ধর্মপাশা প্রতিনিধি
প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা পাকা মেঝেতে বসে পাঠদানে অংশ নেয়। তীব্র শীতে মেঝে প্রচন্ড ঠান্ডা থাকায় শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। ফলে ক্লাসে শিশু শিক্ষার্থীদের অনাগ্রহ সৃষ্টির পাশাপাশি অভিভাবকেরা পড়েন দুশ্চিন্তায়। এমন খবর পেয়ে ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ঠান্ডা থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন সদর ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুবায়ের পাশা হিমু। তিনি পুরো শ্রেণিকক্ষের জন্য কার্পেটের ব্যবস্থা করেছেন। সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শ্রেণিকক্ষে কার্পেট সরবরাহ করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের এসএমসির সহ-সভাপতি আলী ইউনূছ, সদস্য গোলাম সোবাহানী, ইউপি সদস্য মেহেদী হাসান উজ্জ্বল, প্রধান শিক্ষক নজমুল হায়দার প্রমুখ।
শিক্ষার্থী অভিভাবক শাহরিয়ার আহমেদ বলেন, ‘মেঝে ঠান্ডা থাকায় শিক্ষার্থীদের ক্লাসে বসতে অসুবিধা হতো। কার্পেটের কারণে আবারও শিক্ষার্থীরা স্বাচ্ছন্দে ক্লাসে বসতে পারছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজমুল হায়দার বলেন, ‘সাবেক শিক্ষার্থী হিসেবে ইউপি চেয়ারম্যানের এমন মানবিক কাজের জন্য শিক্ষার্থীরা ঠান্ডার কবল থেকে রক্ষা পেয়েছে। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা।’
ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু বলেন, ‘বিদ্যালয়টি ইতোমধ্যে উপজেলার মধ্যে অনুকরণীয় হয়ে উঠেছে। বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ড অভিভাবকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। সাবেক শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে পাশে থাকবো।’