- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টাঙ্গুয়া বাঁচানোর মূল দায়িত্ব নিতে হবে হাওরপাড়ের জেলে-কৃষকদেরই

রবিবার গভীর রাতে টাঙ্গুয়ার হাওরের অন্তর্ভূক্ত আলমের দুয়ার জলমহালে দুই চোরা জেলে দলের সংঘর্ষে মোছাব্বির মিয়া নামক এক জেলের মৃত্যু ঘটেছে। হাওরে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোছাব্বির মিয়ার মৃত্যুর সাথে মাছ ধরার কোন সম্পর্ক নেই উল্লেখ করে বলেছেন ওই লোক পানিতে পড়ে মৃত্যুবরণ করেছেন। তিনি দুর্ঘটনাস্থলকে টাঙ্গুয়ার হাওর বহির্ভূত বলেও উল্লেখ করেছেন। অথচ স্থানীয় হাওর পাড়ের অধিবাসীরা নিশ্চিত করেছেন মোছাব্বির মিয়ার মৃত্যুটি মাছ ধরাকে কেন্দ্র করেই সংঘটিত হয়েছে। হাওরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মতে মোছাব্বির মিয়ার ছেলে অন্য একটি ছেলের সাথে মারামারি করছিল এমন খবর পেয়ে যাওয়ার সময় নৌকা থেকে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে। এখানে একটি প্রশ্ন আসে সেটি হলো, গভীর রাতে জলমহাল এলাকায় দুই ছেলে মারামারি করতে যাবে কেন। আর হাওরপাড়ের কোন ব্যক্তি শেষ শীতের অগভীর শান্ত পানিতে ডুবে মরতে পারে সেটিও বিশ্বাসযোগ্য নয়। অস্বীকার করলেই বাস্তবতা তিরোহিত হয় না। বৃহত্তর টাঙ্গুয়ার হাওরে বিগত দশকের উপর ধরে অব্যাহতভাবে মাছ চুরি, পাখি শিকার, বৃক্ষ নিধন এমন কর্মকা- অবাধেই চলছে, এটি এখন স্বীকৃত সত্য। হাওরের দায়িত্বপ্রাপ্ত বেসরকারি সংগঠন বিশাল ব্যর্থতা নিয়েই তাদের প্রকল্প কর্মকা- শেষ করেছে। যে প্রতিশ্রুতি ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করে টাঙ্গুয়ার হাওরকে ইজারামুক্ত করে সরকারি ব্যবস্থাপনায় এনে আইইউসিএনকে হাওরের উন্নয়নের দায়িত্ব দেয়া হয়েছিলো ত্রা কিঞ্চিৎমাত্র অগ্রিগতি সাধিত হয় নি। পক্ষান্তরে সম্পদহারা হয়েছে এই সম্পদবতী হাওরটি। কিছুদিন আগে জেলা প্রশাসকের কার্যালয়ে আরেকটি বেসরকারি সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভায় বিভিন্ন ক্ষেত্রের ব্যক্তিরা এই ব্যর্থতার কথা তুলে ধরেছিলেন। এখন কথা উঠেছে ব্যর্থতার প্রতিফল হিসেবে বিশাল এই হাওর-জলমহালকে আবার ইজারাপ্রথায় ফিরিয়ে নেওয়ার। অগ্রগতির লক্ষণ হলো সামনের দিকে অগ্রসর হওয়া, এখানে পিছনে ফেরার কথা উঠেছে। এটি অগ্রগতি নাকি অবনতি সে বিষয়ে বিস্তর তর্ক-বিতর্কের অবকাশ রয়েছে। আসল কথা হলো সরষের ভিতর থাকা ভুত তাড়াতে না পারলে কোন ব্যবস্থাপনাই এখানে টেকসই হবে না।
টাঙ্গুয়ার হাওরে দল বেঁধে মাছ চুরি করা কিংবা এসব চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ, মৃত্যু এসব বিষয়কে অস্বীকার না করে স্বীকার করে নিয়েই আমাদের অগ্রসর হতে হবে। দরকার কঠোর আত্মসমালোচনা ও মূল্যায়নের। যেসব ত্রুটি গত ১৩ বছর ধরে টাঙ্গুয়াকে হতশ্রী করেছে সেগুলো ক্রমিক নম্বর করে করে তালিকাভুক্ত করতে হবে। এরপর এখান থেকে পরিত্রাণের পথ কী সেটি উদ্ভাবন করা দরকার। কোন সময়ই ইজারাপ্রথা মাদার ফিসারি হিসেবে একসময় খ্যাত এই জলাভূমিকে ধারণ করতে পারবে না। ইজারাবৃত্তি মানেই মুনাফা। মুনাফা মানেই লুণ্ঠন। মুনাফার মৃগয়াক্ষেত্রের পরিবর্তে এই হাওর-জলাশয়কে আবারও মাছের-পাখির অভয়ারণ্য, জীব ও উদ্ভিদ বৈচিত্রের ভা-ার হিসেবে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে সরকারি নিয়ন্ত্রণেই। এখানে শুধু একটি বিষয়কেই নিয়ন্ত্রণ করলে চলবে। দুর্নীতি দুর্নীতি এবং দুর্নীতি। দুর্নীতি রোধ করা গেলে ব্যবস্থাপনার কোন মডেলই অসফল হবে না।
টাঙ্গুয়ার হাওরকে বাঁচানোর জন্য মূল পাহাড়াদারের দায়িত্ব নিতে হবে হাওরপাড়ের জেলে-কৃষকদেরই। এজন্য হাওরটি তাদেরইÑ এমন পরিবেশ নিশ্চিত করাসহ হাওরবাসীর বিকল্প কর্মসংস্থান করা আবশ্যক। আমরা জানি বিশাল টাঙ্গুয়ার হাওরে রয়েছে বহু খাস জমি যেগুলোতে বোরো চাষাবাদ করা সম্ভব। এছাড়া মূল জলমহাল (বিল) এলাকার বাইরে বিস্তীর্ণ জলাভূমি গড়ে উঠে বর্ষা মৌসুমে। খাসজমি বন্দোবস্ত বিলগুলোকে সীমানা দিয়ে চিহ্নিতকরণ এবং ভাসান পানিতে মাছ ধরার অধিকার দিয়ে হাওরবাসীকে ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা যায়।
 

  • [১]