স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রাক্স প্রকল্পের উদ্যোগে নাগরিক বিজ্ঞানীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কাজীর পয়েন্ট এলাকায় একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং ট্রাক্স প্রকল্পের প্রিন্সিপাল ইনভিস্টিগেটর ড. মাহফুজুল হক। সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল হক মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেন্ডার স্পেশালিস্ট (বিসিএএস) জাকিয়া নাজনীন, নাগরিক বিজ্ঞানী ও ব্রিটিশ কাউন্সিল স্কুল এম্বাসাডার শিক্ষক মো. ইসমাইল হোসেন, নাগরিক বিজ্ঞানী সাংবাদিক আকরাম উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ট্রাক্স প্রকল্পের গবেষনা সহযোগি মো. সাইফুল্লাহ বিন আজিজ (রনি) ও আর্টিস্ট শক্তি নোমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফসর ড. মাহফুজুল হক বলেন, ‘ট্রাক্স প্রকল্পের মাধ্যমে কি কারণে এবং কি কি লক্ষণের আবির্ভাব ঘটলে বিরূপ আবহাওয়া সৃষ্টি হয় ও জলবায়ুর পরিবর্তন ঘটে, এসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সংগৃহিত এসব তথ্য আগামী দিনে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের কাজে লাগবে। আমাদের প্রকল্পের অধীনে কর্মরত নাগরিক বিজ্ঞানীরা এসব তথ্য প্রদান করছেন। ইতিমধ্যে শহরের সরকারী জুবিলী উচ্চবিদ্যালয়ের ভবনের ছাদে ওয়েদার স্টেশন স্থাপন করা হয়েছে। এই স্টেশনের মাধ্যমে আজ থেকে আবহাওয়া সম্পর্কিত সকল তথ্য জানা যাবে।’