আমিনুল ইসলাম, তাহিরপুর
টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ আনসারদের বিরুদ্ধে হাওরপাড়ের কৃষক-জেলেদের হয়রানির অভিযোগ করেছেন। চলতি বছর উপজেলার ছোট-বড় ২৩টি হাওরের কাঁচা ধান তলিয়ে যাওয়ায় হাওরপাড়ের কৃষক জেলেদের একমাত্র বেঁচে থাকার উপায় বাড়ীর আশপাশে মাছ ধরা। কৃষকদের ঘরে ধানচাল না থাকায় এ বছরের বৈশাখ মাসেই তাদের গৃহস্থালির গরু-বাছুর বিক্রি করে তারা মাছ ধরার নৌকা ও অন্যান্য সরঞ্জামাদি কিনে প্রতিদিনই মাছ আহরণ করে তা বিক্রি করে পরিবারের ভরণ পোষণ করছেন। এদিকে রবিবার ভোরবেলা তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা ও আশপাশ
গ্রামের ১২টি ইঞ্জিনচালিত নৌকা ও মাছ ধরার সরঞ্জামাদি ধরে নিয়ে যায় টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ আনসার সদস্যরা। এ ঘটনার প্রতিবাদ জানাতে কৃষক-জেলেদের পরিবারের সদস্যরা দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে যান।
পাঠাবুকা গ্রামের কৃষক সাইকুল মিয়ার স্ত্রী তকমিনা বেগম জানান, তারা এসেছিলেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ আনসারদের বিরুদ্ধে নালিশ করতে। ওরা কিভাবে হাওরপাড়ের জেলেদের উপর অত্যাচার করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য। উপজেলা নির্বাহী অফিসার তার কার্যালয়ে না থাকায় তারা নালিশ করতে না পেরে বাড়িতে চলে যান।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের ইউপি সদস্য শিমুল মিয়া বলেন, টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ আনসাররা হাওরপাড়ের কৃষকদের যেভাবে অত্যাচার নিপীড়ন করে আসছে এটা চলতে থাকলে হাওরপাড়ের মানুষ না খেয়ে মারা যাবে। টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ আনসার সদস্যরা পাঠাবুকা, লতিবপুর, সুলেমানপুর ও জীবনপুর গ্রামের পাশ থেকে মাছসহ ১২টি নৌকা ও মাছধরার সরঞ্জামাদি জোরপূর্বক নিয়ে যায়। আমরা হাওরবাসী সুনামগঞ্জ জেলা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার বলেন, ‘সরকার কৃষকদের বাঁচানোর লক্ষ্যে কোটি কোটি টাকা ভতুর্কি দিচ্ছে আর টাঙ্গুয়া হাওরে কর্তব্যরত পুলিশ-আনসার সদস্যরা কৃষক ও জেলেদের অত্যাচার করে নৌকা ও চিংড়ি মাছ ধরার সরঞ্জামাদি নিয়ে যাচ্ছেন, এটা কখনো মেনে নেয়া যায় না।