- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝড়ে নড়বড়ে বিদ্যুৎ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকা বুধবার বিকাল ৪ টা ২৩ মিনিট থেকে বিদ্যুৎহীন রয়েছে। সন্ধ্যা সাড়ে সাত টায় শহরের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও দিরাই-শাল্লাসহ জেলার বেশিরভাগ এলাকা ছিল বিদ্যুৎহীন। একইসঙ্গে বিকাল চারটা ২৩ মিনিট থেকে ইন্টারনেট পরিসেবাও বন্ধ হয়ে পড়ে।
গত কয়েকদিনের প্রচ- তাপদাহের পর বুধবার বিকাল চারটা ২৩ মিনিটে ঝড়ো হাওয়ার সঙ্গে সামান্য বৃষ্টি হলে স্বস্তি আসে জনমনে। কিন্তু ঝড়ের সময় ওয়েজখালী বিদ্যুৎ সাবস্টেশন থেকে আসা ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দেওয়ায় সুনামগঞ্জে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একইসঙ্গে সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের বেতগঞ্জ ফিডারের মুসলিম হোস্টেলের পাশে এবং বুড়িস্থল এলাকায়, বড়পাড়া ফিডারের বড়পাড়া এলাকায়, দিরাই ফিডারের বেশ কিছু স্থানে গাছগাছালি উপড়ে পড়ায় বিদ্যুৎ বিভাগের সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। বন্ধ হয় ইন্টারনেট সেবাও।
প্রায় তিন ঘণ্টা ভোগান্তির পর বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বেতগঞ্জ ফিডারের শহর এলাকার গোজাউড়া পর্যন্ত এবং বড়পাড়া ফিডারেও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। রাত পৌঁনে আটটায় কিছু কিছু এলাকায় ইন্টারনেট পরিসেবাও চালু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত দিরাই ফিডার, ষোলঘর ও বেতগঞ্জ ফিডারের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডেও বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মশিউর রহমান বললেন, অনেক চেষ্টা করে কিছু এলাকায় সন্ধ্যা সাড়ে সাত বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। অন্যান্য এলাকায়ও কাজ চলছে।

  • [১]