- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

টিসিবি’র মাধ্যমে কার্ডধারীদের পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার
আজ রবিবার থেকে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এর মাধ্যমে মসুর ডাল, চিনি, সয়াবিন তেল ও ছোলা খোলাবাজারে বিক্রি শুরু হচ্ছে।
ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল ও ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা কিনতে পারবেন।
প্রথম পর্যায়ে জেলার ১ লক্ষ ১৪ হাজার ৯১০ জন মানুষ নির্ধারিত এলাকায় পাবেন এই পণ্য। শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্সে এমন তথ্য জানান প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষের প্রায় এককোাটি পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য সামগ্রী পৌঁচ্ছে দেয়া হবে। এরমধ্যে সুনামগঞ্জ জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ১ লক্ষ ১৪ হাজার ৯১০ টি পরিবারের তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলায় নতুন উপকারভোগী ৬১ হাজার ৮৫৬ জন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী কর্তৃক নগদ সহায়তা প্রদানের জন্য প্রণীত ডাটাবেজ থেকে প্রস্তুতকৃত উপকারভোগী ৪৪ হাজার ৬২ জন এবং ৪ পৌরসভায় নতুন উপকারভোগী ৮ হাজার ৯৯২ জনের তালিকা করা হয়েছে।
আগামীকাল প্রথম দফায় জেলার ৪৫ জন ডিলারের মাধ্যমে ভর্তুকি মূল্যে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রয় শুরু হবে। এরমধ্যে চিনি কেজিপ্রতি ৫৫ টাকা, মসুর ডাল ৬৫ টাকা ও সয়াবিন তেলের লিটারপ্রতি ১১০ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এই কার্যক্রম আগামী ৩০ মার্চ পর্যন্ত চলবে। দ্বিতীয় দফায় রমজানের মাঝামাঝি সময়ে চারটি পণ্য বিক্রয় করা হবে। এরমধ্যে রয়েছে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল ও ছোলা।

  • [১]