- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জয়-পরাজয়ে বিএনপি’র ভোট ফ্যাক্টর হতে পারে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত জনপ্রতিনিধিদের ভোট ফ্যাক্টর হয়ে পড়তে পারে বলে অভিজ্ঞরা মনে করছেন। বিএনপি’র দায়িত্বশীলরা দাবি করেছেন জেলার ৮৭ ইউনিয়ন, ১১ উপজেলা ও ৪ পৌরসভায় নিজেদের ৩২৮ জন জনপ্রতিনিধি রয়েছেন। অর্থাৎ সুনামগঞ্জ জেলা পরিষদে বিএনপি’র ভোটার ২৭ শতাংশ।
বিএনপি’র দায়িত্বশীল নেতৃবৃন্দের দেওয়া তথ্য অনুযায়ী দক্ষিণ সুনামগঞ্জে বিএনপির ইউপি চেয়ারম্যান ১ জন এবং সদস্য ৪০ জন। বিশ্বম্ভরপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ৩ জন এবং সদস্য ১৪ জন। সুনামগঞ্জ সদরে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ চেয়ারম্যান ৫ জন, সদস্য ৫০ জন। জামালগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ চেয়ারম্যান ২ জন এবং সদস্য ২০ জন। ছাতকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ চেয়ারম্যান ২ এবং সদস্য ৪২ জন, দোয়ারাবাজারে চেয়ারম্যান ৪ এবং সদস্য ৩০ জন। দিরাই ও শাল্লায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ৮ এবং সদস্য ৫৫ জন। ধর্মপাশায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ ইউপি চেয়ারম্যান ৪ জন এবং সদস্য ৪৭ জন। তাহিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ চেয়ারম্যান ৬ জন এবং ইউপি সদস্য ৪০ জন। ছাতক পৌরসভায় কাউন্সিলর ২, জগন্নাথপুরে কাউন্সিলর ১ এবং সুনামগঞ্জ পৌরসভায় বিএনপি সমর্থক কাউন্সিলর ২ জন।
জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সদর উপজেলা           পরিষদ চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, বিএনপি’র সাবেক নির্বাহী কমিটির সদস্য ডা. রফিক চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ বিএনপি’র সভাপতি ফারুক আহমদ এবং জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দি’র দেওয়া তথ্য অনুযায়ী বিএনপি সমর্থক জনপ্রতিনিধি ৩২৮ জন।
অবশ্য. কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন,‘আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করিনি। এই নির্বাচন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ’।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নিজের পরিচয় উল্লেখ না করার অনুরোধ জানিয়ে বলেন,‘আওয়ামী লীগের দলীয় সমর্থিত প্রার্থীকে চ্যালেঞ্জ করে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। দুজনেই নিজেদের আওয়ামী লীগার দাবি করায় আওয়ামী লীগের ভোটে বিভক্তি হতে পারে। এক্ষেত্রে বিএনপি’র জনপ্রতিনিধিদের ভোট জয়-পরাজয়ে ভূমিকা রাখবে’।

  • [১]