স্টাফ রিপোর্টার
টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা নিয়ে ৩০ অক্টোবর রবিবার জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা নামক একটি সংগঠনের নামে এই মতবিনিময় সভা আহ্বান করা হয়েছে। সংগঠনটির বিলিকৃত আমন্ত্রণপত্রসূত্রে জানা যায়, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি হিসাব উপস্থিত থাকবেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন ও শামসুন্নাহার বেগম। মতবিনিময় সভায় ধারণাপত্র উপস্থাপন করবেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো: জাফর সিদ্দিক ও পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা। মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। উল্লেখ্য, টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনায় নানা অসংগতি ও হাওরে নিয়োজিত বেসরকারি সংগঠনের প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষিতে বিশাল এই হাওরের ব্যবস্থাপনা মডেল কী হওয়া উচিৎ এবং কীভাবে হাওরের জীব ও উদ্ভিদ বৈচিত্র রক্ষা করে হাওরপাড়ের মানুষের কল্যাণ নিশ্চিত করা যায় সে নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা হচ্ছে। দৈনিক সুনামগঞ্জের খবরে এ ধরনের আলোচনার তাগিদ ও ওইসব আলোচনায় স্থানীয় জেলে সম্প্রদায়, কৃষক, কৃষক সংগঠন সমূহ ও বিশেষজ্ঞদের সম্পৃক্তকরণের মাধ্যমে কার্যকর কৌশল উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়ে একাধিক সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করা হয়। উল্লেখ্য বিগত ১২ বছরের সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় টাঙ্গুয়ার হাওরের মাছ, বৃক্ষ, পাখি ও অন্যান্য সম্পদাদি গণহারে ধ্বংস হওয়ার বিষয়ে গত কয়েক বছর যাবৎ আলাপ আলোচনা অব্যাহত রয়েছে।