বিশেষ প্রতিনিধি
মানি লন্ডারিংয়ের মামলায় জেলার ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান (বিগত মেয়াদের) সুন্দর আলী ও তাঁর ছেলে শিহাব আহমদ ওরফে শিপনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার সুনামগঞ্জের স্পেশাল জজ আদালতের বিচারক মো. মুজিবুর রহমান তাঁর জামিন নামঞ্জুর করেন। এদিকে, দুদক’র ৭ দিনের রিমান্ডের আবেদনের শুনানী আজ সোমবার ধার্য করেছেন আদালত।
প্রসঙ্গত. ছাতকের গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান (বিগত মেয়াদের) গত ৩১ মার্চ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত সুন্দর আলী ছাতকের বিভিন্ন মৌজায় ৩ একর ২০ শতক জমি ক্রয় করেন। যার মূল্য ৩ কোটি ৮৩ লাখ টাকা। বিক্রেতাদের জমির মূল্যের পাওনা টাকা পরিশোধ করা হয় লন্ডনে। বিক্রেতার পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে জমি রেজিস্ট্রি করে মালিক হন তিনি। এ নিয়ে মানি লন্ডারিং আইনে সুন্দর আলীর-ই একজন আত্মীয় রুহুল আমিন স্পেশাল জজ আদালতে পিটিশন (৪১/২০১৫) মামলা দায়ের করেন।
বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে পাঠান। কমিশনের পরিচালক ড. আবুল হোসেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক জুয়েল আহমদ ও উপ-সহকারী পরিচালক রঞ্জিত কর্মকারকে।
দুদকের তদন্তকারী দল শুক্রবার রাত ২ টায় যুক্তরাজ্যে যাওয়ার সময় সিলেট বিমান বন্দর এলাকা থেকে পুলিশের সহায়তায় সুন্দর আলীর ছেলে শিহাব আহমদ ওরফে শিপনকে এবং শনিবার বিকালে পুলিশের সহায়তায় সুন্দর আলীকে তাঁর গোবিন্দগঞ্জের বাড়ী থেকে গ্রেপ্তার করেন।
রবিবার সুন্দর আলী ও শিপনকে আদালতে হাজির করে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা। আদালত তাদের জামিনের আবেদন না ঞ্জুর করেন। অন্যদিকে দুদক’র তদন্তকারী কর্মকর্তা জুয়েল আহমদের ৭ দিনের রিমান্ডের আবেদন শুনানীর জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন- দুদক’র পিপি অ্যাড. পরিতোষ চন্দ্র দাস ও অ্যাড. আইনুল ইসলাম বাবলু।
বাদী পক্ষে আইনজীবী ছিলেন- অ্যাড. নিরঞ্জন তালুকদার, অ্যাড. আপ্তাব উদ্দিন, অ্যাড. সুরেশ দাস, অ্যাড. রবিউল লেইস রোকেস। আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাড. সালেহ আহমদ, অ্যাড. মাসুক আলম প্রমুখ।