- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝুমনের জামিন না মঞ্জুর

স্টাফ রিপোর্টার
শাল্লার নোয়াগাঁও এর সেই ঝুমন দাশের জামিন না মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঝুমনের আইনজীবী আদালতের নিকট ঝুমন দাশের জামিনের আবেদন করেন। শুনানী শেষে আদালত ঝুমনের জামিন না মঞ্জুর করেন।
কোর্ট ইন্সপেক্টর বোরহান উদ্দিন জানান, ঝুমনের আইনজীবী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এর আদালতে ঝুমনের জামিন আবেদন করেন। শুনানী শেষে আদালত তার জামিন না মঞ্জুর করেন। এসময় ঝুমনকে আদালতে আনা হয় নি। কারাগারে রেখেই তার জামিন আবেদন করা হয়।
ঝুমনের আইনজীবী অ্যাড. পঙ্কজ তালুকদার বলেন, আদালতের বিজ্ঞ বিচারককে বলেছিলাম, ঝুমন একজন সাধারণ মানুষ। অন্য ১০ জনের মতোই তার ধর্মীয় আবেগ আছে। সে তাঁর নিজের ধর্মীয় প্রতিষ্ঠানে অন্য ধর্মীয় প্রতিষ্ঠানের দানবক্স নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় সে তার মত ব্যক্ত করেছে। ওখানে ধর্ম অবমাননা করার মত কোন শব্দ নেই। তার জামিন হতে পারে। আদালত জামিন দেন নি। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।
ঝুমনের মা নিভা রানী দাস জানান, আগামী ২০ সেপ্টেম্বর জামিন শুনানীর তারিখ আছে। সেদিন ঝুমনকে আদালতে তোলা হবে। আশা করছি আমরা ন্যায় বিচার পাবো।
এর আগে ৩১ আগস্ট দুপুরে ঝুমনকে তার গ্রামের বাড়ি শাল্লার নোয়াগাঁও থেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। ওখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তার বিরুদ্ধে শাল্লা থানার সাব ইন্সপেক্টর সমনুর রহমান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
ফেসবুকে হেফাজতের সাবেক নেতা কারাবন্দি মামুনুল হকের সমালোচনার অভিযোগে গত বছরের ১৬ মার্চ গ্রেপ্তার হন শাল্লা উপজেলার দুর্গম নোয়াগাঁও গ্রামের যুবক ঝুমন দাশ। সাড়ে ৬ মাসের অধিক জেল খেটে ওই বছরের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেন ঝুমন। ২০২১ সালের ১৭ মার্চ সনাতন ধর্মাবলম্বীদের এই গ্রামে তা-ব চালিয়েছিল হেফাজত অনুসারীরা।

  • [১]