স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওর সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ওয়াচ টাওয়ার সংলগ্ন মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে টাঙ্গুয়া হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
মঙ্গলবার বিকাল ৩টায় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিট’ুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এমরান হোসেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ^জিত সরকার, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, সুনামগঞ্জ হিলিপ প্রকল্পের ব্যবস্থাপনা সমন্বয়কারী ধ্রুব কান্ত কুন্ডু, টাঙ্গুয়া হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’র সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক আহাম্মদ কবীর, সাবেক কোষাধ্যক্ষ খসরু মিয়া।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার জায়গা জুড়ে অবস্থিত রামসার সাইট খ্যাত টাঙ্গুয়ার হাওর। এটি জীব বৈচিত্র্যের আধার। টাঙ্গুয়া হাওরের বৈশিষ্ট্য দেশের অন্য ক’টি হাওরের চেয়ে একটু ভিন্ন। এই হাওরের পানি খুবই স্বচ্ছ হওয়ায় সূর্যের আলো সহজেই পানির নীচ পর্যন্ত পৌঁছে যায় যা জলজ উদ্ভিদ বেড়ে উঠতে সাহায্য করে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারী বক্তাদের সুপারিশের মধ্যে ছিল টাঙ্গুয়া হাওরে হানিয়া কলমা বিল দ’ুটির ইজারা বাতিল করা, হাওরে সর্বত্র হাঁসের খামার নিষিদ্ধ করা, টাঙ্গুয়া হাওরের ভিতর দিয়ে কয়লা চুনাপাথরবাহী নৌকা না চালিয়ে বিকল্প নৌরুটের সন্ধান, টাঙ্গুয়া হাওরের পরিবেশ রক্ষায় মানুষকে সচেতন করে তোলা, হাওরের সম্পদ রক্ষায় আধুনিক প্রযুক্তির সহযোগিতা গ্রহণ, টাঙ্গুয়ার হাওরে সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি একটি আলাদা কর্তৃপক্ষ গঠন করে নজরদারি বাড়ানো, টাঙ্গুয়া হাওরের জনগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, হাওরের মানুষকে গাছ ও বন কাটা থেকে বিরত রাখতে বিকল্প জ¦ালানির ব্যবস্থা করা ইত্যাদি।