- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টিসিবির পণ্যে পেয়ে স্বস্তি

লিপসন আহমেদ
অনেক মানুষের ভিড়, এদের প্রায় সকলেই নিম্ন আয়ের মানুষ। কিছুক্ষণ পরপর এক একজন করে পণ্যের প্যাকেট নিয়ে বেরিয়ে আসছেন পরিষদ থেকে। অবস্থা দেখে বুঝা যাচ্ছে পণ্য পেতে অনেক পরিশ্রম করতে হচ্ছে। তারপরও পণ্য পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রত্যেকে।
রবিবার লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবি’র মাধ্যমে কার্ডধারীদের পণ্য বিক্রি চলাকালে এই চিত্র দেখা যায়। এসময় কথা হয় বৃদ্ধ মো. নরুজ আলী (৭০) এর সাথে। তার বাড়ি সদর উপজেলার লক্ষণশ্রী গ্রামে। তিনি বলেন, ৫ জনের সংসারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিন যা উপার্জন করি তাই দিয়ে সংসার চালাতে হয়। এমনিতেই চাল আনলে ডাল আনতে পারি না, সবজি আনলে তেল আনতে পারি না। এরমধ্যে জিনিসপত্রের দাম বাড়ায় গত কয়েকটি সপ্তাহ খুব কষ্টে কেটেছে।
কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, যখন শুনেছি বাজার দরের চেয়ে কমে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও ছোলা বিক্রি করা হবে তখন কার্ড করি। আজ বিভিন্ন জনের কাছ থেকে টাকা ধার করে এখানে এসেছি।
এদিকে মেঘা আক্তার (৮) সকাল ৯টার সময় বাবা আব্দুল মুমিনের কার্ড নিয়ে এসেছে। সে জানায়, তার বাবা হাওরে কাজে ব্যস্ত, তাই সে এসেছে। তেলের দাম বাড়ায় রান্না করতে কষ্ট হয়েছে এতোদিন।
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, আমার ইউনিয়নে ধারাবাহিকভাবে দুই দিন টিসিবির পণ্য বিক্রি চলবে। ইউনিয়নে টিসিবির আওতায় এসেছে ৮৪৩ পরিবার।

  • [১]