দিরাই সংবাদদাতা দিরাই উপজেলায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে কার্তিক রঞ্জন তালুকদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার জগদল ইউনিয়নের রাজনাও গ্রামের বাসিন্দা ও ক্ষিতিশ তালুকদারের দ্বিতীয় সন্তান।
জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় রাজনাও গ্রাম থেকে বাওয়া ছোট নৌকাযোগে পাশ^র্বর্তী রতনগঞ্জ বাজারে যাচ্ছিলেন কার্তিক রঞ্জন তালুকদার। নৌকাটি গ্রাম সংলগ্ন ব্রীজের পাশে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকার সহযাত্রীরা নিহত কার্তিক রঞ্জন তালুকদারের ছেলেকে বাচাঁতে পারলেও কার্তিক রঞ্জন দাস ঘটনাস্থলে নিখেঁাজ হন। স্থানীয়রা মাছ ধরার জাল ফেলে ডুবে যাওয়া জায়গার কিছু দূর থেকে কার্তিক রঞ্জন তালুকদারের মৃতদেহ উদ্ধার করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলু বলেন, নৌকাডুবির খবর পেয়ে আমি সাথে সাথে ঘটনাস্থলে যাই। স্থানীয় জেলেদের মাছ ধরার জাল ফেলে লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, এখন আমি নিহতের পরিবারসহ দিরাই থানায় আছি। আইনানুগ কার্যক্রম শেষে লাশ সৎকারের জন্য পরিবারের কাছে তুলে দেয়া হবে।
এ প্রসঙ্গে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরিবারের লোকজন চাইছে বিনা ময়নাতদন্তে লাশ সৎকার করতে। এ ব্যাপারে অনুমোদনের জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবরে আবেদন করা হয়েছে। আবেদনের সিদ্ধান্ত আসার পরই পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।