- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ট্রাম্পের অপ্রত্যাশিত বিজয় ও বিশ্ব বাস্তবতা

রিপাবলিকার পার্টির স্বল্প পরিচিত একজন নেতা হিসেবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন বাগিয়ে যে চমক দেখিয়েছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেই চমক ধরে রেখে পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বিপুল ব্যবধানে সাবেক ফার্স্ট লেডি ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে বিজয়ী হয়েছেন। নির্বাচনী ফলাফল ঘোষণার আগের মুহূর্ত পর্যন্ত তাঁর বিজয় লাভের পক্ষে কোন পূর্বাভাস ছিলো না। প্রেসিডেনসিয়াল বিতর্ক থেকে শুরু করে সবগুলো জনমত জরিপ ও বিশ্লেষণেই ট্রাম্প ছিলেন হিলারির চাইতে পিছিয়ে। অবশেষে সবধরনের পূর্বাভাসকে পিছনে ফেলে তিনি বিজয় অর্জন করলেন। ট্রাম্পের বিজয়ে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে ট্রাম্প প্রার্থী হওয়ার পর তাঁর বেফাঁস কিছু মন্তব্য ও নির্বাচনী কর্মসূচী তাঁকে অনেকের নিকট বিরাগভাজন করেছিল। কোন মার্কিন প্রেসিডেন্টের বিজয়ে দুনিয়াব্যাপী এমন উদ্বেগজনক প্রতিক্রিয়া অতীতে আর কখনও দেখা যায়নি। অবশ্য বিজয় লাভের পর ট্রাম্প তার প্রচারণাচলাকালীন বক্তব্য থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে সংযত ও দায়িত্বশীল বক্তব্য দিয়েছেন। তিনি বিজয় লাভের পর প্রথম প্রতিক্রিয়ায় নিজেকে সকল আমেরিকানের প্রেসিডেন্ট মনে করে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনও নিজের পরাজয় মেনে নিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
ট্রাম্পের বিপুল বিজয় অর্জনের পিছনে যেসব কারণকে সামনে আনা হচ্ছে তার মধ্যে অন্যতম হলো আমেরিকান জাতীয়তাবাদকে তিনি তীব্রভাবে জাগিয়ে তুলতে পেরেছিলেন। তিনি এমন একটি ধারণা দিয়েছিলেন যাতে শেতাঙ্গ আমেরিকানরা আর কয়েক বছরের মধ্যে নিজেরা সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হওয়ার আতংক বোধ করেছিলেন। তাছাড়া তিনি অস্বচ্ছল শ্বেতাঙ্গ আমেরিকানদের বেকারত্ব ও আর্থিক অস্বচ্ছলতার জন্য অভিবাসী আমেরিকানদের দায়ী করেন। মূলত এই কারণেই শ্বেতাঙ্গ আমেরিকানরা ট্রাম্পের পিছনে একাট্টা হয়ে সমর্থন জুগিয়েছেন। ট্রাম্পের এই ধরনের প্রচারণা নিঃসন্দেহে দুনিয়াব্যাপী জাতিগত ও বর্ণগত বৈষম্য বাড়াতে সহায়ক হবে। ঠিক এই কারণেই অভিবাসী আমেরিকানরা ট্রাম্পের পরিবর্তে হিলারির পিছনে জড়ো হয়েছিলেন। আর এ কারণেই ওই অভিবাসীরা ট্রাম্পের বিজয়ে নিজেদের অবস্থান নিয়ে প্রচুর সংশয় ও ভয়ের মধ্যে পড়ে গিয়েছেন। এখন দেখার বিষয় ট্রাম্পের প্রচারকালীন বক্তব্যগুলো নিছক প্রচারণা কৌশল ছিল নাকি তিনি সত্যিই এগুলো বিশ্বাস করেন। তবে পৃথিবীর শান্তিকামী নাগরিক সম্প্রদায় এখন যাবতীয় বর্ণবাদ ও জাতিগত বিদ্বেষ থেকে মুক্তি চান। বিভাজনের তীব্র বিধ্বংসী চেহারা সারা পৃথিবী এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ধর্মীয় মৌলবাদ যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সেখানে নতুন ধরনের কোন বিভাজন এই বিধ্বংসী চেহারাকে কেবল আরও কুৎসিৎই করে তুলবে। সুতরাং বিশ্বের অন্যতম মোড়লরূপে বিবেচিত রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতি আগুনে ঘৃতাহুতি করবেন কিনা সেটি নিয়ে জনমনে সন্দেহ থাকাটা স্বাভাবিক বৈকি।
সাধারণভাবে সা¤্রাজ্যবাদী শক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখনও নিজের পূঁজিবাদী স্বার্থের বাইরে আসবে না। নিপীড়িত জাতিসত্বার জন্য মার্কিনি প্রয়াসকে শুভবোধসম্পন্ন নাগরিকরা কখনও ভাল চোখে দেখেন না। বরং তাঁদের যেকোন মানবিক বক্তব্যকে সন্দেহবাদী দৃষ্টিতে গ্রহণ করা হয়ে থাকে। ট্রাম্পের মেয়াদে এই পূঁজিবাদী-সা¤্রাজ্যবাদী শোষণ-বঞ্চনা অতীতের চাইতে বাড়বে কিনা এইটি বিশ্বের শান্তিকামী মানুষের প্রধান আশঙ্কা। এর বিপরীতে সকল জাতিসত্বার দায়িত্ব হলো সব ধরনের ভেদাভেদ ঘুচিয়ে শান্তি ও প্রগতির পক্ষে অবস্থান নেয়া। কেবল তাহলেই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দুনিয়াব্যাপী আশঙ্কার অবসান ঘটবে।

  • [১]