- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ট্রেড ইউনিয়ন সংঘ ও নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলার নিন্দা

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও  বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও নেতৃবৃন্দেকে আহত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি বাদল সরকার ও সাধারণ সম্পাদক সাইফুল আলম (ছদরুল)।
শনিবার এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে সরকার দলীয় মদদপুষ্ট একদল সন্ত্রাসী লাঠি-সোটা, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতে কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায়। সন্ত্রাসীরা কেন্দ্রীয় কার্যালয়ের আসবাবপত্র ভাংচুর করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিনকে শারীরিকভাবে    
 লাঞ্ছিত করে এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়াকে খুঁজতে থাকে। সন্ত্রাসীরা বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক খোকন ঘোষকে রড দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটায় ও হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের কর্মী নান্নু মিয়াকে মারপিট করে। নেতৃবৃন্দ বিনা উস্কানীতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে পরিকল্পিতভাবে এ ধরনের নগ্ন হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন শ্রমিকদের স্বার্থে আন্দোলনকারী শক্তিকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ হিসেবে সরকার দলীয় চিহ্নিত এই সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত সারাদেশে নৌ-যান শ্রমিকদের ওপর এধরনের হামলা ও নির্যাতন, হুমকি-ধামকি, মিথ্যা অপপ্রচার চালিয়ে আসছে। একই গোষ্ঠীর সন্ত্রাসীরা নারায়ণগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে দফায় দফায় চড়াও হয়েছে। পরিকল্পিতভাবে মোবাইলে এবং রাস্তায় ধরে হুমকি দিচ্ছে। কিন্তু সব হুমকি-ধামকি উপেক্ষা করে সংগঠন শ্রমিকদের স্বার্থে আপোসহীন ভূমিকা রেখে চলায় গত বৃহস্পতিবার কেন্দ্রীয় কার্যালয়ে এই নগ্ন হামলা চালানো হয়। নেতৃবৃন্দ এই সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় সারাদেশের শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলন-সংগ্রামের পথে অগ্রসর হবে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]