বিশেষ প্রতিনিধি
ডলুরায় শুল্কবন্দর হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারের সিলেট অফিস থেকে এই বিষয়ে এক বছর আগেই ইতিবাচক রিপোর্ট প্রদান করা হয়েছে। এখন কেবল জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদন হলেই ডলুরায় শুল্কস্টেশন স্থাপন হতে পারে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, ‘দেশের অনেক নিস্ক্রিয় বন্দরই সক্রিয় করা হচ্ছে, ডলুরা শুল্কস্টেশন চালুর বিষয়টিও দেখবো আমি’।
সুনামগঞ্জের ডলুরায় ১৯৯৯ সালে একবার পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য শুল্কবন্দর চালু করতে দুই দেশের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলেও সীমান্তের ওপাড়ের আড়াই কিলোমিটার সড়ক নির্মিত হওয়ায় আমদানী রপ্তানী করা হয়নি।
এর মধ্যেই (২০০৮ সালে) সীমান্তের ওপাড়ের সড়ক নির্মাণ এবং এপাড়ে নৌ ও সড়ক পথের সুবিধা হয়েছে।
সুনামগঞ্জের ব্যবসায়ীরা মনে করেন ডলুরায় শুল্কস্টেশন চালু হলে ভারতের মেঘালয়সহ সেভেন সিস্টারস’এ (৭ টি রাজ্যে) এবং বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর উৎপাদিত পণ্য বাজারজাত হবে। পাশাপাশি তাদের উৎপাদিত পণ্যও সহজে আমদানী করা যাবে।
সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদী পার হয়ে ১২ কিলোমিটার দূরেই ভারত সীমান্ত। সীমান্ত পার হলেই ভারতের মেঘালয় রাজ্যের বালাট জেলার সীমান্ত। ওপারের সেভেন সিস্টারস’এর সঙ্গে বালাটের রয়েছে উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা। এপারে মেঘালয়ের খাসিয়া পাহাড় থেকে নেমে আসা পাহাড়ী নদী চলতি সুনামগঞ্জ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে এসে মিলিত হয়েছে।
সুরমা নদীর উত্তর পাড়ের হালুয়ারঘাট থেকে ডলুরা পর্যন্ত সড়ক (ছোট- ছোট গাড়ী চলাচল উপযোগী) রয়েছে।
জানা গেছে, ভারতের জাতীয় রাজস্ব বোর্ড ডলুরা-বালাট শুল্কস্টেশন চালু করার জন্য অনুমোদনও দিয়ে রেখেছে।
৫ বছর আগেই ভারতের তৎকালীন অর্থমন্ত্রণালয়ের রাজস্ব শাখা’র উপ-সচিব এসএম আক্তার ভারতের সিলংয়ের কাস্টম কমিশনারকে দেওয়া এক চিঠিতে বলেছেন, মেঘালয়ের বালাট স্থলবন্দর পুনরায় খুলে দিতে ভারত সরকার সম্মত। তবে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছিল ঐ চিঠিতে।
২০১০ সালে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও জাতীয় রাজস্ব বোর্ডকে পাঠানো এক চিঠিতে সুনামগঞ্জের ডলুরায় শুল্কবন্দর চালুর ব্যাপারে সুপারিশ করে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স থেকেও ইতিপূর্বে কয়েক দফা এই বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে।
কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনার অফিস সিলেটের সহকারী কমিশনার নাছির উদ্দিন চৌধুরী বলেন, ‘গত বছরের ৮ ডিসেম্বর সিলেটের কাস্টম এক্সসাইজ ও ভ্যাট’র কমিশনার জাতীয় রাজস্ব বোর্ডকে ডলুরায় শুল্কবন্দর স্থাপনের বিষয়ে ইতিবাচক মতামত জানিয়ে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে ব্যাংক বুথ, ইমিগ্রেশন স্থলবন্দরসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করার পর ডলুরায় শুল্কবন্দর হতে পারে। বন্দরের অনুমতি হলে অন্য কার্যক্রমও শুরু হতে পারে। যেমন ইমিগ্রেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি চাওয়াসহ অন্যান্য উদ্যোগ নেওয়া যেতে পারে।’
একবছর আগে ডলুরায় শুল্কবন্দর স্থাপন বিষয়ে সিলেট কাস্টম এক্সসাইজ ও ভ্যাট অফিস থেকে সুপারিশ গেলেও জাতীয় রাজস্ব বোর্ড পরবর্তী উদ্যোগ গ্রহণ করতে বিলম্ব করছে কেন? এমন প্রশ্নের উত্তরে নাছির উদ্দিন বলেন,‘এটি জাতীয় রাজস্ব বোর্ডে যোগাযোগ করে জানতে হবে’।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এ প্রসঙ্গে বুধবার বিকালে এ প্রতিবেদককে বলেন, ‘দেশের বিভিন্ন নিস্ক্রিয় শুল্কবন্দর আমরা সক্রিয় করছি। স্থানীয় প্রয়োজনে এবং দুই দেশের ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে নতুন নতুন শুল্কবন্দরও হচ্ছে। ডলুরার বিষয়টিও দেখবো আমরা’।