স্টাফ রিপোর্টার
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ডলুরা শহিদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় ডলুরা শহীদ মুক্তিযোদ্ধা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তামিম আল ইয়ামীন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, বীর মুক্তিযোদ্ধা মোকসুদ আলীসহ বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এছাড়াও আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বিকাল ৩টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শুটিং প্রতিযোগিতা।
প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে সীমান্তবর্তী ডলুরা ছিল সুনামগঞ্জের অন্যতম রণাঙ্গণ। এই রণাঙ্গণ ছিল ৪ নং বালাট সেক্টরের অধীন। রণাঙ্গণে সম্মুখসমরে যে সমস্ত মুক্তিযোদ্ধা শাহাদাৎ বরণ করেন তাদের কয়েকজনকে এখানে সমাহিত করা হয়। ১৯৭৩ সালে ৪৮ জন শহীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য নির্মাণ করা হয়েছে ডলুরা শহীদ মাজার।