রাষ্ট্রের দায়িত্বশীল মহল থেকে যখন বলা হয় ‘টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র রক্ষায় আইইউসিএন ব্যর্থ হয়েছে’ তখন স্বভাবতই তাদের উপর কিছু দায়িত্ব এসে যায়। শনিবার সুনামগঞ্জে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের মহাপরিচালক। যেহেতু সমস্যা বুঝা গেছে তখন সমাধানের পথে অগ্রসর হওয়াটাই তখন দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু টাঙ্গুয়ার হাওর ও হাওরের জীববৈচিত্র রক্ষায় রাষ্ট্রের কার্যকর কোন উদ্যোগ দৃশ্যমান নয়। বস্তুত এই কথাটি গত কয়েকবছর যাবৎ বিভিন্ন মহল থেকে বারবার উচ্চারিত হচ্ছে। খোদ মহাপরিচালক শনিবার বলেছেন, ‘২০১৫ সালেই আমরা সুপারিশ করেছিলাম টাঙ্গুয়ার হাওরে ইঞ্জিন নৌকা ঢুকা বন্ধ করে দিতে হবে’। এই সুপারিশ বাস্তবায়ন যে হলো না সে জন্য কাউকে কি এযাবৎ জবাবদিহি করতে হয়েছে? সমস্যাটা এখানেই। আমরা যত কথাই বলি না কেন, বলার পর সেটি বাস্তবায়নের বেলায় আমরা ততটা উদ্যোগী ভূমিকায় থাকি না। এই উদাসীনতার জের ধরেই টাঙ্গুয়ার মাছ ও বৃক্ষ দেদারসে উজার হয়েছে। নতুবা যে নীতিমালার আওতায় আইইউসিএন টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছিল তাতে এখন এই হাওরটি সম্পদে প্রাণ বৈচিত্রে ভরপুর থাকার কথা ছিল। তা তো হয়ই নি। উল্টো এই ঐশ্বর্যময় হাওরকে আমরা এখন নিরাভরণ হতশ্রী দরিদ্র এক জলাশয়ে পরিণত করেছি। আইইউসিএন ২০১৬ সনের আগস্ট পর্যন্ত এই হাওরের দেখভালের দায়িত্বে নিয়োজিত ছিল। শনিবারের মতবিনিময় ষভার তথ্য অনুসারে জানা যায় পুনরায় ২০১৭ সনের ডিসেম্বর পর্যন্ত হাওর দেখাশুনার দায়িত্ব আইউসিএনকেই দেয়া হয়েছে (এই তথ্যটি নতুন, আমাদের অজানাই ছিল এটি এতদিন)। কথা হচ্ছে যে প্রতিষ্ঠান স্পষ্টত হাওরের পরিচর্যা করতে ব্যর্থ হয়েছে বরং একে সম্পদহীন করার দায়-দায়িত্ব যাদের উপর বর্তেছে তারাই কী ভাবে নতুন মেয়াদে হাওরের দায়িত্ব পায়? সুতরাং মতবিনিময় সভার ভাল ভাল কথায় এখন কেউ আর আশান্বিত হতে পারছেন না।
আমরা বারবার বলে আসছি দেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ ভা-ার টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনার সাথে স্থানীয় মানুষকে সম্পৃক্ত করতে হবে। স্থানীয় মানুষ আগেও সম্পৃক্ত ছিলেন সমিতির মাধ্যমে, কিন্তু এই জনঅংশগ্রহণ খুব কাজে আসে নি, অভিজ্ঞতায় দেখা গেল। এখন কোন পদ্ধতিতে জনগণকে সম্পৃক্ত রাখলে তারাই তাদের হাওর পাহাড়া দিবেন সেই উপায় উদ্ভাবন করাটা হলো জরুরি। এরসাথে নতুন করে এই হাওরকে আবারও মাছ ও গাছের প্রাচুর্য দান করার যাবতীয় কৌশল উদ্ভাবন করতে হবে। আমাদের কাছে মনে হয়েছে, ব্যবস্থাপনায় নীতিগত কোন ঘাটতি ছিল না। ঘাটতিটা ছিল বাস্তবায়ন পর্যায়ে অনুসৃত নীতিমালা লংঘনের বিষয়টিকে বন্ধ না করতে পারা। সুতরাং সর্বপ্রথম বাস্তবায়নে জড়িত সরকারি-বেসরকারি সংস্থার সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ করে দিতে হবে। দায়িত্বকালীন অবস্থায় হাওরের অবনতির জন্য তাদেরকে দায়ী করার বিধান রাখতে হবে। আমরা দেখেছি এই হাওরকে ঘিরে একটি দুর্নীতিচক্র গজিয়ে উঠেছিল। এই দুর্নীতিবাজরা মাছ ও গাছ উজারে সহায়তা দিয়েছে। এই জায়গাটিকে কঠোরভাবে দমন করতে হবে। আর তখনই আইইউসিএন কেন যেকোন সংস্থাই ইতিবাচক ফলাফল দেখাতে সমর্থ হবে।
টাঙ্গুয়ার হাওরের গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকার দিয়ে একে রক্ষা এবং পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে হবে। নতুবা দেশের পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি আটকানো যাবে না। ইজারাদারি প্রথার বাইরে থেকেই হাওর রক্ষার উপায় উদ্ভাবন করতে হবে। আইউসিএন যদি আবারও এখানে ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে আসে তাহলে তাদেরকে সুস্পষ্টভাবে জবাবদিহিতার ব্যবস্থা করে দিতে হবে। আর এই ব্যবস্থাপনায় অবশ্যই হাওরপাড়ের মানুষকে সরাসরি সম্পৃক্ত রাখতে হবে।