- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ঝড়ে সুনামগঞ্জে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড

স্টাফ রিপোর্টার
কালবৈশাখীর তাণ্ডবে সুনামগঞ্জের বিদ্যুৎ ব্যবস্থা লণ্ডভন্ড হয়ে গেছে। শহরের বেশিরভাগ এলাকা মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত বিদ্যুৎবিহীন রয়েছে। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা সদর ও আশপাশ এলাকায়। এই উপজেলায় শতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এই ঝড় হয়।

ঝড়ে বিশ্বম্ভরপুর উপজেলা সদরের শিল্পকলা একাডেমীর কার্যালয় বিধ্বস্ত হয়েছে। দুটি বিদ্যুতের খুঁটা ভেঙে পড়েছে। উপজেলা সদরের ৮ টি দোকান ঘরের টিনের ছাল উড়ে গেছে। উপজেলার কৃষ্ণনগর, লক্ষীপুর, শ্রীধরপুর, শক্তিয়ারকলা, মুক্তিকলা ও নতুনপাড়া এলাকার শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইকরাম হোসেন চৌধুরী জানান, সুনামগঞ্জ শহরের পুলিশ লাইনের সামনে, মল্লিকপুর, বড়পাড়া, হাসননগর দপ ও বেতগঞ্জ এলাকায় বিদ্যুৎ লাইন ছিড়ে পড়েছে। অনেক স্থানে পিন ইঞ্চুলেটর ফেটে গেছে।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম অখিল চন্দ্র সাহা জানালেন, বিশ্বম্ভরপুরের দুটি খুঁটি ভেঙে পড়েছে। কিছু এলাকার বিদ্যুৎ লাইন লণ্ডভণ্ড হয়েছে।

  • [১]