শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১ টায় শপথ গ্রহণের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প যুগের সূচনা হলো। শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজধানী ওয়াশিংটনে নেয়া হয়েছিলো অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে যেমন ট্রাম্প সমর্থকদের ব্যাপক সমাগম ঘটেছিলো তেমনি রাজপথে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প বিরোধীরা। ট্রাম্পকে বর্ণবাদী উল্লেখ করে প্রতিবাদকারীরা প্ল্যাকার্ড বহন করেন এবং শ্লোগান দিয়েছেন। পুলিশ বিক্ষোভ থামাতে কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বিক্ষোভকারীরা বেশ কিছু গাড়ি ও ভবনের কাঁচের জানালা ভাঙচুর করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানের বিরুদ্ধে এত ব্যাপক মাত্রার বিরোধিতা লক্ষ্য করা যায় নি। শুক্রবার ওয়াশিংটনের রাজপথ ও পুলিশের অ্যাকশন দেখে যে কারও ভ্রম হতে পারে দৃশ্যগুলো বাংলাদেশের কিনা। কারণ আমাদের এসব দৃশ্যের সাথে খুব বেশি পরিচয় রয়েছে। কিন্তু পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র বলে দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজপথ এমন উত্তপ্ত হতে পারে সেটি বোধ করি অনেকেই ভাবেন নি। এই বিক্ষোভ থেকে বহু জাতি ও বর্ণে বিভাজিত মার্কিন সমাজে যে ভাঙনের চেহারা দেখা গেল অদূর ভবিষ্যতে তা কোথায় গিয়ে ঠেকে সেটি এখন বিশ্ববাসীর দেখার বিষয়। ট্রাম্পের ক্ষমতারোহণের পর দায়িত্বকালটি যে মোটেই কুসুমাস্তীর্ণ হবে না মার্কিনী জনগণের আচরণ থেকে তা স্পষ্ট অনুমিত হয়। মার্কিনিদের এই উদ্বেগ অহেতুক নয়। মূলত মনোয়ন প্রক্রিয়ার শুরু থেকে নির্বাচনী প্রক্রিয়ার শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের ধর্ম ও বর্ণবিরোধী উগ্র মন্তব্য ও তাঁর নির্বাচনী কর্মসূচী থেকে ধারণা করা যাচ্ছিল তিনি বৈচিত্রময় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ঐক্যের পরিবর্তে বিভাজনের প্রতীকে পরিণত হবেন। মার্কিন যুক্তরাষ্ট্র বহু জাতিগোষ্ঠীর আবাসভূমি। পৃথিবীর নানা প্রান্ত থেকে নানা সভ্যতার মানুষ এসেছেন এখানে। আগমনের ¯্রােতে সাদা, কালো, বাদামী এমন গায়ের রঙের সাথে মিশেছিলো নানা ধর্মীয় পরিচয়। এরা সকলে মিলে গড়ে তুলেছিলেন পৃথিবীর পরাক্রমশালী এক রাষ্ট্র এই মার্কিন যুক্তরাষ্ট্র। এখন কোন এক ক্ষমতাদম্ভী রাষ্ট্রপ্রধানের বেপরোয়া কর্মকা-ে কয়েক শতকে গড়ে উঠা মার্কিন সমাজটি তছনছ হয়ে যাওয়ার আশংকা যেমন পীড়িত করছে মার্কিনীদের তেমনি বিশ্ববাসীকে। বলা বাহুল্য ট্রাম্প হলেন মার্কিন ইতিহাসে সবচাইতে কম জনপ্রিয় প্রেসিডেন্ট। পপুলার ভোটের মাত্র ৪০ শতাংশ ভোট পেয়ে ইলেক্টোরেল ভোটের মারপ্যাঁচে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র হলো একটি সাম্রাজ্যবাদী পরাশক্তি। এই রাষ্ট্রটির যিনিই প্রেসিডেন্ট হোন না কেন তার প্রধান দায়িত্ব হলো সা¤্রাজ্যবাদী স্বার্থকে বজায় রাখা। পূর্ববর্তী প্রেসিডেন্টগণ থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত কেউই এর বাইরে নন। সুতরাং পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে পূর্ববর্তী ওবামা কিংবা বর্তমান ট্রাম্প উভয়েই সমান দরের হলেও ট্রাম্পের বিষয়টি কেন এত গুরুত্ব পাচ্ছে এই প্রশ্ন উঠা সংগত। পার্থক্যরেখাটি যেসব কারণকে ঘিরে গড়ে উঠেছে তা হলো উগ্রপন্থা বনাম মধ্যপন্থার জায়গা থেকে। ট্রাম্প সা¤্রাজ্যবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন তীব্র বর্ণবিদ্বেষী মনোভাব থেকে যেখানে তার পূর্বসুরী ছিলেন অনেকটা নমনীয়। তবে কার্যক্ষেত্রে ট্রাম্পের বক্তব্যের বর্ণবিদ্বেষ কতোটা প্রভাবিত করবে তার কর্মপরিকল্পনাকে তার উপর নির্ভর করছে অনেক কিছু। ট্রাম্প চাইলেই অতিমাত্রায় বর্ণবিদ্বেষী হতে পারবেন এটি আমাদের কাছে মনে হয় না। আন্তর্জাতিক রাজনীতির যে গতি-প্রকৃতি সেখানে এখন কেউ এমন নীতি-আদর্শ নিয়ে কর্তৃত্ব করতে পারবেন না। নিজের ঘরে যদি তিনি আগুন লাগিয়ে দেন তাহলে বিশ্বকে পদানত করবেন কীভাবে? এই সমীকরণটি ট্রাম্পকে অতিমাত্রায় ব্যতিক্রমী প্রেসিডেন্টের চরিত্র থেকে সরিয়ে রাখতে সক্ষম হবে বলেই মনে হচ্ছে।