- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টিউবওয়েল দেবার কথা বলে টাকা নেওয়ার সময় আটক প্রতারক

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশলের সরকারি টিউবওয়েল দেওয়ার কথা বলে একটি প্রতারক চক্র বিভিন্ন গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে বেশ কিছু দিন ধরে। চক্রটি বিভিন্ন ভাবে গ্রামের সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদেরও ফোন করে টাকা চেয়ে আসছিল।
বুধবার (২১ জুন) সন্ধ্যা ৭টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কুমড়াইল গ্রামের মৃত রিফাত উল্লাহ’র ছেলে মাসুক মিয়ার কাছ থেকে টাকা নেওয়ার সময় সন্দেহ হলে গ্রামের লোকজন প্রতারক চক্রের সদস্য উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে আবুল কাশেম (৩৫) কে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার হাতে আটক প্রতারক আবুল কাশেমকে গ্রেফতার করেন।
পরে ভোক্তভোগী কুমড়াইল গ্রামের মৃত রিফাত উল্লাহ’র ছেলে মাসুক মিয়া বাদি হয়ে শান্তিগঞ্জ থানায় প্রতারক আবুল কাশেমকে আসামী করে শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শান্তিগঞ্জ থানার মামলা নং ৬, তারিখ ২২.০৬.২০২৩ইং।
ভোক্তভোগী মাসুক মিয়া জানান, ৬-৭ দিন আগে আমার বাড়িতে ঐ প্রতারক এসে বলে, আমি জনস্বাস্থ্য অফিসে কাজ করি, এলাকায় অনেক মানুষকে আমি টিউবওয়েল দিচ্ছি, আপনার কোন টিউবওয়েল লাগলে আমাকে বলতে পারেন। সে আমাকে বলে, আমি আপনার নামে একটি টিউবওয়েল বরাদ্দ দিতে পারব। তবে খরচ একটু বেশি হবে, সব মিলিয়ে আমাকে ২৫ হাজার টাকা দিতে হবে। তখন আমি তাকে বলি, আমার এমন সামর্থ নাই। এতো টাকা আমি দিতে পাব না। তখন প্রতারক কাশেম আমাকে বলে, একবারে ১৫ হাজার টাকা দিলে আমি আপনাকে টিউবওয়েল দিতে পারব। না হয় পারব না। তখন তার কথায় আমি রাজি হই। এর পরেই বলে টাকা দ্রুত ম্যানেজ করো। ব্যাংকে জমা দিতে হবে। গত ৩ দিন ধরে সে আমার বাড়িতে যাওয়া আসা করতে থাকে আর বলে টাকা দাও, তখন আমি তাকে বলি টাকা টা ম্যানেজ করতে পারিনি তবে ২১ তারিখে দিয়ে দিব। সে তখন বলে যা আছে দাও। ২১ তারিখেই আমার লোকজন আপনার বাড়িতে টিউবওয়েল নিয়ে আসবে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে দিবেন। কথা মত ২১ তারিখ বিকালে প্রতারক কাশেম আমার বাড়িতে গিয়ে বলে আমার লোকজন টিউবওয়েল নিয়ে আসতেছে, আপনি তাদের খাওয়ার জন্য রান্না-বান্না করান, তারা এসে খাবে, আর যেখানে টিউবওয়েল বসাবেন সেই জায়গা পরিস্কার করেন। কিছুক্ষণ পর সে বলে, টাকা গুলো দিয়ে দেন, অফিসে নিয়ে জমা দিতে হবে। তার কিছু কথায় আমার সন্দেহ হলে, গ্রামের আসে-পাশের লোকজনদের জানাই। পরে জনস্বাস্থ্য অফিসে যোগাযোগ করলে অফিসাররা জানান, এই নামে অফিসের কোন লোক নাই এবং আমার নামে কোন টিউবওয়েল সরকারি ভাবে বরাদ্দ হয়নি। সে এই ৩ দিনে আমার কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা দিয়েছে। পরে শান্তিগঞ্জ থানা পুলিশে খবর দেই।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রতারকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভোক্তভোগী পরিবারের সদস্য। আজ (বৃহস্পতিবার) গ্রেফতারকৃত প্রতারককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রব সরকার জানান, একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। অনেককেই ফোন করে অফিসের নাম করে বিকাশে টাকা দেওয়ার জন্য বলছে। আমরা প্রতিটি এলাকায় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে টাকা না দেওয়া জন্য বলে আসছিলাম। জনস্বাস্থ্যের টিউবওয়েল বসাতে হলে ৭ হাজার ১০০ টাকা ব্যাংক চালানের মাধ্যমেই দিতে হবে। সেই কথা আমরা বার-বার বলে আসছিলাম। কিন্তু তার পরেও একটি প্রতারক চক্র মানুষের কাছ থেকে টাকা চাচ্ছে বিভিন্ন ভাবে। চক্রের ১জন আটক হয়েছে। আগামীতেও মানুষজন যেন এই ভাবে কেউ টাকা চাইতে গেলে আটক করে পুলিশে ধরিয়ে দেন। অফিসের বাহিরে টাকা লেনদেন না করার জন্যও সকলকে সতর্ক করেন এই কর্মকর্তা।

  • [১]