দিরাই প্রতিনিধি
দিরাইয়ের সিনিয়র সাংবাদিক প্রেসক্লাব সভাপতি দৈনিক সমকাল দিরাই-শাল্লা প্রতিনিধি, সবুজ সিলেট ও সুনামগঞ্জের খবর এর স্টাফ রিপোর্টার টিপু সুলতানকে মঞ্চে স্মরণ ও এক মিনিট নিরবতা পালন করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি শাহানা রব্বানীসহ সুনামগঞ্জ জেলা ও দিরাই উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দিরাইয়ে ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংবাদিক টিপু সুলতানের স্মৃতিচারণ করে সুরঞ্জিত বলেন, সে ছিলো ভাটির জনপদের নিবেদিত প্রাণ এক সংবাদকর্মী। হঠাৎ করে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে আমাদের কাঁদিয়ে চলে গেল। তার অকাল প্রয়াণ আমাকে ব্যথিত করেছে। আমি যখন তার অসুস্থতার খবর জানতে পারি তখন আর কিচ্ছু করার ছিলো না।
সে চিকিৎসা সেবার শেষ প্রান্তে চলে গেছে। আজকের এই বিশাল জনসমুদ্র থেকে আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।