- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাইগারদের পাশে আজ পুরো ইডেন প্রতিপক্ষ পাকিস্তান

সু খবর ডেস্ক
স্টেডিয়ামের পাশ দিয়েই বয়ে গেছে গঙ্গা। সেই গঙ্গা, যা মিশে আছে পদ্মারই জলে! মতান্তর আর মনান্তরের একটা টানাপড়েন সবসময়ই থেকেছে দুই পাড়ে। তবে তাতে কি আবেগকে বিভক্ত করা গেছে? বাঙালি রক্তের টানটা যে হৃদয়ের অন্তস্তলে, সেখানে হাত লাগানোর সাধ্যি কার আছে। তাই গতকাল মাশরাফিরা যখন কলকাতার ইডেন গার্ডেন্সের সামনে বাস থেকে নামলেন তখন কিছু স্থানীয় জয়োধ্বনি তুলল বাংলাদেশের নামে, স্টেডিয়ামের গেটের সামনে কয়েকশ’ মানুষ টিকিট কাটল শুধুই বাংলাদেশের ম্যাচটি দেখবে বলে। ক্রিকেটের নন্দনকানন আজ মাশরাফিদের ক্ষিপ্র বাঘের চেহারায় দেখার অপেক্ষায়। মিরপুর থেকে ইডেন গার্ডেন্স_ পাকিস্তান সামনে এলেই এখন শিকারের নেশা তাড়িয়ে বেড়ায় টাইগারদের। গেল বছরের এপ্রিলে ধবল ধোলাই, এশিয়া কাপে সপাটে আঘাতের পর গতকাল ইডেন গার্ডেন্সে দেখা শোয়েব মালিকদের গায়ে যেন সে ক্ষতটাই দগদগ হয়ে ধরা দিল। আফ্রিদি তো এলেনই না মাঠে, কোচ ওয়াকার ইউনিস এসে যা বললেন, তাতে ম্যাচটি মিরপুর না হয়ে ইডেন হওয়াতেই যেন স্বস্তি তার।
তবে ঘরের বাইরেও যে মাশরাফিরা কতটা হিংস্র তার প্রমাণ দিতেই বোধহয় তৈরি করা হচ্ছে মুস্তাফিজকে। সন্ধ্যায় চেন্নাই থেকে আসা তাসকিনকেও ম্যাচে নামার জন্য বলে রাখা হয়েছে। বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের এ ছবিটাই মুগ্ধ করেছে কলকাতাকে। সন্ধ্যায় গঙ্গাপাড়ে মাশরাফিরা যখন পাকিস্তানের বিপক্ষে টি২০ বিশ্বকাপের সুপার টেনের প্রথম ম্যাচ খেলতে নামবেন, তখন নিশ্চিতভাবেই বলা যায়, ১৫২ বছরের পুরনো ইডেন বাংলাদেশের সঙ্গেই গলা মেলাবে_ ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি…।’
ক্রিকেট ঐতিহ্যের সুবিশাল ইতিহাস নিয়ে গর্বিত কলকাতার ইডেন গার্ডেন্স। স্টেডিয়ামের প্রতিটি দেয়ালে ক্লাইভ লয়েড, কপিল দেব, অজুর্না রানাতুঙ্গা, ইমরান খানেরও বড় বড় ছবি টাঙানো রয়েছে। ঘুরে ঘুরে সেগুলো দেখার পর আফসোস হয় সেখানে নেই কোনো বাংলাদেশির ছবি। ১৯৯০ সালের এশিয়া কাপে এ মাঠেই প্রথম শ্রীলংকার বিপক্ষে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। সেটাই ছিল এই মাঠের সঙ্গে বাংলাদেশের এক টুকরো স্মৃতি, যা ঝাপসা হতে হতে ২৬ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ইডেন কর্তাদের অনুযোগ ওই মুম্বাইয়ের দিকে, ওখান থেকেই নাকি ভারতীয় ক্রিকেটের বাণিজ্য পরিচালিত হয়, কলকাতা হৃদয় দিয়ে চাইলেও মুম্বাই এখানে শেষ কথা! দু’পাড়ের মধ্যে আত্মার একটা সম্পর্ক থাকলেও ক্রিকেট আত্মীয়তা হয়নি কখনোই। বাংলাদেশকে সবসময়ই উপেক্ষা করা হয়েছে। তবে সময় যে বদলেছে, তা গতকাল মাশরাফির সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিতে দেওয়া দেখেই স্পষ্ট। কলকাতার সাংবাদিকরাই মাশরাফিদের তাতিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন পাকিস্তানের সঙ্গে গত পাঁচ ম্যাচের সবগুলোতেই আপনারা জিতেছেন, মিরপুরের মতো আজ ইডেনও বিজয়ের মঞ্চ সাজিয়ে বসে থাকবে আজ টাইগারদের জন্য।
একে তো সুপার টেনের প্রথম ম্যাচ, তার ওপর আবার ইডেনের মতো ঐতিহাসিক গ্রাউন্ড। পারিপাশর্ি্বকতাই বলে দিচ্ছে, দিনটি আজ কত বড়। ‘ম্যাচটিকে আমরা স্মরণীয় করে রাখতে চাই। পাকিস্তানকে ক’দিনে কতবার হারিয়েছে, তারচেয়ে বড় ব্যাপার, আজ আমরা শুরুটা কেমন করতে যাচ্ছি। প্রতিটি ম্যাচই আমাদের কাছে নতুন, প্রতিটি ম্যাচই আমাদের জন্য চ্যালেঞ্জের।’ মাশরাফির মুখে এসব শুনে স্থানীয় মিডিয়াও যারপরনাই আপ্লুত। সৌরভ গাঙ্গুলীর পর মাশরাফিকেই তাদের অনেকে সেরা বাঙালি অধিনায়কের খেতাব দিয়ে দিয়েছেন। পদ্মাপাড়ের ছেলেদের গঙ্গাপাড়ে এসে একরকম প্রত্যাশার চাপেই ফেলে দিয়েছে। আজকের ম্যাচটিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে গিয়ে মুস্তাফিজকেও খেলানোর চিন্তা করা হচ্ছে। বাংলাদেশের এই পেস সেনসেশন পাকিস্তানের সামনে মূর্তিমান এক আতঙ্ক, এ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি মাত্র টি২০ ম্যাচে ২০ রানে ২ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ। পাঁজরের কাছের ব্যথার কারণে টি২০ বিশ্বকাপের প্রথম রাউন্ড না খেলালেও আজ মুস্তাফিজকে তৈরি করা হচ্ছে। গতকাল নেটেও অনেকক্ষণ বোলিং করেছেন তিনি। এদিকে গতকাল সন্ধ্যায় চেন্নাই থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে কলকাতায় দলের সঙ্গে যোগ দিয়েছেন তাসকিন।
এই তো দু’সপ্তাহ আগে মিরপুরে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছিলেন মাশরাফিরা। আফ্রিদিরা সবাই মিলেও সেদিন ১২৯ রানের বেশি করতে পারেননি। আর বিশ্বকাপে আসা পাকিস্তান দলটিতেই নাকি অশান্তির আগুন জ্বলছে! ইডেনের প্রেসবক্সে উপস্থিত লাহোরের এক সাংবাদিকই তেমনটা জানালেন। গতকাল অনুশীলনে আসেননি শহীদ আফ্রিদি। সম্প্রতি তার ফর্ম নিয়ে সমালোচনার ঝড় ওঠায় এদিনও সংবাদ সম্মেলনে মুখোমুখি হননি। এশিয়া কাপের পর দলে তিনটি পরিবর্তনও এনেছে পাকিস্তান। ফিরে এসেছেন ওপেনার আহমেদ শেহজাদ, তবে দল বদলেও এশিয়া কাপের স্মৃতি মুছতে পারছে না পাকিস্তান। প্রতিপক্ষ বাংলাদেশ মানেই এখন আতঙ্ক ঘিরে ধরা।
পাকিস্তানের বিপক্ষে মাশরাফি আজকের ম্যাচে তাসকিন, আল-আমিন আর মুস্তাফিজকে নিয়েই নামতে চান। তবে আজ একাদশ সাজানোর ব্যাপারে সাকিবের মতামত গুরুত্ব পাচ্ছে ড্রেসিংরুমে। শোনা খবর, সাকিবই নাকি বলেছেন, এই মাঠে পেসারদের চেয়ে স্পিনাররা ভালো ফল পায়। ইডেনের পিচ গঙ্গাপাড়ের এঁটেল মাটির মতো, এখানে বল স্পিন করে বেশি। পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসও সেটাই জানিয়েছেন এই ম্যাচের আগে। তার মনে হয়েছে, মিরপুর আর ইডেন এক নয়। ‘এটা বড় মঞ্চ, তা ছাড়া মিরপুর আর ইডেন এক নয়, দেখা যাক কী হয়…।’ ওয়াকার ইউনিস হয়তো জানেন না, মিরপুর আর ইডেনের মাটির রং ভিন্ন হলেও, গ্যালারির আবেগ কিন্তু একই! ৬৮ হাজারের গ্যালারি হয়তো মিরপুরের মতো পুরোটা লাল-সবুজের রঙ ধরবে না। তবে যারা থাকবেন তাদের প্রত্যেকেই কিন্তু টাইগারদের গর্জনে পুলকিত হবেন।
এই শহরের ক্রিকেটপ্রেমীদের মুখে এবং অন্তরে এখন টাইগারদের স্পষ্ট ছাপ।

  • [১]