- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টানা বৃষ্টির কারণে দুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার
টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন অফিসযাত্রী, ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষার্থী সাধারণ মানুষ। বৃষ্টির প্রভাব পড়েছে শহরে বিভিন্ন মার্কেটের বিপণিবিতান, কিচেন মার্কেট, ফলের দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আদালত, বাস টার্মিনালে। বৃষ্টির কারণে বিপণিবিতান, কিচেন মার্কেট, ফলের দোকান ক্রেতাদের ভিড় অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম হচ্ছে।
শহরে লন্ডন প্লাজার বেবি স্টোরের মালিক ফরহাদ জানান,‘ব্যবসার অবস্থা খুবই খারাপ। বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বাহির হতে পারছে না। মানুষ না আইলে ব্যবসা হবে কি করে।
আলফাত স্কয়ারের ফল বিক্রেতা বাচ্চু কুমার লোহ জানান,‘ বৃষ্টির কারণে ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে। বিক্রি না হওয়ায় ফলে পচন ধরে গেছে। আরও দু’একদিন এমন হলে আমাদের অবস্থা কাহিল হয়ে যাবে।’
কিচেন মার্কেটের মাছ বিক্রেতা গিয়াস উদ্দিন বলেন,‘দিন খারাপের জন্যে হাওরে মাছ পাওয়া যায় না। যার কারণে বাজারে মাছ তেমন নাই। আর বৃষ্টি হওয়ায় মাছ বাজারে ক্রেতার সংখ্যাও কম।’
এদিকে টানা বৃষ্টিপাতের কারণে শহরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কিছু কমে গেছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম সাময়িক পরীক্ষা চলার কারণে শিক্ষার্থীরা বৃষ্টিতে ভিজে পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়া ছাত্রী মিতা তালুকদার জানায়,‘অনেক কষ্ট করে বৃষ্টির পানিতে ভিজে পরীক্ষা  দিতে আসলাম। চার পাঁচদিন যাবৎ এভাবেই পরীক্ষা দিতে হচ্ছে। অনেক সময় পরীক্ষার হলে আসতেও দেরি হয়ে যায়।’
সরকারি  অফিস আদালতগুলোতে সেবাগ্রহীতাদের ভিড় তেমন চোখে পরেনি। দুপুরের আগেই ফাঁকা হতে থাকে সরকারি বিভিন্ন দপ্তর।
আদালতে আসা দক্ষিণ সুনামগঞ্জ থেকে আসা আব্দুল মন্নান জানান,‘ আইছলাম কেইছের কাজে। খালি মেঘ আর মেঘ। খুব কষ্ট খইরা আইছি। বৃষ্টি থামলেই যাইমুগি।
এদিকে টানা বৃষ্টিতে প্রভাব পরেছে শহরের নতুন  বাসস্ট্যান্ড ও পুরাতন বাস স্ট্যান্ড এবং সরমা ব্রীজের অস্থায়ি মটর বাইক স্ট্যান্ডেও। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রয়োজনীয় কাজে শহরে আসতে পারছেন না যাত্রীরা।
দিরাই থেকে আসা অরবিন্দু দাস বলেন,‘শহরের জরুরী কাজ ছিলো। না হলে এই বৃষ্টিতে ভিজে কষ্ট করে আসতাম না। গতকালও বৃষ্টির কারণে ঘর থেকে বাহির হতে পারি নি।
পথচারি দুলাল মিয়া জানান,বৃষ্টির কারণে ঘর থেকে বাহির হওয়া যাচ্ছে না। কিছু সময়ের জন্যে বৃষ্টি থামলে ছাতা ছাড়া বাহির হলেই বিপদ,যে কোন সময় বৃষ্টি আসতে পারে
উল্লেখ্য গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত সুনামগঞ্জ শহরে বৃষ্টির পরিমাণ ছিল ২২০ মিলিমিটার।

  • [১]