দিরাই প্রতিনিধি
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে টেলিকন্ফারেন্সে দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংসদীয় ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি। রবিবার দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত সকলকে ঘোষিত প্রার্থীদের পক্ষে কাজ করার আহবান জানান তিনি। দিরাই উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত ৮ নং ওয়ার্ডের সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সোহেল আহমদ, শাল্লা উপজেলার ৪টি ও দিরাই উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত ৯ নং ওয়ার্ড সদস্য পদে শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরীকে এবং সংরক্ষিত মহিলা আসনে দিরাই উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক রাজরানী চক্রবর্তীকে প্রার্থী ঘোষণা করেন তিনি।
এ সময় উপস্থিত দিরাই উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্যগণ, পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ, শাল্লা উপজেলার চেয়ারম্যান ও সদস্যগণ এবং আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘোষিত প্রার্থীদেরকে করতালির মাধ্যমে সমর্থন প্রদান করেন।
পৌরসদরের কলেজ রোডস্থ বাগানবাড়ি কমিউিনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশাররফ মিয়া, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার,শাল্লার হবিবপুর ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ দাস বকুল, দিরাই উপজেলার সরমঙ্গল ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী, রাজানগর ইউপি চেয়ারম্যান সৌম্য চৌধুরী, ভাটিপাড়া ইউপি চেয়ারম্যান শাহাজাহান কাজী, তাড়ল ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস, রফিনগর ইউপি চেয়ারম্যান রেজুয়ান হোসেন খান, জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, আতাউর রহমান, কাজল চৌধুরী, তাজুল ইসলাম, নুরুল ইসলাম, শরবিন্দু দাস, বিশ্বজিৎ রায়, কামরুল ইসলাম, জুয়েল মিয়া, সায়েল আহমদ প্রমুখ।