- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝিমিয়ে পড়া অলির বাজার হারিয়ে যাওয়ার পথে- সংযোগ সড়ক নির্মাণের দাবি

আকরাম উদ্দিন
অলির বাজারের নাম পরিবর্তন করে আনিছার বাজারে নামকরণ হলেও ঝিমিয়ে পড়া বাজার এখনও জমে উঠেনি। দীর্ঘদিন ধরে এই বাজারে ক্রেতাদের ভাটা পড়েছে। প্রায় ৩ বছর আগে শহরের আব্দুজ জহুর সেতু নির্মাণ হওয়ার পর থেকে মোটর সাইকেলের যাত্রী ও ক্রেতা-বিক্রেতাদের ভিড় এখন আগের মতো নেই।
প্রায় ৩০ বছর আগে গ্রামের বাসিন্দা অলি মিয়ার দোকানী ব্যবসা থেকে এই বাজারের জন্ম। ব্যবসায় উদ্বুদ্ধ হয়ে অন্যান্য বাসিন্দারাও তাদের নিজস্ব জায়গায় ক্রমান্বয়ে দোকানপাট গড়ে তুলতে থাকেন। এক পর্যায়ে গ্রামীণ বাজারে পরিণত হয়। লোকমুখে বাজারের নাম প্রচারিত হয় ‘অলির বাজার’।
বাজারের আশপাশের বিভিন্ন গ্রামের মানুষজনসহ এই অলির বাজারে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হাজারো মোটর সাইকেলের যাত্রীদের সমাগম হতো। শহর থেকেও ক্রেতারা যেতেন এই অলির বাজারে। যাত্রী সাধারণের চা, মিষ্টি, নাস্তা এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পাওয়ার বাজার হিসাবে প্রতিষ্ঠা পায় এই অলির বাজার। জেলার বিভিন্ন স্থানে যাতায়াতের সুবিধার্থে       শহরের সাহেববাড়ি সেলুঘাটে সুরমা নদী পারাপারের ফেরি দিয়ে অলিবাজার পৌঁছে ভাড়া মোটর সাইকেল দিয়ে বিশ্বম্ভরপুর, তাহিরপুর এবং ধর্মপাশা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান বা দর্শনীয় স্থানে যাত্রা করার স্টেশন ছিল এই অলির বাজার। এতে বাজারের সুনাম ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। বারুণী মেলা বা সারপিনের মাজারে আগন্তুকের যাতায়াতের গাড়ির ষ্টেশন ছিল অলির বাজার। কিন্তু কালের বিবর্তনে এখন এই বাজারের নাম গন্ধ মুছে যাচ্ছে। এখন অলির বাজারে কোনো ক্রেতা-বিক্রেতা বা যাত্রী আসা-যাওয়ার প্রয়োজন বোধ করেন না। কারণ যাত্রী সাধারণের তিন উপজেলার প্রত্যন্ত এলাকায় যাবার আরও সহজ ব্যবস্থা হয়েছে। শহরের মল্লিকপুর এলাকায় আব্দুজ জহুর সেতু দিয়ে সহজে যাতায়াত করেন বাইরের ও স্থানীয় যাত্রী সাধারণ।
এই কারণে অলির বাজার এখন ক্রেতা শূন্য হয়ে পড়েছে। দোকানপাট গুটিয়ে নিয়েছেন অনেক ব্যবসায়ী। আবার কোনো কোনো ব্যবসায়ী দোকান মেলে বসে আছেন ক্রেতাদের আগমন বৃদ্ধি পাবে এমন প্রত্যাশা নিয়ে।
এ অবস্থায় বাজারের অংশ বিশেষ ক্রয়সূত্রে মালিকানা নিয়ে বাজারের নাম পরিবর্তন করে আনিছার বাজার নামকরণ হয়েছে। নির্মাণ হয়েছে আরও ছোট ছোট কয়েকটি টিনশেড মার্কেট। তবুও যেন বাজার জমে উঠছে না। এই বাজার আগের মতো জমিয়ে তুলতে প্রয়োজন দুইটি নতুন রাস্তা নির্মাণ। একটি আব্দুজ জহুর সেতু এলাকার সাথে সংযোগ রাস্তা, অপরটি চলতি নদীর ওপর ব্রিজ নির্মাণ করে পূর্ব সদরগড়ের সাথে সংযোগ রাস্তা নির্মাণ। তবেই এই বাজার আগের মতো জমে উঠবে বলে জানান বাজারের ব্যবসায়ীরা। প্রায় ১৫টি গ্রামের মানুষজনের আগমন এই আনিছার বাজারে। যারা এই বাজারে ব্যবসা নিয়ে টিকে আছেন তারা এখনও প্রতিদিন আগের মতো শাক-সবজি, লতা-পাতা, চাল-ডাল নিয়ে বিক্রি করতে বসেন। বাজার জুড়ে আছে সকল প্রকারের দোকানপাট। কিন্তু ক্রেতা সাধারণের আনাগোনা অনেকটা কম বলে জানান স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী ওসমানগণী, মনির মিয়াসহ অনেকে।
বাজার জমজমাট করে তুলতে বাজারের সাথে পূর্ব ও পশ্চিম দিকে দুইটি সংযোগ রাস্তা এবং চলতি নদীর অগ্রভাগে ব্রীজ নির্মাণ জরুরি প্রয়োজন। রাস্তার উন্নয়ন করে বাজারের সাথে জন যোগাযোগ নিশ্চিত করার দাবি বাজারের ব্যবসায়ীদের।  
স্থানীয় বাসিন্দা আছর আলী বলেন, ‘বাজারে এখন আরও কয়েকটি মার্কেট হয়েছে। আগের চেয়েও অনেকটা সুন্দর দেখতে আনিছার বাজার। ক্রেতাদের যাতায়াত সুবিধার জন্য জরুরি প্রয়োজন বাজারের সাথে সংযোগ রাস্তা নির্মাণ করে দেয়া। তবেই বাজার জমে উঠবে।’
অপর বাসিন্দা মো. রইছ মিয়া বলেন, ‘আনিছার বাজারে এখনও বেশ বিক্রেতা আসেন। বাজার জমিয়ে তুলতে হলে প্রয়োজন পূর্ব ও পশ্চিম দিকের দুইটি সংযোগ রাস্তা। এছাড়াও চলতি নদীর অগ্রভাগে ছোট একটি ব্রীজ নির্মাণ হলে সকল স্থানের মানুষের যোগাযোগ নিশ্চিত হবে। বাজারের সাথে সংযোগ রাস্তা স্থাপনের দাবি আমাদের।’

  • [১]