স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে বিপ্টু মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত বিপ্টু মজুমদার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের কামারগাঁও গ্রামের বিধান মজুমদারে ছেলে। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, জামালগঞ্জ থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে নৌকা যোগে মাছ নিয়ে যান বিপ্টু মজুমদার। যাওয়ার পথে উপজেলার পাগনার হাওরের কাশীপুর এবং লক্ষীপুর সংলগ্ন জায়গায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় নৌকাটি। এসময় নৌকায় থাকা ২০ থেকে ২৫ জন সবাই সাঁতরে পাড়ে উঠে প্রাণে বেঁচে গেলেও নৌকার ভেতর আটকা পড়ে ঘটনাস্থলে ডুবে যান বিপ্টু মজুমদার। পরে স্থানীয়ভাবে নিহতের লাশ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার ভেতরে মৎসজীবী একটি দল মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনায় দেয়। এরপর পাগনার হাওরে ঝড়ের কবলে পড়ে বিপ্টু মজুমদার নামের একজনের মৃত্যু হয়। এসময় নৌকায় থাকা বাকিরা সাঁতরে পাড়ে উঠে যায়। তাদের অবস্থা তেমন গুরুতর না। নিহতের মরদের নির্দিষ্ট প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।