- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়ার হাওরপাড়ে জলজবৃক্ষ হিজল করচ রোপন

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়ার হাওর পাড়ে বিভিন্ন কান্দায় (পতিত ভূমি) ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনার পরিবর্তে উন্নয়ন সংস্থা সিএনআরএস (সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ) এর ব্যবস্থাপনায় জলজ বৃক্ষ হিজল করচ রোপন কাজের সিদ্ধান্ত নিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একটি সূত্রে জানা যায়, বিগত ৩ বছর ধরে ইউএনডিপি’র লজিক প্রকল্পের অধীনে টাঙ্গুয়ার হাওরপাড় ভবানীপুরের পাটিচুড়া কান্দায় প্রতি বছর ১০ লক্ষ টাকা ব্যয়ে জলজ বৃক্ষ হিজল করচ রোপন করা হয়েছে। কিন্তু বাস্তবে এসব স্থানে রোপিত বৃক্ষের পরিমাণ খুবই কম। যে কারণে সরকার ইউনিয়ন পরিষদ ব্যবস্থাপনার পরিবর্তে উন্নয়ন সংস্থার মাধ্যমে বৃক্ষ রোপনের কাজটি বাস্তবায়নের জন্য নতুন পদক্ষেপ নিয়েছে।
এ লক্ষে মঙ্গলবার দিনব্যাপী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর গ্রামের উত্তর পূর্ব পাশের কান্দা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ভবানিপুর গ্রামের পাটিচুড়া কান্দা সরজমিনে পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর।
এ সময় তার সাথে ছিলেন তাহিরপুর উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবীর ও ‘সিএনআরএস’ তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ প্রমুখ।
জীববৈচিত্র্য নিয়ে কাজ করে উন্নয়ন সংস্থা সিএনআরএস’র তাহিরপুর উপজেলা সমন্বয়কারী ইয়াহিয়া সাজ্জাদ বলেন, টাঙ্গুয়ার হাওরে তারা ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জীববৈচিত্র্য নিয়ে কাজ করেছেন। সে সময় পাটিচুড়া কান্দায় সংস্থার অর্থায়নে ১০ হাজার করচ বৃক্ষ রোপন করেছিলেন তা এখনো দর্শনীয় হয়ে রয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, ইউএনডিপি’র লজিক প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সংস্থা সিএনআরএস’কে দিয়ে টাঙ্গুয়ার হাওরপাড়ে জলজবৃক্ষ হিজল করচ রোপন করার উদ্যোগে নিয়েছে সরকার।
তিনি আরো বলেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে টাঙ্গুয়ার হাওরটি পর্যটকদের কাছে আরো নান্দনিক ও নয়নাভিরাম হয়ে উঠবে।

  • [১]