আমিনুল ইসলাম,তাহিরপুর
ঈদের ছুটিতে প্রাকৃতিক লীলাভূমি দেশের অন্যতম রামসার সাইট টাঙ্গুয়া হাওর ও বারিক্যার টিলায় পর্যটকদের ভীড় জমে উঠেছে। টাগুয়া হাওর ও বারিক্যার টিলা দেশের উত্তর, পূর্ব সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। অসংখ্য ছোট বড় নদী-নালা ও খাল-বিল পরিবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এক দর্শনীয় স্থানের নাম টাঙ্গুয়া হাওর ও বারিক্যার টিলা। নয়নাভিরাম রুপ লাবন্যে ভরপুর টাঙ্গুয়া হাওর ও বারিক্যার টিলাতে সাজিয়ে রয়েছে অপরুপ সৌন্দর্য্য। যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত নির্জন গাছের ছায়া পেতে বারিক্যার টিলা ও টাঙ্গুয়া হাওরের বিকল্প নেই। বারিক্যার টিলা ও টাঙ্গুয়া হাওরে আছে বিশাল সবুজের সমারোহ, দিগন্ত বিস্তৃত সাদা মেঘের খেলা, ছোট বড় পাথর ছড়ানো চারপাশ, চারদিকে পাখিদের কিছির মিছির শব্দ। এই অপরুপ দৃশ্য দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই দর্শানার্থীদের।
অপরদিকে ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া পাহাড় থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশের বারিক্যার টিলার পাশ দিয়ে প্রবাহমান যাদুকাটা নদীর ধু-ধু বালি আর চকচকে স্বচ্ছ নীলাভ পানি অন্যদিকে বারিক্যার টিলার সবুজ বনায়ন আদিবাসীদের আচার অনুষ্ঠান ,পোষাক পরিচ্ছদ দেখলে কার না ভাল লাগে । তার উপর টিলায় দাড়িয়ে যাদুকাটা নদী সহ ভারত আর বাংলাদেশকে এক সাথে অনুভব করতে কি যে অপরুপ দৃশ্য। কেউ না এসে না দেখে বুঝতে পারবেনা । বারেকের টিলার উচু পাহাড়ী আঁকাবাঁকা পথ আর রাস্তার দু‘ধারে হরেক রকম গাছগাছালী সবুজের সমাহার নীচ থেকে উপরে মটর সাইকেল কিংবা হেঁটে পাড় হতে গেলে যে কোন পর্যটকের মনে হবে যেন একটি সুউচ্চ টাওয়ার । অনেকেই অবশ্য তাকে আইফেল টাওয়ারও বলে থাকে। যাদুকাটা ও বারিক্যার টিলার নান্দনিক সৌন্দর্য্যরে পাশাপাশি তাহিরপুরে আরো দর্শনীয় স্থান হলো হযরত শাহজালাল (রহঃ) এর সফর সঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ আরেফিনের আস্তানা ,সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান পনাতীর্থ এবং শ্রী-শ্রী অদ্বৈত প্রভুর মন্দির,পশ্চিম তীরে ইস্কন মন্দির ও গরমপীরের মাজার । এছাড়াও রয়েছে ব্রাক্ষ্মনগাঁওয়ে হাবেলী দূর্গ,বড়ছড়া-চরাগাঁও স্থল শুল্ক ষ্টেশন,ট্যাকের ঘাট চুনাপাথর খনিজ প্রকল্প । আরো রয়েছে রামসার সাইট এর অন্তর্ভূক্ত টাঙ্গুয়ার হাওরের বিশাল জলরাসি আর সবুজসমারোহে দৃষ্ঠি নন্দন বৃক্ষরাজি।এ তিনটি স্থানকে পর্যটন কেন্দ্র করলে সরকার প্রচুর পরিমান রাজস্ব পেত বলে মনে করেন সচেতন মহল।
দৃষ্টি নন্দন তাহিরপুর উপজেলার নান্দনিক সৌন্দর্য্যকে উপভোগ করতে চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে বাস যোগে সুনামগঞ্জ জেলা সদরে আসতে হবে।জনপ্রতি ভাড়া নেবে ৫০০টাকা। ওখান থেকে সিএনজি,লেগুনা অথবা মোটরসাইকেলে সরাসরি চলে যাবেন তাহিরপুর উপজেলা সদর।ভাড়া নেবে জন প্রতি একশ টাকা। অথবা ঢাকা থেকে সরাসরি গাড়ি নিয়ে আসতে পারেন তাহিরপুর উপজেলা সদর। তাহিরপুর উপজেলা সদর থেকে ইঞ্জিন চালিত নৌকাযোগে টাঙ্গুয়া হাওর,টেকেরঘাট, বারিক্যার টিলা,বড়ছড়া-চারাগাও স্থল শুল্ক ষ্টেশন,শাহ আরেফিন (রহঃ) আস্থানা,অদ্বৈত মহাপ্রভূর আশ্রম।যেখানেই যান ভাড়া আলাপ করে নিবেন দিনব্যাপী ভাড়া ৮শ থেকে ১ হাজার টাকার মধ্যেই হবে।
উত্তর বড়দল ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, বারিক্যার টিলা একটি প্রাকৃতিক সৌন্দর্যময় স্থান পাশেই মেঘালয় পাহাড় এবং বালি পাথর সমৃদ্ধ যাদুকাটা নদী সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দয্যে এই লীলা ভূমি যে কোন বয়সী পর্যটককে আকর্ষন করবে। এলাকাবাসীর দাবী বারিক্যার টিলায় পর্যটন কেন্দ্র স্থাপন করা হোক।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বারিক্যার টিলায় পর্যটন কেন্দ্র স্থাপনের একটি অন্যতম স্থান। সবুজ শ্যামল প্রকৃতির রুপে শোভামন্ডিত এই পাহাড়ী টিলাটিতে পর্যটন কেন্দ্র স্থাপন করা হলে রাজস্ব আয়ের পাশাপাশি বিশাল এই পাহাড়ী বনভুমি ভূমি দখলদারদের হাত থেকে রক্ষা পাবে।