সমর্থনকারী প্রার্থীকে দিরাই শাল্লার মানুষ ভোট দিবে না।
উল্লেখ্য, দিরাই-শাল্লা উপ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছিলেন জাসদ (আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী শুভ। তবে দলটি নির্বাচন কমিশনের নিবন্ধিত দল না হওয়ায় তার মনোনয়ন বাতিল করে দেয় রিটার্নিং অফিসার।