- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

ট্রেন লঞ্চ বাসের অগ্রিম টিকেট ঈদ যাতায়াত নির্বিঘ্নে করুন

ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত সহজতর করতে প্রতিবছরের মতো এবারও ট্রেন-বাস-লঞ্চের অগ্রিম টিকেটের ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। বাস-লঞ্চের অগ্রিম টিকেট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে শুরু হবে ট্রেন এবং সরকারি বাস সংস্থার (বিআরটিসি) অগ্রিম টিকেট বিক্রি। এর মধ্যে লঞ্চের অধিকাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। অগ্রিম টিকেট বিক্রি নিয়ে প্রতিবছরের মতো এবারও নানা অভিযোগ উঠছে। বলা হচ্ছে, অধিকাংশ টিকেট কালোবাজারিদের হাতে চলে গেছে। বাস-লঞ্চের সংশ্লিষ্টরা অবশ্য এ অভিযোগ অস্বীকার করছে। তাদের বক্তব্য, টিকেট যতদিন থাকে স্বাভাবিক নিয়মেই সেগুলো বিক্রি করা হবে।
ঈদ উদযাপনের জন্য বিপুল সংখ্যক মানুষ প্রতিবছর ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যায়। ঈদের ছুটি থাকে তিন দিন। সাপ্তাহিক ছুটি এর সঙ্গে মিলিত হতে পারলে এ ছুটি এক-দু’দিন কোনো কোনো বছর বেড়ে যায়। তারপরও ছুটির নির্দিষ্ট কয়েকটা দিনে ঢাকা শহর ছেড়ে যাওয়া এবং ঢাকায় ফিরে আসা কঠিন কাজ। এই ক’দিনের জন্য যানবাহনের সংখ্যা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া সম্ভব নয়। তারপরও বাস-লঞ্চে অতিরিক্ত সার্ভিস চালু হয়। ট্রেনেও থাকে বাড়তি সার্ভিসের ব্যবস্থা। তারপরও বিপুল সংখ্যক লোকের অক্লেশ যাতায়াতের ব্যবস্থা করা কঠিন কাজ। প্রতিবছরের যাতায়াতে কষ্টের কথা বিবেচনায় নিয়ে ঈদের আগে থেকে লোকজনের ঘরমুখো যাতায়াত শুরু হয়। বিশেষ করে অনেকেই তাদের পরিবারের সদস্যদের ঈদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দেন। যারা সরকারি-বেসরকারি চাকরিতে আছেন, তারা ছুটি পেলে বাড়ি যান। তখনও যাতায়াতে বিপুল সংখ্যক লোকের চাপ পড়ে যায়। ঈদ সামনে রেখে বাস-লঞ্চের ভাড়া বাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। বাস-লঞ্চ মালিকরা অবশ্য এ অভিযোগের ব্যাপারে ভিন্নমত দিয়ে থাকেন। তাদের বক্তব্য, ঈদ সামনে রেখে যাতায়াত ব্যবস্থা একমুখী হয়ে যায়। ঈদের আগে ঢাকার বাইরে যাওয়ার যাত্রী যথেষ্ট পাওয়া গেলেও ঢাকায় আসার যাত্রী পাওয়া যায় না। ঈদের পর হয় উল্টো অবস্থা। তখন ঢাকায় ফেরার যাত্রী যথেষ্ট পাওয়া গেলেও ঢাকার বাইরে যেতে হয় প্রায় খালি লঞ্চ-বাস নিয়ে। ঈদের সময় যাতায়াত একমুখী হওয়ার ফলে ভাড়া কিছুটা বাড়াতে হয়। ঈদের সময় রাস্তায় প্রচন্ড যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা শহর থেকে বের হতে বা ঢাকা শহরে ঢুকতে বাসের কয়েক ঘণ্টা সময় নষ্ট হয়। যানজটের এমন পরিস্থিতির কারণে বাসের ‘ট্রিপ’ অনেক কমে যায়।
ঈদ সামনে রেখে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে প্রতিবছরই সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করে। যেমন ঈদের আগে ও পরে সড়কপথে ভারি যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। সড়ক নির্মাণ বা মেরামতের কাজও তখন বন্ধ থাকে। এবারও এসব ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এগুলো যেন শুধু কথার কথা হয়ে বাস্তবায়িত না হয় সে ব্যাপারে উদ্যোগী হতে হবে। অগ্রিম টিকেট যাতে নিয়মমাফিক প্রত্যাশিতদের হাতে ওঠে সে ব্যাপারে সংশ্লিষ্টদের উদ্যোগ এবং সতর্কতা জরুরী।

  • [১]