- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝরা পাতার পান্ডুলিপি শরণার্থী-৭১

সুখেন্দু সেন
কলকাতা পর্ব-৩
করপোরেশনের স্বীকৃত নাম সুন্দরী মোহন এভিনিউ। এন্টালী বলে পরিচিত এলাকায় সিআইটি রোডের ১৪ নম্বর বাড়িটিতে অবস্থান করছেন বাংলাদেশ প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ এবং মন্ত্রীসভার অন্য সদস্যরা। ৮নং থিয়েটার রোডে বাংলাদেশ সরকারের প্রধান দপ্তরÑসচিবালয়। এই দুটি মিলেই মুজিবনগর। বর্তমান সময়ে সারাবিশ্বের মনযোগ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ঝানু-ঝানু সাংবাদিকেরা ছুটে এসেছেন। যাচ্ছেন সীমান্তে, ঘুরছেন শরণার্থী শিবিরে, কথা বলছেন রাজনৈতিক নেতা, মন্ত্রীসভার সদস্যদের সাথে। রিপোর্ট পাঠাচ্ছেন লন্ডন, প্যারিস, নিউইয়র্ক, টোকিও, ওয়াশিংটনে। সিআইটি রোড বা থিয়েটার রোডের ঠিকানা উল্লেখ নেই কোথাও। লিখছেন মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, বিপ্লবী সরকার। এ এক অলিখিত সমঝোতা। হতে পারে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন সহযোগিতা।
১৭ই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলার ছায়াঘেরা আ¤্রবনে শতাধিক বিদেশী সাংবাদিকের উপস্থিতিতে যেখানে বাংলাদেশ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল প্রকৃতপক্ষে সেটিই মুজিবনগর নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। কিন্তু শপথ গ্রহণের ঘন্টাখানেকের মধ্যেই পাকবাহিনী সে স্থানটি দখল করে নেয়। তখন প্রবাসী সরকারের অবস্থান ছিল বালিগঞ্জ সার্কুলার রোডের ৫৭/৮ দ্বিতল বাড়িটিতে। পরে সেটি ছেড়ে দেওয়া হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য। ১১ জ্যৈষ্ঠ (২৫শে মে) বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে এই কেন্দ্র থেকে স্বাধীন বাংলা বেতারের কার্যক্রম শুরু হয় মিডিয়ামওয়েভ ৩৬১.৪৪ মিটার ব্যান্ডে। কঠোর গোপনীয়তা রক্ষা করা হতো বেতার কেন্দ্রের। ১৬ ডিসেম্বর বিকেলে শিল্পী কলাকুশলীরা জয়বাংলা শ্লোগান দিতে দিতে একযোগে রাস্তায় বেরিয়ে আসার আগ পর্যন্ত কেউ জানত না এখানে এতোদিন কি ঘটে গেছে। মুক্তিযুদ্ধের প্রাণ সঞ্চালন হতো এখান থেকে। রণাঙ্গণের যোদ্ধাদের উদ্দীপ্তকরণে, শরণার্থী শিবিরে অসহায় মানুষদের মনোবল জিইয়ে রাখতে, অবরুদ্ধ দেশের মানুষের মনে আশার আলো জ্বালিয়ে রাখতে, প্রবাসী সরকারের মুখপাত্র হিসাবে এখানেই তৈরী হতো দৈনন্দিন অনুষ্ঠান সম্ভার। পরে অন্য কোন অজ্ঞাত স্থান থেকে তা সম্প্রচার করা হতো সেটি জানতেন না বেতারকর্মীরাও। পালাক্রমে দুজন বাহক এসে নিয়ে যেত টেপগুলি। রাস্তায় অপেক্ষা করে থাকতো একটি গাড়ি।
৯ নম্বর সার্কাস এভিনিউতে বাংলাদেশ মিশন। আগে সেটি ছিল পাকিস্তান সরকারের ডেপুটি হাইকমিশন অফিস। এখন সেখানে উড়ছে স্বাধীন বাংলার পতাকা। তখনও আমরা দেশত্যাগ করে শরণার্থী হইনি। শহর ছেড়ে গ্রামে। প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী লুঙ্গি শার্ট পরিহিত তাজউদ্দিন আহমদের সাথে গঙ্গার তীরে আউট্রাম ঘাটে গোপনে স্বাক্ষাত করেন কলকাতায় নিয়োজিত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার হোসেন আলী। সন্ধ্যায় গাছের ছায়ার আলো আঁধারীতে দেড় ঘন্টা আলোচনা শেষে সিদ্ধান্ত জানালেন তিনি,Ñমিশনের ৬৫ জনকর্মী সহ পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করবেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানকে বড় ধরনের ধাক্কা দেওয়ার মতো ঘটনা। হোসেন আলীকে অনুসরণ করে পরবর্তীতে লন্ডন, নিউইয়র্ক, ওয়াশিংটন, বাগদাদ, ব্যাংকক, জাকার্তা, হংকং ও ইউরোপের বিভিন্ন স্থানে পাকিস্তান পক্ষ ত্যাগ করে বাঙালি কূটনীতিকরা বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে থাকেন। ১৮ই এপ্রিল রবিবার। হাজার খানেক মানুষের মিছিল এগিয়ে যাচ্ছে পাকিস্তান ডেপুটি     
হাইকমিশন অফিসের দিকে। মিছিলের সামনে হেমন্ত মুখপধ্যায়, সুচিত্রা মিত্র সহ নামিদামি শিল্পীরা গাইছেন,‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি..।’ মিশনের সামনে এসে মিছিল পরিণত হয় গণজমায়েতে। সহ¯্র জনতার মুহুর্মুহু জয়বাংলা ধ্বনির মধ্য দিয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে হোসেন আলী তুলেন স্বাধীন বাংলার পতাকা। আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে রাত ৮টার স্থানীয় সংবাদে দেবদুলাল বন্দোপাধ্যায়ের ভরাটকন্ঠে অনুষ্ঠানের বিবরণ শুনে কি বুঝে যেন উল্লসিত হয়ে উঠেছিল খবর শুনতে ভীড় করা গ্রামের লোকজন। একই ভাবে আগের দিন শোনা হয়েছিল প্রবাসী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের সংবাদ। উল্লাসও হয়েছিল। ভোটে জেতারা সরকার বানিয়েছে, আর ঠেকায় কে। এবার পাঞ্জাবীরা দেশ ছাড়বে। না, এতো সহজে তা হয়নি। ৫ দিনের মাথায় আমাদেরকেই দেশ ছাড়তে হয়েছিল।
কিড স্ট্রিটে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার এমএলএ হোস্টেলে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের অনেক এমএনএ, এমপিএ, রাজনৈতিক নেতা, ছাত্রনেতা, সরকারী কর্মকর্তা। ছড়িয়ে ছিটিয়ে আছেন আরো অনেকেই বিভিন্ন দিকে। আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রাথমিক আশ্রয়ের ঠিকানা মহাত্মা রোডের হোটেল শ্রী নিকেতন, শিয়ালদার প্যারাডাইস হোটেল।
সারা কলকাতা জুড়েই ওপার বাংলার মানুষ। দেশের সীমা ছাড়িয়ে আরেক বাংলাদেশ। অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের যেমন ভীড়, তেমনি শরণার্থী হয়ে আসছেন শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সামরিক, বেসমরিক কর্মকর্তা ও রাজনীতিকরা। কলকাতার সমগোত্রীয়রা এগিয়ে এসেছেন, সাহায্য সহযোগিতা করছেন, আশ্রয় দিচ্ছেন কেবল যে রাজনৈতিক কারণে তা ন্য়। মানবিক ব্যাপার তো নিশ্চয়ই, তার চেয়ে বড় ছিল নাড়ির টান। এখানকার প্রভাবশালী রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, অধ্যাপক, খ্যাতিমান সাংবাদিক সমাজসেবী অনেকেরই পূর্বাশ্রম পূর্ববঙ্গে। জন্মেছেন পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষা, বুড়ীগঙ্গা, আড়িয়াল খাঁ, সুরমা, কুশিয়ারা, কালীগঙ্গা, ইছামতি, আত্রাই, কপোতাক্ষ নদী তীরের কোন সবুজ শ্যামল গাঁয়ে। দেশভাগ তাদেরকে নাড়ি ছিঁড়ে বিচ্ছিন্ন করে এপাড়ে ঠেলে দিয়েছে। কিন্তু এক সময় দুই বঙ্গের অনেকেই একসঙ্গে রাজনীতি করেছেন, জেল খেটেছেন, ছিলেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সহপাঠি, বন্ধু, খেলার সাথী। কতো মধুময় স্মৃতি লেপ্টে আছে অন্তরজুড়ে। অনেকের বন্ধুত্ব রয়েছে অটুট। রয়ে গেছে যোগাযোগ। ২৫ শে মার্চ মধ্য রাতের পর ঢাকাসহ অন্যান্য স্থানে পৈচাশিক হত্যাযজ্ঞ শুরু হলে সঙ্গে সঙ্গেই প্রতিবাদ হয় এপাড় বাংলায়। উদ্বেগ আর উৎকন্ঠা তো ছিলই, জানানো হয়েছে তাৎক্ষণিক প্রতিবাদ বেরিয়েছে মিছিল, ডাকা হয়েছে বন্ধ। পালিত হয়েছে অনশন। বাঙালির এই দুর্দিনে এপাড় বাংলার বাঙালিদের দায়িত্ব পালনের সাথে আবেগের তাড়নাও যুক্ত ছিল। আশ্রয় দিয়েই কর্তব্য শেষ করেনি ছুটে গিয়েছে সীমান্তে, ঘুরেছে এক শিবির থেকে অন্য শিবিরে, খুঁজে ফিরেছে স্বজনদের, মাথা পেতে দায়িত্ব নিয়েছে অভ্যর্থনা কেন্দ্র, যুব শিবির, প্রশিক্ষণ শিবিরের। যোগান দিয়েছে খাদ্য, ঔষধপত্র ও চিকিৎসার। কেন্দ্রের উপর চাপ দিয়েছে বাংলাদেশকে স্বীকৃতির। যুদ্ধের ঝুঁঁকি সত্বেও দাবি জানিয়েছে সামরিক সহায়তার।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ড. সত্যন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে গঠিত হয় বাংলাদেশ সহায়ক সমিতি। সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ চক্রবর্তী। সংগঠনটি কলকাতা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক হলেও এর বিস্তৃতি ও প্রভাব ছিল সারা ভারত জুড়ে। তাদের আহবানে সাড়া দিয়ে দেশের সকল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এক দিনের বেতন তুলে দেন সমিতির তহবিলে। পরিমাণ চৌদ্দ লক্ষ রুপী। সর্বপ্রথম চাঁদাদাতা উপাচার্য্য ডা. এসএন সেন। মুক্তিযুদ্ধের সমর্থনে, বাংলাদেশকে স্বীকৃতির প্রশ্নে জনমত গঠনের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বড়বড় শহরে সভা সেমিনার প্রদর্শনীর আয়োজন করে এই সমিতি। সকল শরণার্থী শিক্ষক অধ্যাপকের তালিকাভূক্ত করে অনেককে সম্মানী প্রদান, গেস্ট লেকচারার হিসাবে নিয়োগের ব্যবস্থাও করে দেয়। সহায়ক সমিতি বেশ কয়েকটি পুস্তিকা প্রকাশ করে। সাড়া জাগানো বইটি ছিল ‘বাংলাদেশ দি ট্রুথ’। একটি কুকুর এক মহিলার মৃতদেহ ছিড়ে খাচ্ছে এমন মর্মস্পর্শী প্রচ্ছদে পাক বাহিনীর নৃশংস গণহত্যার সচিত্র বিবরণ প্রেরণ করা হয় বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্বের অধ্যাপক ফাদার পিয়ের ফেলো পাকবাহিনীর নৃশংসতা ও শরণার্থীর দুরবস্থার বিবরণ জানানোর জন্য ছুটে যান পোপের কাছে।
ভারতে আশ্রয়গ্রহণকারী বাংলাদেশের শিক্ষকদের নিয়ে গঠন করা হয় বাংলাদেশ শিক্ষক সমিতি। ড. এআর মল্লিক সভাপতি ও ড. আনিসুজ্জামান সম্পাদক, ড. মুজাফফর আহমদ, ড. সরোয়ার মুর্শেদ, অধ্যাপক সৈয়দ আলী আহসান, ড.অজয় রায়, হেনা দাস, অধ্যাপক আব্দুর রাজ্জাক, মো. কামরুজ্জামান, সনৎ সাহা সহ অনেকে যুক্ত ছিলেন সমিতির নেতৃত্বে। অনেক শিক্ষক শরণার্থী শিবিরে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব নেন। প্রায় ৭’শ জন শিক্ষক বিভিন্ন শরণার্থী শিবিরে মনোবল জিইয়ে রাখতে, মুক্তিযোদ্ধা অভ্যর্থনা কেন্দ্রে, প্রশিক্ষণ শিবিরে, পলিটিক্যাল মটিভেটর হিসাবে নিযুক্ত হয়েছিলেন। ভারতের বিভিন্ন শহরে এবং আন্তর্জাতিক সভা সেমিনারেও যোগ দেন নেতৃস্থানীয় অধ্যাপককেরা। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে অনুরোধ জানান বাংলাদেশকে স্বীকৃতির।
আরেকটি সংগঠন বাংলাদেশ ছাত্র সংগ্রাম সহায়ক সমিতি গঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে। সভাপতি উপাচার্য্য ড. সত্যেন্দ্রনাথ সেন এবং সম্পাদক নিখিল ভারত ছাত্র পরিষদ (কংগ্রেসের ছাত্র সংগঠন) এর সভাপতি তুখোড় ছাত্রনেতা সুব্রত মুখার্জী। উভয় সমিতির কার্যালয় বিশ্ববিদ্যালয়ের দারভাঙা হলের দোতলায়। কলকাতা যাওয়ার পর থেকেই নিয়মিত যাতায়াত ছিল ছাত্র সংগ্রাম সমিতির কার্যালয়ে। একটা কাজও দেয়া হয়েছিল আমাকে। সেই সাথে বসার জায়গা, রেজিস্টার। বিশ্ববিদ্যালয়ের আরও দু’তিন জন নিয়োজিত রয়েছেন এখানে। শরণার্থী হয়ে আসা কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নাম রেজিস্ট্রেশন এবং যারা মুক্তিযুদ্ধে যোগ দিতে ইচ্ছুক তাদেরকে যুবশিবিরে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করা। মোটামুটি সহজ কাজ, কিছুটা কঠিন দায়িত্ব। আগন্তুক কট্টর চীনাপন্থি বা পাকিস্তানী কোন চর কিনা যাচাই করে দেখতে হবে আগেভাগে। তাই করা হতো। তবে এখানে যারা আসতো বেশিরভাগই নিজেদের এলাকার এমএনএ, এমপিএ রাজনৈতিক নেতা, ছাত্রনেতাদের খোঁজ করতো। তাদের বেলায় রেজিস্ট্রেশন করেই দায়িত্ব শেষ। নেতাদের খোঁজ খবর দেওয়ার ব্যাপারে আমাদের কিছু করার নেই। বরং অনেক ক্ষেত্রে গোপনীয়তা ছিল। অনেক রাজনৈতিক নেতা সক্রিয় বুদ্ধিজীবী সাহিত্যিক এখানে ছদ্মনাম ব্যবহার করতেন। তবুও সহমর্মিতা, সহযোগিতার দ্বার একেবারে বন্ধ নয়। শরণার্থী সবার জন্য উন্মুক্ত ছিল ৪৫ প্রিন্সেস স্ট্রিটে প্রবাসী সরকারের ত্রাণ পুনর্বাসন মন্ত্রণালয়ের দপ্তর। অনেক রাজনৈতিক নেতার আশ্রয়স্থলও সেটি। সন্ধানপ্রার্থীদের সেখানে গিয়ে খোঁজ নেওয়ার পরামর্শ দিতাম। কতো নম্বর বাসে যেতে হবে, কোন ট্রামে চাপতে হবে সেটিও বাৎলে দেওয়া হতো। ভাড়ার ঘাটতিতে বিপন্নদের জন্য পরামর্শÑকিছুটা সামনে এগিয়ে নির্মল চন্দ্র স্ট্রিট ধরে ধর্মতলার দিকে ত্রিশ চল্লিশ মিনিট হেঁটে গেলে ডান দিকের যে বাড়িটিতে শরণার্থীর আনাগোনা ভীড় দেখা যাবে সেটিই পুনর্বাসন দপ্তর। ক্ষেত্র বিশেষে আরেকটু বাড়তি যোগ করতেও কার্পন্য নেই। স্থানীয় লোকজন বা ফুটপাতের দোকানীদের কাছে ডা. বিধান চন্দ্র রায়ের বাড়ি কোনটি সেটি জিজ্ঞেস করে করে এগিয়ে গেলে পৌঁছা যাবে যথাস্থানে। পোষ্ট অফিসের দোতলায় পাওয়া যাবে মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়।
নূরে আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, মতিয়া চৌধুরী, নুরুল ইসলাম নাহিদ সহ বেশ ক’জন ছাত্রনেতা এসেছেন বিশ্ববিদ্যালয়ে। বসেছেন ছাত্র সংগ্রাম সমিতির কার্যালয়ে। মতিয়া চৌধুরীকে এর আগে দু’বার দেখেছি সুনামগঞ্জে। বক্তৃতাও শুনেছি। অনর্গল কন্ঠ নি:সৃত আগুন ঝরা শব্দাবলী কেমন উত্তাপ ছড়িয়ে দিত জনসভাগুলিতে। নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনেছি একবারই, সিলেটে। আলংকারিক শিল্পীত বাক্য আর ছন্দময় আবেগ, পদ্মা-মেঘনার ঢেউয়ের মতো উদ্বেলিত করে তুলত ছাত্র জনতাকে। দুজনের বক্তৃতারই মুগ্ধ ভক্ত আমি। অনুকরণ করে বলতেও পারতাম। তবে পরিচয় নেই কারো সঙ্গেই। এখানেই ঘটে দুই-এক জনের সাথে আলাপের যৎসামান্য সুযোগ। এ অবস্থায় কে কোথায় থাকেন তা জেনে রাখা আমার কর্ম নয়। সংকটে দুর্যোগে নেতারাই তো খোঁজ নেবেন দুর্গতদের।
চার খলিফা বলে পরিচিত ছাত্র সংগ্রাম পরিষদের চার নেতা, অগ্নিকন্যা নামে খ্যাত মতিয়া চৌধুরীর বিপুল জনপ্রিয়তা কলকাতায়। বিশ্ববিদ্যালয় চত্বরে বিশাল জনসভায় ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ, নিখিল ভারত যুব কংগ্রেসের সভাপতি প্রিয়রঞ্জন দাশমুন্সি বক্তৃতা করেছিলেন। দু’দেশের আরো কয়েকজন ছাত্র নেতাও ছিলেন। সারা কলেজ স্ট্রিট এলাকা স্লোগানে মিছিলে সরগরম হয়ে উঠেছিল সেদিন। পাকিস্তানীদের দীর্ঘ শোষণ-নিপীড়ন, অন্যায়-অবিচার, মুক্তিযুদ্ধের অনিবার্যতা, নৃশংস গণহত্যা, প্রাণ রক্ষার তাগিদে লক্ষ লক্ষ নরনারীর দেশত্যাগের হৃদয় বিদারক বর্ণনা এবং বাংলাদেশকে স্বীকৃতি দান ও মুক্তিকামী জনগণের পাশে দাঁড়ানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহবান জানানো হয় সভা থেকে। কোন এক বক্তা রোকেয়া হলের ছাত্রী বীরাঙ্গনা রোশন আরার বুকে মাইন বেঁধে পাকিস্তানী ট্যাংক ধ্বংস করার আবেগময় বর্ণনাও দেন। রওশন আরার গল্প তখন রূপকথার মতো ছড়িয়ে ছিল কলকাতায়। পরবর্তিতে ভাগীরথী কাহিনী। পিরোজপুরের বাল্য বিধবা ভাগীরথীর সাহসিকতা, দেশপ্রেম এবং মর্মন্তুদ পরিণতি সবার অন্তর ছুঁয়ে যেত।
পশ্চিমবঙ্গের অজয় মুখার্জীর সভাপতিত্বে গঠিত হয় বাংলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক সমিতি। কার্যকরী সভাপতি উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিংহ নাহার। কোয়ালিশন সরকারের বিভিন্ন শরীক দল থেকে সম্পাদক ছিলেন ৫ জন। ৩৪ ইন্ডিয়ান মিরর স্ট্রিটে ছিল এর দপ্তর।
আফ্রোএশিয় লেখক সংঘ, প্রগতি লেখক সংঘ, শান্তি সংসদ, পরিচয়ের উদ্যোগে গঠিত হয় শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী সহায়ক সমিতি। বরেণ্য সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায়, অন্নদাশংকর রায় সংশ্লিষ্ট ছিলেন এতে। ১৪৪ লেলিন সরণীতে ছিল সমিতির কার্যালয়। বুদ্ধদেব বসু, নিরেন চক্রবর্তী, শক্তি চট্টপাধ্যায়, গোলাম কুদ্দুছ, সুনীল গঙ্গোপাধ্যায়, মুস্তফা সিরাজ, তরুণ সান্ন্যাল, শঙ্খ ঘোষেরা এগিয়ে এসে কলম ধরেছিলেন মুক্তি সংগ্রামের পক্ষে জনমত গঠনে। বিকাশ ভট্টাচার্য্য, গনেশ পাইন, প্রকাশ কর্মকারের মতো শিল্পীরা কলকাতার ফুটপাতে দাঁড়িয়ে ছবি এঁকে বিক্রি করে সে অর্থ পৌঁছে দিয়েছেন শরণার্থীদের কাছে। শিল্পী বাঁধন দাস ছবি আঁকা ছেড়ে ডাক্তার বন্ধুকে সঙ্গে নিয়ে বনগাঁও সীমান্তের শরণার্থী শিবিরে চালু করেন চিকিৎসা কেন্দ্র। রং তুলির পরিবর্তে গজ, ব্যান্ড এইড, ঔষধপত্র হাতে তুলে নিজে হয়ে যান কম্পাউন্ডার। অন্নদাশংকর রায়, মৈত্রেয়ী দেবী, সুভাষ মুখ্যোপাধ্যায়ের মতো কবি সাহিত্যিকেরা বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে তুলে দেন ত্রাণ তহবিলে। তারাশংকরের মতো লেখক রাস্তার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করে আহবান জানান, কলকাতার মানুষদের প্রতিÑরাজপথ, বস্তি, কুঠির অথবা অট্টালিকা যেখানেই আপনি থাকুন সাহায্যের হাত বাড়িয়ে দিন। জাদুশিল্পী পিসি সরকার (জুনিয়র) টানা তিন মাস জাদু প্রদর্শন করে সংগৃহীত অর্থ তুলে দেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। মানবতা যেখানে বিপন্ন বিবেক সেখানে নিস্পৃহ থাকে না। শিল্পী সাহিত্যিকেরা তো সোচ্চার হবেনই।
এই সমিতির সহায়তায় শরণার্থী হয়ে আসা শিল্পী ড. সানজিদা খাতুন, ওয়াহিদুল হক, অজিত রায়, আব্দুল জব্বার, আপেল মাহমুদ, শাহীন সামাদ, সৈয়দ হাছান ইমাম, মোস্তাফা মনোয়ারেরা গড়েন বাংলাদেশ মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থা। কলকাতা সহ বিভিন্ন স্থানে শরণার্থী শিবিরে, যুব শিবিরে অনেক উদ্দীপনামূলক অনুষ্ঠান করেন তারা। রবীন্দ্র সদনে রূপান্তরের গান নামক অনুষ্ঠান সাড়া জাগায় কলকাতায়। ট্রাকে করে গান গেয়ে শাহীন সামাদেরা টানা ৪২ দিন ঘুরে বেরিয়েছেন শিবিরে শিবিরে। কখনও মুক্তাঞ্চলে। কলকাতা আর্ট কলেজে ঠাঁই নেন বাংলাদেশের একদল চিত্রকর। অধ্যক্ষ চিন্তামনি করের সহায়তায় বিড়লা একাডেমীতে আয়োজন করা হয় শরণার্থী চিত্রকরদের আঁকা ছবির প্রদর্শনী।  
মহাত্মা গান্ধী রোডে সাহিত্য পত্রিকা পরিচয়ের কার্যালয় ছিল বাংলাদেশ থেকে আগত লেখক, অধ্যাপক, বুদ্ধিজীবীদের মিলন ক্ষেত্র। স্কটিশ চার্চ কলেজের অলিগভ ছাত্রাবাসের ঘরগুলি শরণার্থী বুদ্ধিজীবীদের থাকার জন্য ছেড়ে দিয়ে ছাত্ররা ঠাঁই নিয়েছিল কমন রুমে। হাজরা রোডে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পোষ্ট গ্রাজুয়েট ছাত্রদের হোস্টেলে শরণার্থী শিক্ষক, অধ্যাপকদের থাকার ব্যবস্থা, হিরন্ময়ী গার্লস হোস্টেলে শিক্ষিকাদের। পার্কসার্কাসে ব্যারিস্টার মাসুদ সাহেবের বাড়ির অর্ধেকটা ব্যবহৃত হতো শরণার্থী বুদ্ধিজীবীদের থাকার জন্য। শওকত উসমান, ডা. সানজিদা খাতুন, আহমদ ছফা, কামাল লোহানী সহ কয়েকজনের যাতায়াত ছিল ওখানে। বিপ্লব তীর্থ চট্টগ্রাম নামের একটি সংগঠন আনোয়ার শাহ রোডের সূর্যসেন ভবনে চট্টগ্রামের অনেক বিপ্লবীকে আশ্রয় দিয়েছিল। ওখান থেকে শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়া হতো ঔষধপত্র, খাদ্যদ্রব্য, কাপড়-চোপড়। নাচোলের রানী ইলা মিত্রের পার্ক সার্কাসের বাড়ি ছিল মুক্তি সংগ্রামীদের আরেক ঠিকানা। মনি সিংহ, অধ্যাপক মোজাফফর আহমদ, মতিয়া চৌধুরী, সাইফুদ্দিন মানিক, রনেশ দাশগুপ্ত, নুরুল ইসলাম নাহিদ, খোকা রায় সহ আরো অনেকে আসতেন। কেউ কেউ ঘাঁটি গেড়ে বসেন এখানেই। কলেজ স্ট্রিটের ভারত পূর্ব জার্মান মৈত্রী সমিতির কার্যালয়ে এসে উঠেন আগরতলা মামলার আসামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. মতিউর। সঙ্গী কুড়ি-পঁচিশ জন। তারা যুদ্ধে যাবেন। এলেঙ্গা লেনের বাসিন্দারা কয়েকদিনের জন্য তাদের খাবার সরবরাহের দায়িত্ব নেয়। টালিগঞ্জের নাকতলার শ্রীগুরু আশ্রম শরণার্থীদের আশ্রয় দিয়ে খাবারের ব্যবস্থা করেছিল সরকারী সাহায্য না পেয়েই।
সুরেন্দ্রনাথ ব্যানার্জী স্ট্রিটের র‌্যাডিয়েন্ট প্রসেস এর চত্বর ছিল আরেকটি যোগাযোগ কেন্দ্র। শরণার্থী সাংবাদিক, বুদ্ধিজীবীদের দিনের ঠিকানা, রাতের আস্তানা। এই প্রেস দিনরাত ব্যস্ত মুক্তিযুদ্ধের নানা কাগজপত্র ছাপানোর কাজে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রয়োজনে বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত হয়‘ বাংলাদেশ সহায়ক সমিতি’। রেডিয়েন্ট প্রসেস এর সত্বাধিকারী নিরোদবরণ মুখ্যোপাধ্যায় ছিলেন এর সহ-সভাপতি। এ সমিতি বাংলাদেশের ঘটনার উপর প্রকাশ করে ‘ব্লিডিং বাংলাদেশ’ নামের একটি বই। দেশ বিদেশের বিভিন্ন স্থানে সেটি প্রেরণ করা হয়। আওয়ামী লীগের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলা প্রকাশিত হতো ২১/এ, বালুহাক্কাক লেন থেকে। প্রকাশক ছিলেন টাঙ্গাইলের এমএনএ আব্দুল মান্নান। ন্যাপের পত্রিকা ‘নতুন বাংলা’। ছাপানো হতো নিউ এজ প্রিন্টার্স ও অভ্যূদয় প্রেস থেকে। কমিউনিস্ট পার্টির ‘মুক্তিযুদ্ধ’ ছাপিয়ে দিত কালান্তর প্রেস। প্যাট্রিয়ট পত্রিকার সাংবাদিক নিখিল চক্রবর্তীর সানি পার্কের বাড়িও ছিল বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আরেকটি লিঁয়াজো অফিস।
৪৫ প্রিন্সেস স্ট্রিটে প্রবাসী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান। তাঁর অধিনেই ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। স্বাস্থ্য দপ্তর এবং বাংলাদেশ রেডক্রস সোসাইটির দপ্তরও এখানেই। কলকাতা মেডিকেল কলেজের সহায়তায় পাকিস্তানি সেনাদের দ্বারা নির্যাতিতা নারীদের চিকিৎসার ব্যবস্থা নেয় রেডক্রস। সজেদা চৌধুরী, রাফিয়া আক্তার ডলি, বেগম বদরুন্নেছার উদ্যোগে তাঁদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়। ভারতের কেন্দ্রীয় সমাজকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী ড. ফুলরেনু গুহ, গৌরী আইয়ুব, মিরা দে, আভা মিত্রের সহায়তায় গড়িয়া হাট রোডের কর্মকুঠিতে শরণার্থী মহিলাদের হাতের কাজ সেলাই ইত্যাদি শেখানো হতো। এই কর্মকুঠির মাধ্যমেই টাকুরিয়ার জঙ্গলে এক বাড়িতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য ১’শত করে দুই ব্যাচ নারী প্যারামিলিটারী প্রশিক্ষণ নেয়। স্বাস্থ্য দপ্তর শরণার্থী শিবিরে চিকিৎসা সেবার জন্য অনেক বাংলাদেশী ডাক্তারকে নিয়োগ দেয়। দপ্তরের সাথে সংশ্লিষ্ট ডা. টি হোসেন, ডা. বদরুদ্দোজা চৌধুরী, ডা. আহমদ আলী, ডা. ননী গোপাল, ডা. চিত্তরঞ্জন ত্রিবেদী চিকিৎসা সেবায় নিরলসভাবে নিয়োজিত ছিলেন। মুক্তাঞ্চলে হাসপাতাল খোলার জন্য ডা. এটিএম জাফরউল্লাহ চৌধুরী লন্ডন থেকে চলে আসেন মুজিবনগরে।
পার্কসার্কাস এভিনিউতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর। মন্ত্রী খন্দকার মোস্তাক আহমদ। পররাষ্ট সচিব মাহবুবুল আলম চাষী। ২১/সি, লোয়ার সার্কুলার রোডে শিল্প ও বাণিজ্যে মন্ত্রণালয়। (চলবে)

  • [১]