- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়ায় জ্যোৎস্না উৎসব- বাইরের পর্যটক ছিলেন কম

বিশেষ প্রতিনিধি
টাঙ্গুয়ার হাওরের জ্যোৎস্না উৎসবে পর্যটকদের রেজিস্ট্রেশন কম হওয়ায় সংশ্লিষ্ট অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন,‘হাওরের মাঝখানে উৎসব নিয়ে পরিবেশ কর্মীদের লেখালেখিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা যারা আসতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত তারা আসেননি’। কেউ বলেছেন,‘যে যেভাবে পারেন, নিজ দায়িত্বে এই উৎসবে যেতে পারবেন- কর্তৃপক্ষের এই ঘোষণায় পর্যটকরা যার যার মতো এসেছেন, ২৫০০ টাকা দিয়ে অনেকেই রেজিস্ট্রেশন করেননি’।
উদ্যোক্তারা জানিয়েছেন ২ দিনের জ্যোৎস্না উৎসবে ১১৭ জন পর্যটক রেজিস্ট্রেশন করেছেন। অথচ. উৎসবের কয়েক দিন আগে থেকেই রেজিস্ট্রেশনের জন্য প্রচারণা চালানো হচ্ছিল। সুনামগঞ্জ শহরে জ্যোৎস্না উৎসবে যেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করার জন্য ২ দিন আগেও মাইকিং করা হয়েছিল। কিন্তু পর্যটক রেজিস্ট্রেশনের খাতায় মাত্র ১১৭ জনের রেজিস্ট্রেশন নিয়েই শনিবার বিকালে শেষ হয়েছে ২ দিনের জ্যোৎস্না উৎসব।
জ্যোৎস্না উৎসবের প্রথম দিন শুক্রবার টাঙ্গুয়ার হাওরের রূপাবই বিল ও আশপাশের হিজল-খরচ বাগ এলাকায় ঘুরে যাদের পাওয়া গেছে-তাদের বেশিরভাগই ছিলেন হাওর পাড়ের বাসিন্দা কিংবা তাহিরপুরের অন্য অঞ্চল বা সুনামগঞ্জের বাসিন্দা। শুক্রবার সকাল ও দুপুরে সিলেট নগর থেকে কিছু পর্যটক আসলেও এই সংখ্যা খুব বেশি ছিল না।untitled-1
টাঙ্গুয়ার হাওর দেখতে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাদল রহমান বলেন,‘বুধ ও বৃহস্পতিবার ফেইসবুকে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের মাঝখানে এই উৎসব প্রসঙ্গে পরিবেশ কর্মীদের দেওয়া স্ট্যাটাস সমর্থন করেছেন যারা তারা উৎসবে আসতে নিরুৎসাহিত ছিলেন, আমরা ৪ জন বন্ধু আগে থেকেই ঈদের ছুটিতে এখানে আসার পরিকল্পনা ছিল, এজন্য এসেছি’।
পরগনা বাজার, খাদিমনগর-সিলেট থেকে স্বপরিবারে টাঙ্গুয়ার হাওর ও জ্যোৎস্না উৎসব দেখতে আসা সাকিব বলেন, ‘আমরা ঈদের আগেই বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে রেজিস্ট্রেশন করেছিলাম। উদ্যোক্তারা তখনই বলেছিলেন- রেজিস্ট্রেশন অনেক হয়ে গেছে, দ্রুত না করলে হয়তো ক্লোজ হয়ে যেতে পারে’। তিনি বলেন,‘এখানে এসে আমরা নিরাপত্তার বিষয়টি কেবল সঠিক পেয়েছি। আগে বলা ছিল শুক্রবার সকালে এসে রেস্ট হাউসে বা অন্য কোন স্থানে বিরতিকালীন ফ্রেস হওয়ার ব্যবস্থা থাকবে। কিন্তু সেটি ছিল না, আমাদের ট্রলারে ১৮ জনের জন্য দেওয়া হয়েছিল ৪ টি বালিশ’।
সিলেটের হাউজিংস্টেট এলাকার তামন চৌধুরীসহ ১৯ জন রেজিস্ট্রেশন করে এক ট্রলারে জ্যোৎস্না উৎসবে এসেছিলেন। তামন বলেন,‘রেজিস্ট্রেশনের টাকার তুলনায় সার্ভিস কম ছিল’
ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মলয় বলেন,‘সুনামগঞ্জের সাবেক জেলা প্রশাসক বর্তমানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আইন) জাফর সিদ্দিক উৎসবের আগের দিন তার ফেইসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন,‘টাঙ্গুয়ায় জ্যোৎস্না উৎসবের সংবাদটি পড়ে আমি খুবই নিরুৎসাহিত হয়েছি। কারণ টাঙ্গুয়ার হাওরের মতো একটি সংবেদনশীল প্রতিবেশ ব্যবস্থার জন্য এটি কী ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে উদ্যোক্তাদের কেউ তা ঘুর্ণাক্ষরেও উপলব্ধি করতে পারছে বলে আমার মনে হয়নি।’ মলয়ের মতে, এই স্ট্যাটাস পড়ে উৎসবে আসতে প্রস্তুত অনেকে মত পাল্টেছেন।sunamgonj-pic-17-09-16
উৎসবের উদ্যোক্তা তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন,‘উৎসবে আসা পর্যটকদের রেজিস্ট্রেশনে বাধ্যবাধকতা ছিলা না। এ জন্য অনেকে যার যার মতো গিয়েছেন। তাহিরপুরে আসার পর ওয়াসরুমের ব্যবস্থা কোন পর্যটক পাননি, এটা বললে ঠিক হবে না। উপজেলা পরিষদের সকল বাথরুম উন্মুক্ত করে দেওয়া হয়েছিল’। রেজিস্ট্রেশন ফি’ বেশি করায়ও অনেকে রেজিস্ট্রেশন না করে নিজের মতো করে গিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
সাবেক সাংসদ নজির হোসেন উৎসবে লোক সমাগম বা পর্যটক কম ছিলো না মন্তব্য করে বলেন, ‘টাঙ্গুয়ার হাওর গত ১৩ বছর যে ব্যবস্থার মধ্যে ছিল বা আছে, এটি কাজে আসেনি। মাছের উৎপাদন বিনষ্ট হয়েছে। গাছ লাগানো হয়নি। প্রায় ৭০ কোটি টাকা ব্যয় হয়েছে অথচ মাছ ৯০ ভাগ, গাছ ৮০ ভাগ, পাখি ৭০ ভাগ কমেছে। বছরে ৫০ কোটি টাকার মাছ বিক্রি হবার কথা, হয়েছে এক কোটি টাকার’। উৎসব প্রসঙ্গে তিনি বলেন,‘এটি টাঙ্গুয়ার সম্ভাবনাকে তুলে ধরার একটি প্রয়াস। এখন পাখি মৌসুম নয়। এর ফলে হাওরের কোন ক্ষতি হবার আশংকা নেই’।

  • [১]