স্টাফ রিপোর্টার
রামদিঘায় টানানো পল্লী বিদ্যুতের যে অংশের তার ছিড়ে পড়েছে, সেটি আগে থেকেই বিকল ছিল। তারের ৬ টি ফেজের ৩ ফেজ এ মাসের ২ তারিখে উদ্বোধনের দিনেই ছেড়া ছিল। গ্রামবাসী বলেছেন, কাজে অনিয়ম হয়েছে। ৩ ফেজের লাইনেই বিদ্যুৎ সঞ্চালন করায় দুর্বল লাইন পুড়ে ছিড়ে পড়েছে এবং এ কারণে ৪ টি মানুষের অপমৃত্যু ঘটেছে। গ্রামের সচিন্দ্র সরকার ও পরিতোষ সরকার বলেন,‘পল্লী বিদ্যুতের কাজ চলার সময় আমরা অনিয়মের অভিযোগ তুলেছিলাম এবং এই লাইনে পরবর্তীতে সমস্যা করবে বলেও বলেছিলাম। আমাদের ধমক দিয়েছে ঠিকাদারের লোকজন। বলেছে,‘তোমরা কাজ বুঝো না আমরা বুঝি, পরে এ নিয়ে কেউ কথা বলেনি’। গ্রামবাসী জানালেন, মঙ্গলবার সকালে কোন ঝড় – তোফান এমনকি বৃষ্টিও হয়নি, এরপরও তার ছিড়ে পড়েছে এবং ৪ জনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই দায় পল্লী বিদ্যুতেরই নিতে হবে বলে দাবি জানালেন গ্রামবাসী।
নিহত রঞ্জিত সরকারের ভাই রিপন চন্দ্র সরকারও পল্লী বিদ্যুতের কাজে ত্রুটির অভিযোগ করে বলেন,‘ ত্রুটি না থাকলে ঝড়-তুফান- বাতাস ছাড়াই তার ছিড়ে পড়তো না’।
পল্লী বিদ্যুতের নেত্রকোনা অঞ্চলের জিএম মুজিবুর রহমান অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন।