- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টানা বর্ষণ ও উজানের ঢল- তাহিরপুরে রাস্তাঘাট ও বসতবাড়ির ব্যাপক ক্ষতি

আমিনুল ইসলাম, তাহিরপুর
গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে তাহিরপুর সীমান্তের চাঁনপুর এলাকার রাস্তাঘাট ও বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামের নয়াছড়ার পানির তোড়ে বড়ছড়া স্থল শুল্ক্ক স্টেশনে চলাচলের রাস্তা স্থানে স্থানে ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একটি বসতঘর নিশ্চিহ্ন হওয়ার ছয়টি বসতভিটা ভাঙনের মুখে পড়েছে। ছড়ার পানি উপচে আশপাশের চাষাবাদের জমিগুলোতে বালু পড়ে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে।
নয়াছড়ার পাশে অঞ্জনা বেগমের ১টি বসত ঘর নিশ্চিন্ন হয়ে গেছে এবং আব্দুল আওয়াল, সুহেল মিয়া, মনফর মিয়া, মুজিবুর রহমান, ইদু মিয়া ও বাবুল মিয়াসহ ৬টি বসতভিটা ভাঙ্গনের মুখে পড়েছে।
চানপুর নয়াছড়া এলাকার বাসিন্দা অঞ্জনা বেগম (৩৫) বলেন, বর্তমানে তার বসতঘর না থাকায় অন্যের বাড়িতে ২ সন্তান নিয়ে একটি ছাপড়া ঘরে বর্তমানে বসবাস করছেন।
সত্তর বছরের বৃদ্ধ মুজিবুর রহমান বলেন, ছড়ার পাড়ে বসতবাড়ি থাকায় পরিবার নিয়ে তিনি মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন। ছড়ার পানির স্রোতে বাড়িঘর ভাঙ্গনের মুখে পড়েছে।
উত্তর বড়দল ইউনিয়নের রাজাই গ্রামের বাসিন্দা হেকমত আলী বলেন, চাঁনপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নয়াছড়া দিয়ে ২০/২৫ বছর আগে মেঘালয় পাহাড়ের পানি সহজেই নীচু এলাকাতে নেমে যেতো। পরবর্তীতে নয়াছাড়ার তলদেশ বালুতে ভরাট হয়ে যাওয়ায় ছড়াতে সামান্য পরিমান পানি হলেই তা আশপাশের এলাকাসহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়। এ সমস্যা দুরীকরণে ছড়াটি জরুরী ভিত্তিতে খনন করা জরুরী বলে তিনি মনে করেন।
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গুটিলা গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন বলেন, সীমান্তের চানপুর, রজনীলাইন ও রঙ্গাছড়া এলাকাকে নিরাপদ জনপদে গড়ে তুলতে হলে নয়াছড়াটি সরকারী উদ্যোগে খনন করা জরুরী। এছাড়াও এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগীতার জন্য তিনি সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত আবেদন করেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, চানপুর এলাকা থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে লোকজন তাঁকে ফোনে বিষয়টি অবগত করেছেন। তিনি দ্রত সময়ের মধ্যে এলাকাটি পরিদর্শন করবেন এবং ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার আওতায় আনবেন বলেও তিনি জানান।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, চানপুর নয়াছড়াটি খননের বিষয়ে তিনি উপজেলা পরিষদের সমন্বয় সভায় আলোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।

  • [১]