সজিব দে
ঢাকার সায়দাবাদ, ফকিরাপুল বা অন্য কোন বাসস্টেশন থেকে প্রতিদিন শ্যামলী ও মামুন পরিবহন এবং মহাখালী থেকে এনা পরিবহনের বেশ ক’টি ডে-নাইট বাস সরাসরি সুনামগঞ্জ আসে। ভাড়া ৫৫০ থেকে ৭৫০ (এসি বাস) টাকা। দিনের বেলায় ৬-৭ ঘন্টার বাস ভ্রমণ করে সুনামগঞ্জ জেলা শহরে এসে যে কোন হোটেল, কটেজ বা সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের রেস্ট হাউসে রাত্রীযাপন করা যায়। আবার রাতের বাসে উঠলে ভোরে পুরাতন বাসস্টেশনের কোন রেস্তোরায় নাস্তা সেরে আগে থেকে কথা বলে রাখা মাইক্রোবাস-কার (সারা দিনের জন্য দুই থেকে তিন হাজার টাকা) বা পুরাতন বাসস্টেশন থেকে আব্দুজ জহুর সেতু পর্যন্ত রিক্সায় গিয়ে অন্য কোন যানবাহনে (সিএনজি বা মোটর সাইকেলে) তাহিরপুর যেতে পারেন। ওখান থেকে নৌকায় করে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ করতে পারেন।
টাঙ্গুয়ার হাওড় ভ্রমণে পরিবহন আগে থেকে ঠিক করে নেওয়াই ভাল। তাহিরপুর থেকে দেশী ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে দু’ঘন্টায় টাংঙ্গুয়ার হাওড়ে যাওয়া যায়।
তাহিরপুরে কোন আবাসিক হোটেল নেই, তবে সরকারি ডাক বাংলো আছে যাতে আবাসন সুবিধা সীমিত (মাত্র তিন কক্ষের পাঁচটি বেড রয়েছে)।
তাহিরপুর থেকে ট্রলারে ৫-৬ জন হলে এক হাজার থেকে ১২শ’ টাকা ভাড়ায়। ২০-৩০ জন হলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা ভাড়ায়। ৪০ থেকে ৫০ জন হলে ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকা ভাড়ায় ট্রলার পাওয়া যায়। এই ভাড়ায় ট্রলারের তেল-মোবিল যা লাগে সবকিছুই ট্রলার চালক বা মালিক দেবেন। সারাদিনই (এক দিনের জন্য) আপনি এই নৌকায় টাঙ্গুয়ার হাওরে ঘুরতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওড়ে রাত্রী যাপনের ইচ্ছা না থাকলে। আপনাকে সন্ধ্যার আগেই অন্তত. তাহিরপুর উপজেলা সদরে ফিরলে ভাল হয়।
টাঙ্গুয়ায় যদি একদিন থাকেন
তাহিরপুর থেকে ইঞ্জিনচালিত খোলা বা ছইযুক্ত নৌকাযোগে টাঙ্গুয়ার যাওয়া যায়। শীতকালে সুরমা সেতু থেকে সোলেমানপুর বাজারে চলে যাওয়া যায়। সময় লাগবে দেড় ঘন্টা, দু’জনের ভাড়া ৩০০ টাকা (মোটর সাইকেলে)। সোলেমানপুর বাজার থেকে নৌকায় টাংগুয়ায় যেতে হবে। সময় লাগবে প্রায় দেড় ঘন্টা, ভাড়া দিনপ্রতি ১০০০ টাকা আরামদ্য়াক ভ্রমণের জন্য নৌকাই শ্রেয়। তাহিরপুর থেকে টাঙ্গুয়ায় ঢোকার মুখ গোলাবাড়ি পৌঁছতে প্রায় ২ ঘন্টা লাগবে। সকাল ১০ টার মধ্যেই গোলাবাড়ি পৌঁছানো সম্ভব। সেখান থেকেই মূলত টাঙ্গুয়ার হাওড়ে ৫ ঘন্টা সময় কাটাতে পারেন। দুপুর ৩ টার সময় গোলাবাড়ি থেকে রওনা হয়ে তাহিরপুর হয়ে সুনামগঞ্জ ফিরে আসতে পারবেন সন্ধ্যায়।
প্রথম ঘণ্টা (যেমন ৯ টা থেকে ১০ টা)
গোলাবাড়ি থেকে নৌকাযোগে হাওড়ে ঢোকার মুখে একটি গুরুত্বপূর্ণ বিল পড়বে। বিলটির নাম রউয়া বিল। রুই মাছ বেশি পাওয়া যায় বলেই এই বিলের নাম রউয়া। শীত মৌসুমে এই বিলে পানির গভীরতা থাকে ১২ ফুটের মতো। এ বিলকে মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। শীতকালে কয়েক জাতের হাঁস এই বিলে দেখা যায়। এগুলো হলো মরচেরং ভূতিহাঁস, লালমাথা ভূতিহাঁস, টাফটেড ডাক, ছোট ও বড় পানকৌড়ি, ধূসর ও খয়রা বগা, কালামাথা, ওবাদামী মাথা গাংচিল, গয়ার ও পাতি কুটসহ আরও কয়েক জাতের পাখি। এসময় পানির নিচে প্রচুর হাইড্রিলা জন্মায় আর ভাসমান অবস্থায় সিংড়া গাছ দেখা যায়। সিংড়া ফল মানুষ খাবার হিসেবে গ্রহণ করে। এ্ বিলটি পর্যবেক্ষণ করতে আধাঘন্টা লেগে যাবে। এরপর আধাঘন্টা বেড়ানো যায় চটাইন্না খালে। হাওড়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাল এটি। কেউ চাইলে এখানেই দুইদিন কাটাতে পারেন। চট্টাইন্নাতে পাখি ও জলজ উদ্ভিদের এক অদ্ভুদ মিলনমেলা চোখে পড়ে। চট্টাইন্নার কান্দায় নলখাগড়া বনের মধ্যে কালেম আশ্রয় ও বিশ্রাম নেয়। এছাড়া গুড়গুড়ি, জলমুরগি, বক ও বিভিন্ন জাতের ফুটকি, চুটকির নিরাপদ আশ্রয়স্থল হলো এই নলখাগড়া বন। গোটা হাওড়ে এািট একটি বৈচিত্রপূর্ণ বড় খাল। মাঝের স্বচ্ছপানির দু’পাশে বিশাল নল-খাগড়ার বনের সরু এই খালের ভেতর দিয়ে ভ্রমণ সবাইকে আনন্দ দিবে।
সকাল ১০ টা থেকে ১১ টা
চটাইন্না পার হয়ে উত্তর-পশ্চিম দিকে চটাইন্না বিলের দেখা মিলবে। শীতে এই বিলে পানি বেশ কম থাকে। কালেম, টিটি ও দলপিপি এ বিলের পাখি। বিলের কান্দায় আশেপাশে কালালেজ জৌরালীও দেখা যায়। বিলে পানির নিচে ফুটে থাকা জলজ উদ্ভিদের দৃষ্টিনন্দন ফুল ও পাতার বাহার যে কাউকে আকর্ষণ করবে। বিলের পশ্চিম দিকের শেষ প্রান্তে রুপাভূই বিলের কান্দা। এই কান্দার আশেপাশে গত কয়েক বছর ধরে খয়রা কাস্তেচরা পাখি দেখা যাচ্ছে। কান্দাটি বিভিন্ন জাতের পাখির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাফ, পাতি লাল পা সহ বিভিন্ন জাতের পাখি দেখা যায়। এই অংশটুকু ঘুরতে প্রায় আধাঘন্টা লেগে যাবে। সূর্য এসময়ে পূর্ব দিগন্তে থাকে বিধায় ছবি তোলা সুবিধাজনক হয়।
পথের আধা-ঘন্টায় কাটাতে পারেন রুপাভূই বিলে। কথিত আছে এ বিলের মাটির রং রুপার মতো বলে বিলটির নাম হয়েছে রুপাভুই। বিলটিকে মাছের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। বিলের মাঝখানে গভীরতর অংশ বাঁশ দিয়ে ঘিরে দেয়া হয়েছে। এসব বাঁশের উপর পানকৌড়ি, গয়াসহ বিভিন্ন পাখি বিশ্রাম নেয়। বিলটির বড় একটি কান্দা লেচুয়ামারা বিলকে দু’ভাগে ভাগ করেছে। এই কান্দাটি পাখিদের ভাল বিচরণক্ষেত্র। বিলটি বেশ গভীর বিধায় জলে ঘন জলজ উদ্ভিদ দেখা যায় না। বিলের চারধারে কান্দার কাছে পানি কম থাকায় পাখিদের ভিড় সেখানেই বেশি থাকে।
১১ টা থেকে ১২ টা
এই পুরো এক ঘন্টা সময় কাটানো যাবে লেচুয়ামারা বিলে। হাওড়ের সমৃদ্ধ বিলসমূহের মধ্যে এটি একটি। ভ্রমণের জন্য খুবই আকর্ষণীয়। এই বিলের পশ্চিম পাশে হাতিরগাতা কান্দা এবং পূর্বাংশে রউয়া বিলের কান্দা। উত্তরদিকে কয়েক কিলোমিটার দূরেই মেঘালয় পর্বতমালা এবং কয়েকটি গ্রাম আর দক্ষিণদিকে রুপাভুই কান্দা। শীত মৌসুমে বিলটির গভীরতা থাকে ২.৫-৭ ফুট। তবে বিলের বেশিরভাগ জায়গায় পানি ৪ ফুটের কাছাকাছি থাকে বিধায় পাখির সমারোহ এ বিলেই সবচেয়ে বেশি। একসাথে একলক্ষ হাঁসও এখানে পাওয়া গেছে। প্রায় সব জাতের হাঁসই এখানে দেখা যায়। সবচেয়ে বেশি পাওয়া যায় পিয়ং হাঁস, ভূতিহাঁস, কুট, ল্যাঞ্জাহাঁস, গিরিয়াহাঁস। এ বিলে ঢোকার জন্য রউয়া-লেচুয়ামারা-হাতিরগাতা ট্রেইল আছে। এই ট্রেইল ধরে এগুলেই সবচেয়ে বেশি হাঁস দেখা যায়। বিলের ভেতরে না ঢোকাই ভাল। এতে পাখিদের বিরক্ত করা হয়। এছাড়া বিলের ভেতর বড় নৌকা নিয়ে ঢোকা প্রায় অসম্ভব। কারণ এ বিলে প্রচুর জলজ উদ্ভিদ জন্মায়, যেগুলো নৌকা চলাচলে বাঁধা সৃষ্টি করে।
১২ টা থেকে ১ টা
এসময় হাওড়ে সাধারণ কড়া রোদ পড়ে এবং আবহাওয়াও তুলনামূলক গরম। এসময় কিছুটা বিশ্রমের প্রয়োজন হতে পারে। বিশ্রাম নেয়া যায় পাশেই অবস্থিত হাতিরহাতা ক্যাম্পে। উল্লেখ্য যে, শুষ্ক মৌসুমে টাঙ্গুয়ার হাওড় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মৎস্য আহরণ ও সুরক্ষার জন্য ক্যাম্প স্থাপন করে থাকে। দুপুরের খাবার খেয়ে নেয়া সম্ভব সেখানেই। খাবার পর বিশ্রমের জন্য সময় পাওয়া যাবে আধা ঘন্টা। হাতিরগাতা কান্দায় কোন গাছ নেই। কাজেই যারা ত্রিপাল আনবেন তাঁদের জন্য কিছুটা সুবিধা হবে। অথবা যাঁরা হিজল-করচ গাছের ছায়ায় বিশ্রাম নিতে চান তাঁদের জন্য হাতিরগাতা কান্দায় না গিয়ে গোলাবাড়ি চলে আসাই ভাল। সেক্ষেত্রে নৌকাযোগে লেচুয়ামারা থেকে গোলাবাড়ি আসতে সময় লাগবে ২০ মিনিট। গোলাবাড়িতে ক্ষণিক বিশ্রাম ও খাবারের জন্য বাকী ৪০ মিনিট সময় মিলবে গোলাবাড়িতে।
১ টা থেকে ৩ টা
এসময়টা কাটাতে পারবেন গোলাবাড়ি থেকে বাগমারা পর্যন্ত বেড়িয়ে এজন্য কোন নৌকা ব্যবহারের দরকার পড়বে না। প্রকৃতি প্রেমীদের জন্য দারুণ এক ট্রেইল এটা। দু’পাশে করচ গাছের ঘন বাগান। একপাশে প্রাকৃতিক মনমুগ্ধকর লেক। উঁচু গাছগুলোতে শতশত পাখি রাত কাটায়। পর্যটক কেউ জংলি স্ট্রবেরি কিংবা জংলি গোলাপ দেখতে চান তাঁদেরকে এ জায়গায় আসতে হবে। ঝোঁপঝাড়ের ভেতর অসংখ্য ক্ষুদে পাখির বিচরণ। বিশেষ করে যাঁরা ওয়াবলার প্রেমিক তাঁদের কাছে সবচেয়ে আকর্ষণীয় জায়গা হবে এই ট্রেইল। তবে সময়মত ফিরে আসার জন্য এক ঘন্টার মধ্যে পুরো জায়গাটা ঘুরে ফেলতে হবে।
বাড়ি ফেরা:
বিকেল ৩টায় গোলাবাড়ি থেকে নৌকা যোগে তাহিরপুরে ফেরার পথ ধরতে হবে। তাহিরপুরে ফিরতে ফিরতে প্রায় পাঁচটা বেজে যাবে। এরপর তাহিরপুর থেকে লেগুনা বা মটর সাইকেলযোগে আসতে সময় লাগবে এক ঘন্টা। আব্দুজ জহুর সেতু পার হয়ে সুনামগঞ্জ শহরে পৌঁছতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে যাবে।
প্রকৃতিপ্রেমী পর্যটকগণ ১ দিনের টাঙ্গুয়া ভ্রমণে তৃপ্ত হবেন না। এজন্য সম্ভব হলে দুইদিন বা তিনদিনের ভ্রমণসূচি দেখে সময় নিয়ে টাঙ্গুয়ার আসা উত্তম।
টাঙ্গুয়ায় যদি দুই দিন ঘুরেন
যদি টাঙ্গুয়ার হাওড়ে দুই দিনের ভ্রমণ সূচি গ্রহণ করা যায় তাহলে হাওড়কে আরও ভাল করে দেখার সুযোগ পাওয়া যাবে। সেক্ষেত্রে রাত্রি যাপন করতে হবে হাওড়ের ভেতরে বা পাশের কোন গ্রামে। যদি হাওড়ের ভেতরে থাকতে চান তবে নৌকায় বা তাবু খাটিয়ে থাকা রোমাঞ্চকর। তাবু করে থাকতে চাইলে হাতিরগাতা বিলের কান্দা বা গোলাবাড়ি আনসার ক্যাম্পের আশেপাশে থাকাই ভাল। অথবা যে কোন সুবিধাজনক জনবহুল জায়গায়ও থাকা যেতে পারে। রাতে শুকনা খাবার বা নিজেরা রান্না করেও খেতে পারেন। রান্নার চন্য ট্যুর গাইডের সাহায্য নিতে পারেন। হাওড়ের টাটকা মাছ অথবা হাঁসের ডিম এখানে সহজেই পাওয়া যায়। মোরগ বা সবজী কিনতে পাবেন। হাড়ি-পাতিল তাহিরপুর বাজারের যে কোন ডেকোরেটর থেকে ভাড়ায় নিয়ে আসতে পারেন।
দু’দিনে যা পর্যবেক্ষণ করবেন
১ম দিন:
দু’দিনের ভ্রমণসূচির প্রথমদিনে ‘একদিনের টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ’ শীর্ষক অংশে বর্ণিত সময়সূচি মোতাবেক ভ্রমণ স্থানসমূহ পর্যবেক্ষণ করে কাটিয়ে দেয়া যায় এবং দিন শেষে গোলাবাড়ি, হাতিরগাতা কান্দা বা অন্য কোন সুবিধাজনক স্থানে রাত কাটানো যায়।
দ্বিতীয় দিন ভোরে পাখির ডাকে ঘুম ভাঙবে। সকালটা কাটানো যায় গোলাবাড়ি থেকে সরু বাঁধ দিয়ে বাগমারা হয়ে একবারে চটাইন্না খালের মুখ পর্যন্ত হেঁটে বেরিয়ে। ফিরে এসে সকালের নাস্তা সেরে নৌকা ভ্রমণ শুরু করা যায়। আগের দিনের ভাল লাগার কোন জায়গা থাকলে সেখানে আবারও যাওয়া যেতে পারে।
এরপর লেচুয়ামারা-হাতিরগাতা-বেরবেরিয়া ট্রেইল ধরে সোজা পশ্চিম দিকে গেলে রংচি গ্রামে প্রায় ৪০ বছরের পুরনো সারিবদ্ধ একটি হিজল বাগান দেখা যাবে। এই বাগানে হরেক রকমের দেশি স্থলজ পাখি এবং অন্যান্য উদ্ভিদ যেমন ঝরনা ফুলের গাছ পাবেন। এছাড়া দুপুরের তপ্ত রোদে গাছের ছায়ায় বেশ আনন্দ উপভোগ করবেন।
দুপুরের রোদ পড়ার সাথে সাথে ঐ একই ট্রেইল ধরে হাতিরগাতা বিল পর্যন্ত আসতে পারেন। এরপর সোজা উত্তরদিকে গেলে বেরবেরিয়া বিল পাবেন। বিলটি পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষিত ও সংরক্ষিত। বিলটিতে কিছু সময় কাটিয়ে চলে যেতে পারেন মেঘালয় পাহাড় ঘেঁষা গ্রাম বাঙালভিটাতে। এখান থেকে পাহাড়টা বেশ ভালোভাবে উপভোগ করতে পারেন। এছাড়া এ এলাকায় একটি গারো পল্লী আছে। তাঁদের বিচিত্র জীবন-যাপন দেখার জন্য যেতে পারেন তাঁদের গাঁয়ে।
বাড়ি ফেরা
দু’ দিনের ভ্রমণ শেষে যাঁরা বাড়ি ফিরতে চান তাঁরা ‘এক দিনে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ’ এর আওতায় বর্ণিত ফেরার সূচি মোতাবেক বাঙালভিটা থেকে ফিরে যেতে পারেন। টাঙ্গুয়ার প্রকৃতিকে যাঁরা নিবিড়ভাবে পর্য্েবক্ষণ ও উপভোগ করতে চান তাঁদের জন্য আরও একটা দিন বেশি অবস্থান করা উত্তম। এই একদিনের অবস্থান প্রকৃতিপ্রেমী পর্যটকের অনুসন্ধানী ও মনে অনাবিল আনন্দ যোগাবে।
টাঙ্গুয়ার হাওড়ে তিন দিন কাটালে
তিনদিনের ভ্রমণসূচি নিয়ে যাঁরা টাঙ্গুয়ার হাওড়ে আসবেন তাঁরা প্রথম ও দ্বিতীয় দিন ‘দু’দিনে টাঙ্গুয়ার হাওড় ভ্রমণ’ শীর্ষক অধ্যায়ের বর্ণনা মোতাবেক ভ্রমণ করা যেতে পারে। আবার অবস্থা বুঝে ট্যুর গাইডদের সাথে কথা বলে নিজের পছন্দমত ভ্রমণসূচি সাজিয়ে নিতে পারেন। দ্বিতীয় দিনের শেষে হাতিরগাতা অথবা গোলাবাড়ি অথবা বাঙালভিটা অথবা বাগলিবাজারে রাত কাটানো যেতে পারে। কোন জায়গাতেই হোটেল কিংবা আবাসন সুবিধা নেই। তবে খাওয়ার জন্য একটি হোটেল আছে বাগলি বাজারে হাওড়ে বেশি সময় কাটাতে চাইলে হাতিরগাতা কান্দা অথবা গোলাবাড়ি থাকা উত্তম।
তৃতীয় দিন যা দেখতে পারেন
শীতকালে কেউ যদি হাতিরগাতা থাকেন তাহলে সারারাত কাটবে পাখির কলকাকলি শুনে। সকালের পুরো সময়টা উপভোগ করতে পারবেন সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে এবং সুদীর্ঘ হাতিরগাতা কান্দা জুড়ে হেঁটে বেরিয়ে। আগের দুই দিনের পছন্দের জায়গাগুলো আবার ঘুরে আসতে পারেন। টাঙ্গুয়ায় প্রতি মুহূর্তের নতুন কিছু পাবার সম্ভাবনা থাকে। মাছ/পখি/গাছপালা/কচ্ছপ প্রজাতিগুলো সময় নিয়ে ভালোভাবে দেখুন। বিশেষ করে লেচুয়ামারা বিল ও চটাইন্নার খালে দেশি হস্তচালিত নৌকায় ধীরে ধীরে ঘুরে বেড়ালে মোটামুটি সব প্রজাতির পাখিই কাছে থেকে দেখতে পারবেন।
দুপুরের আহার একটু তাড়াতাড়ি সেরে ফেলা ভালো। টাঙ্গুয়ার ভিন্নরূপ দর্শনের জন্য নৌকা ছেড়ে দিয়ে বাগলি বাজার থেকে সড়ক পথে মোটর সাইকেল যোগে টেকেরঘাট হয়ে জাদুকাটা নদী পাড় হয়ে সুনামগঞ্জ আসতে হবে। মোটর সাইকেলে হলেও বিচিত্র ভ্রমণের এক অভিজ্ঞতা হবে এ পথে। পুরো পথ ভারতের মেঘালয় পাহাড়ের কোল ঘেঁষে চলে গেছে। পথে কয়েক কিলোমিটার পাহাড়ী টিলা পড়বে। বারেকের টিলা অন্যতম উপভোগ্য স্থান।
আরেক নয়নাভিরাম দৃশ্য
জাদুকাটা নদী বাংলাদেশের নয়নাভিরাম নদীগুলোর একটি। শতশত নারী-পুরুষ একসাথে নদী থেকে বালি, পাথর, কয়লা উত্তোলন করে। অল্প ¯্রােতে বয়ে চলা নদীর স্বচ্ছ পানি আর সংলগ্ন উঁচু পাহাড়ে অপরূপ দৃশ্যে মন ভরে যাবে। কিছুক্ষণ থাকতে ইচ্ছে করবে এখানে। নদীর তীরবর্তী শাহ আরেফিন (রহ:) এর মোকামে যেতে পারেন। আবার লাউড়েরগড় থেকে দক্ষিণ দিকে নদীরপাড় দিয়ে সাড়ে তিন কিলোমিটার (আড়াই কিলোমিটার পাকা এবং এক কিলোমিটার কাচা সড়ক) এগুলেই পাওয়া অদ্বৈত মহা প্রভুর মন্দির। এখানে চৈত্র মাসের মধু কৃষ্ণা ত্রয়োদশীতে লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বীরা গঙ্গা ¯œান করতে আসেন। ঐ সময়ে এখানে ভারত-বাংলাদেশের হিন্দু-মুসলমান অনেক ভক্তকূলের দেখা পাবেন এখানে।
বাড়ি ফেরা
শাহ আরেফিন (রহ:) এর মোকাম থেকে বা অদ্বৈত মহাপ্রভুর মন্দিও থেকে সুনামগঞ্জ শহরে পৌঁছতে মোটর সাইকেলে আরও ঘন্টা দেড়েক লাগবে। প্রয়োজনে রাতে থেকে যেতে পারেন সুনামগঞ্জ শহরে। সুনামগঞ্জ শহরে বিভিন্ন মানের হোটেল এবং ব্যক্তি উদ্যোগে এবং এনজিও পরিচালিত বেশ কয়েকটি গেস্ট হাউজ বা কটেজ রয়েছে। এর যেকোনটিতে নিজের পছন্দমত রাত্রী যাপন করে পরদিন ভোরে গন্তব্যের পথে রওনা করা যেতে পারে।