সু.খবর ডেস্ক
অপেক্ষার পালা ঘুচিয়ে অবশেষে টেস্ট স্ট্যাটাস পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসির বোর্ড ও কমিটির মিটিংয়ে বাংলাদেশসহ আফগানিস্তান এবং জিম্বাবুয়ে নারী দলকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, বোর্ড সভায় আইসিসির পূর্ণাঙ্গ নারী দল সদস্যদের ওয়ানডে এবং টেস্ট স্ট্যাটাস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে নারী ক্রিকেট দল এখন থেকে টেস্ট ম্যাচও খেলতে পারবে।
এতদিন নারীদের টেস্ট খেলুড়ে দেশ ছিল ১০টি। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং আইসিসির দুই সহযোগী দেশ নেদারল্যান্ড এবং আয়ারল্যান্ড নারী দল। এবার এই অভিজাত ক্লাবে নাম লেখালো বাংলাদেশও।
এমন সুখবর পাওয়ায় নারী ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। শুক্রবার এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান প্রতিমন্ত্রী।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া বাঙালি জাতির জন্য অনেক আনন্দের ও গর্বের। এটি আমাদের জন্য এক অসাধারণ অর্জন। মুজিববর্ষে নারী ক্রিকেটারদের এ সাফল্য বিশ্বব্যাপী বাঙালি নারীর ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী সর্বদা নারী খেলোয়াড়দের উৎসাহ সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করে চলেছেন।’
নারী ক্রিকেটারদের নিয়ে আশা প্রকাশ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমি বিশ্বাস করি আগামী দিনে নারী ক্রিকেট দল বিশ্ব ক্রিকেটে গৌরবোজ্জল ঐতিহ্য রচনা করবে।’