স্টাফ রিপোর্টার
টাঙ্গুয়ার হাওরে ট্রলারডুবিতে ৪ জন নিখোঁজ রয়েছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গুয়ার হাওরের হাতিরঘাতা এলাকায় ছোট একটি ট্রলারডুবির ঘটনায় এরা নিখোঁজ হন। সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিস কর্মীরাসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলের আশপাশে আড়াই ঘণ্টা চেষ্টা করে নিখোঁজদের খুঁজে না পেয়ে বিকাল সাড়ে ৫ টায় উদ্ধার কর্মীরা ফিরে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে হাওরপাড়ের লামাগাঁওয়ে বাসন্তি পূজার মেলায় মিষ্টির দোকান দেবার জন্য ইন্দ্রপুর থেকে ছোট একটি ট্রলারে হাওর পাড়ের রামসিংহপুরের বাবুল মিয়ার ছেলে আরিফ
মিয়া (৩২), একই গ্রামের আব্দুল আলী’র ছেলে মুক্তার আলী (৩৪), হুকুমপুর গ্রামের নুরুল আমিনের ছেলে এসডো মিয়া (৩৫), লাকমা গ্রামের নুরুল ইসলামের ছেলে জাকির হোসেন (২৫), ধাতিয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে ফজলুল হক (৫৫), তার স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং ৩ বছরের শিশু পুত্র জুবায়েলকে নিয়ে রওয়ানা দেন। বিকাল ৫ টায় হাতিরঘাতা এলাকায় পৌঁছালে প্রচ- ঝড়ের কবলে পড়ে ডুবে যায় ট্রলারটি।
আনোয়ারা বেগম তাঁর শিশুপুত্রকে এক হাতে নিয়ে কিছুক্ষণ সাতার কাটলেও এক পর্যায়ে পুত্র জুবায়েলকে ছেড়ে দেন তিনি।
ডুবে যাওয়া যাত্রীদের ৪ জন সাঁতার কাটতে কাটতে পায়ে মাটির ভর পেলে ওখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন। রাত আড়াইটায় জেলেরা এসে এই ৪ জনকে উদ্ধার করে। কিন্তু শিশু জুবায়েল, হযরত আলী, ফজলুল হক এবং জাকির হোসেনকে মঙ্গলবার বিকাল ৩ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত সুনামগঞ্জের ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করেও খুঁজে পাননি।
টাঙ্গুয়ার হাওরের দায়িত্বরত ম্যাজিষ্ট্রেট সাকিল আহমদ জানান,‘প্রচ- ঝড় এবং ঢেউয়ের মধ্যেই ডুবুরিরা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে কাউকে খুঁজে না পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে উদ্ধার কর্মীরা ফিরে আসেন।’