- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ট্যুরিজমের চাইতেও টাঙ্গুয়ার হাওরকে আগের জায়গায় ফিরিয়ে আনা জরুরি

শোনা যাচ্ছে টাঙ্গুয়ার হাওর নিয়ে সরকার নতুন করে ভাবনা চিন্তা শুরু করেছেন। গতকাল আইইউসিএন’র পলিসি এডভাইজার পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সরকারের অবসরপ্রাপ্ত সচিব ড. মিহির কান্তি মজুমদার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় বলেছেন, টাঙ্গুয়ার হাওর নিয়ে এতদিন হাওরপাড়ের বাসিন্দাদের বিকল্প কর্মসংস্থানের বিষয়টিকে গুরুত্ব দেয়া হয় নি। এবার এই বিষয়টির উপর গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, হাওরপাড়ের দরিদ্র জেলে-কৃষকদের নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংক তথা একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমিতি গঠন করা হবে এবং গঠিত সমিতির মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়া হবে। তিনি আরও বলেছেন, টাঙ্গুয়ার হাওর রক্ষায় আর প্রশাসন, পুলিশ, আনসার লাগবে না; সমিতির লোকেরাই এই হাওরকে রক্ষা করবে। কথাটি তিনি মন্দ বলেন নি। অন্তত শুনতে খুবই শ্রুতিমধুর এটি। কথার মধ্যে সত্যও লুকিয়ে আছে। মানুষ যখন কোনও বস্তুকে নিজের ভাবতে পারবে তখন সে নিজেই ওটি রক্ষা করবে। যেমন রক্ষা করে নিজের ঘর-গেরস্থালি। তবে টাঙ্গুয়ার হাওরকে হাওরবাসীরা নিজের সম্পদ মনে করবেন এমন কী রূপরেখা তৈরি হচ্ছে? আমরা জানি না। আর জানি না বলেই এমন সুন্দর কথার পরেও আপাতত উৎসাহিত হচ্ছি না আমরা। ঘর পুড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। গত এক দশকের উপর ধরে আইইউসিএন-সরকারের যৌথ খবরদারিত্বে টাঙ্গুয়ার হাওরের যে হতশ্রী অবস্থা দেখেছি তাতে করে আমরা এখন আসলে আর কোন কিছুর উপরই ভরসা রাখতে পারছি না। এখন কার্যক্ষেত্রে দেখা যাবে বাস্তব অবস্থাটি কী দাঁড়ায়। তবে যে আইইউসিএনকে টাঙ্গুয়ার হাওর ধ্বংসের জন্য ব্যাপকভাবে দায়ী করা হচ্ছে তাদের হাতেই আবার এই হাওরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়ার হেতু কী তা আমাদের বোধগম্য হচ্ছে না এখন পর্যন্ত।  
এখন শুনা যাচ্ছে টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে একটি ইকো ট্যুরিজম এলাকা গঠন করা হবে। টাঙ্গুয়ার হাওর ভিত্তিক ট্যুরিজমের মূল আকর্ষণ হলো অবারিত জলরাশি, নানা প্রজাতির লতা-গুল্ম ও বৃক্ষাদি, বহু প্রজাতির দেশীয় মাছ, দেশি জাতের বিরল পাখি এবং অতিথি পাখি। এইসব বৈশিষ্ট্য এখন বহুলাংশেই বিলীন হয়েছে। এখানে ট্যুরিজম বিকাশের অর্থ হলো লুপ্ত এইসব ঐতিহ্যকে আবারও ফিরিয়ে আনা। আর ট্যুরিজমের নামে যদি শুধু জলভ্রমণকেই গুরুত্ব দেয়া হয় তাহলে ঐতিহ্যবাহী এই হাওরের মৃত্যু অবধারিত। অবাধ জলভ্রমণকে উৎসাহিত করতে যেয়ে হাওরের প্রাকৃতিক ও ভৌগোলিক ঐতিহ্য ও সম্ভাবনা বিনষ্ট করার নামে কোন ধরনের আয়োজনকে কেউ ভাল চোখে দেখবেন না, এটি বিবেচনায় রাখতে হবে সরকারকে। এই হাওরে যদি বৃক্ষ না থাকে মাছ না থাকে পাখি না থাকে তাহলে যতই প্রচারণার মোহাবেশ তৈরি করুন তাতে কোন লাভ হবে না। মানুষ এতদিন কোন ধরনের প্রচারণা ছাড়াই টাঙ্গুয়ার হাওরে এসেছে। তার বৈশিষ্ট্য অক্ষুণœ থাকলে এভাবেই মানুষ আসবে।
তবে ট্যুরিজমের চাইতেও বেশি জরুরি হলো মিঠা পানির মাছের বড় প্রজনন কেন্দ্র এবং মৎস্য, উদ্ভিদ ও পাখির বৈচিত্রভা-ারকে পূর্বাবস্থায় পিরিয়ে আনা। এটি করা সম্ভব পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যানের কথামত স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ততার মাধ্যমেই। এও ঠিক স্থানীয় অধিবাসীরাই তাদের নিজেদের হাওরকে রক্ষা করবেন। এই অবস্থা তৈরির পূর্বশর্ত হিসেবে মানুষের মনে এই ধারণা জাগিয়ে তুলতে হবে যে আসলেই হাওরটি তাদের । আমরা হাওরটিকে ঘিরে সরকারের পরবর্তী পরিকল্পনার দিকে তাই অধীর আগ্রহে তাকিয়ে থাকলাম।

  • [১]