- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টানা বর্ষণে হাওরে জলাবদ্ধতা উভয় সংকটে কৃষক

বিশেষ প্রতিনিধি
উভয় সংকটে পড়েছেন সুনামগঞ্জের প্রান্তিক কৃষকরা। গত ৩ দিনের লাগাতার বৃষ্টিতে হাওরের নিচু এলাকার জমি তলিয়ে গেছে।। এখন পানি বের করতে বাঁধ কাটলে উল্টো হাওরে ঢুকবে নদীর পানি। জলাবদ্ধতার এমন সংকট জেলার বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দিরাই, শাল্লা, জগন্নাথপুর, দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় বেশি।
শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অবনী মোহন দাস বলেন,‘সকাল থেকে উপজেলার কয়েকটি হাওর ঘুরে দেখেছি, মনে হয়েছে কৃষকরা উভয় সংকটে পড়েছেন। তাদের চোখের সামনে জমির ধান জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে, কিন্তু করার কিছুই নেই। বোরো ধান থুর বের হওয়ার পর ডুবে গেলে নষ্ট হয়ে যায়, আবার থুর বের হবার আগে ডুবলেও নষ্ট হয়। পাকা ধান হলে তড়িঘড়ি কিছু কেটে আনা যেত, কিন্তু এখনও অনেক ধানে থুড়ই আসেনি’। তিনি জানান, শাল্লার গিলটিয়া, ছায়ার হাওর ও বরাম হাওরের নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে’।
শাল্লার পূর্ব ইয়ারাবাদের কৃষক মঙ্গল মিয়া বলেন,‘চৈত্র মাসের এই সময়ে এর আগে কোন দিন আমার জমি নষ্ট হয়নি। এবার ৮ কেয়ার জমি চাষ করেছিলাম, গতকাল ৪ কেয়ার ডুবে গেছে’।
উপজেলার বাহাড়া ইউনিয়নের পণ্ডিত তালুকদার বলেন,‘৮ কেয়ার জমি বর্গা করেছিলাম, ৩ কেয়ার তলিয়ে গেছে’।
বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন,‘ছায়ার হাওরের নিচু এলাকা তলিয়ে গেছে, মঙ্গলবার বিকালে এলাকার শত শত মানুষ জড়ো হয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম মাউতি বাঁধ কেটে দেবে পানি নামানোর জন্য। বুধবার সকালে মাউতি বাঁধের কাছে গিয়ে দেখি দাঁড়াইন নদীর পানি কয়েকফুট বেড়েছে। এখন বাঁধ কাটলে উল্টো হাওরে ঢুকবে পানি’। তিনি জানান, হাওরের হুলহুলিয়া অংশে ক্ষতি হয়েছে বেশি।
দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের চেয়ারম্যান রতিকান্ত দাস বলেন,‘ইউনিয়নের কালিকুটা হাওরের নিচু জমি তলিয়ে গেছে, বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে’। তিনি জানান, কালিকুটা হাওর ডুবলে উপজেলার চরনারচর, রাজানগর, ভাটিপাড়া এবং শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের হাজার হাজার কৃষকের জমি ডুবে যাবে।
মধ্যনগরের চামরদানী ইউপি চেয়ারম্যান প্রভাকর তালুকদার পান্না বলেন,  ‘ইউনিয়নের হারিবন, কালিয়ানি, গুরমা, ঘোড়াডুবা ও হারিবন্দ হাওরের নিচু জমি তলিয়েছে’। তিনি জানান, এই অবস্থা ধর্মপাশা উপজেলার অন্যান্য হাওরেও।
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, পাকনার হাওরের নিচু জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এখন পানি বের করার চেষ্টা করলে ‘খাল কেঁটে কুমির আনা’র অবস্থা হবে’। তিনি জানান, হাওরের বেশ কিছু অংশে ধানের ছড়ার গলা সমান পানি হয়েছে। এই ধান এখন কাটাও যাবে না, পানি না কমলে ধান নষ্ট হয়ে যাবে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন,‘গত ২-৩ দিনের লাগাতার বৃষ্টি দেখে আজ পাউবো ও কৃষি কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। পাউবো’র প্রকৌশলীদের বলা হয়েছে কোন বাঁধ ভেঙে পানি ঢুকলে কাউকে ছাড় দেওয়া হবে না। যে সব হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, পাউবো প্রকৌশলীরা সরেজমিনে উপস্থিত থেকে বাঁধ কেঁটে পানি বের করে দেবার সুযোগ থাকলে বের করে পুনরায় বাঁধ তাদের (পাউবো’র) তত্বাবধানে তৈরি করে দেবার জন্য বলা হয়েছে’।

  • [১]