বিশেষ প্রতিনিধি ও আশিক মিয়া
টেংরাটিলা গ্যাস ফিল্ডের আশপাশে বাড়ি, জমি পুকুরে এখনো বুদ্বুদ হয়, ম্যাচের কাঠি দিয়ে ঠুকা দিলে দাউ-দাউ করে জ্বলে আগুন, এখনো আশ-পাশে নতুন গাছ লাগালেও হয় না, টিউবওয়েল দিয়ে পানি ওঠে না, কোন-কোনটাতে পানি পড়তেই থাকে। অথচ. আজ শনিবার টেংরাটিলা বিস্ফোরণের ১১ বছর পূর্ণ হলেও এখনো নাইকো এলাকাবাসীকে ক্ষতিপূরণ দেয়নি। মাটির নিচে থাকা বিপুল পরিমাণ গ্যাস উত্তোলনও হচ্ছে না।
টেংরাটিলা দাবি আদায় সংগ্রাম পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন বলেন,‘বিস্ফোরণের পর আশপাশের মানুষকে ক্ষতিপূরণের আশ্বাস দিলেও নাইকো অনেক আগেই তাদের সকল সরঞ্জামাদি নিয়ে এলাকা ছেড়ে চলে গেছে। কিন্তু এখনো গ্যাস ফিল্ডের আশ-পাশের বাড়ি, পুকুর, টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস উদগিরণ হচ্ছে। মানুষ বিপদজনকভাবে ব্যবহার করছে নির্গত এই গ্যাস। গ্যাসফিল্ড এলাকায় গাছগাছালি নতুন করে লাগালেও মরে যাচ্ছে নতুন গাছগুলো। বিশুদ্ধ পানির সংকটও রয়েছে আশপাশ এলাকায়।
প্রসঙ্গত. ২০০৫ সালের ৭ জানুয়ারি রাত দশটায় টেংরাটিলা গ্যাসফিল্ডে প্রথম দুর্ঘটনা ঘটে এবং গ্যাস ফিল্ডের প্রডাকশন কূপের রিগ ভেঙে প্রচন্ড গর্জন এবং ভয়াবহ কম্পনসহ আগুন ২০০ থেকে ৩০০ ফুট ওঠানামা করতে থাকে। এক মাসেরও বেশী সময় জ্বলার পর আপনা-আপনিই নিভে আগুন। দ্বিতীয় দফা বিস্ফোরণ ঘটে একই বছরের ২৪ জুন রাত ২ টায়। দুই দফা বিস্ফোরণে গ্যাসফিল্ডের মাটির ওপরে ৩ বিসিক গ্যাস পুড়ে যাওয়া এবং ৫.৮৯ থেকে কমপক্ষে ৫২ বিসিক গ্যাসের রিজার্ভ ধ্বংস হওয়াসহ আশপাশের মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও পরিবেশের ব্যাপক ক্ষতি হয়।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক বলেন, ‘কানাডিয়ান
কোম্পানী নাইকো টেংরাটিলার ক্ষতিগ্রস্তদের নামে মাত্র ক্ষতিপূরণ দিয়ে এলাকা ছেড়েছে। নাইকো’র সঙ্গে আন্তর্জাতিক আদালতে লড়ছে সরকার। আমরা আশা করছি, আইনী লড়াইয়ে আমাদেরই জয় হবে এবং নাইকো ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে।’
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বললেন, ‘কানাডিয়ান কোম্পানী নাইকো’র সঙ্গে মামলা জটিলতার অবসান ঘটিয়ে দ্রুতই গ্যাসক্ষেত্রটি চালুর চেষ্টা করছে সরকার। বাংলাদেশ সরকারের পক্ষে যারা আন্তর্জাতিক আদালতে লড়ছেন তারা ইতিমধ্যে টেংরাটিলা পরিদর্শন করেছেন। আলামত সংগ্রহ করেছেন। গত বছর মাননীয় বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদও টেংরাটিলা এসে সরেজিমেনে অবস্থা দেখে গেছেন। আমরা আশা করছি দ্রুতই মামলা জটিলতার অবসান হবে এবং টেংরাটিলার ভূগর্ভে থাকা গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রীড লাইনে সরবরাহ করা হবে’।