দিরাই প্রতিনিধি
দিরাইয়ের ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী মিনার মিয়া (৩০) এর অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে উপজেলার পাহাড়পুর এলাকার টাংনি নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মিনার মিয়া দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের উত্তর সুরিয়ারপাড় গ্রামের মৃত রহিম উল্লার ছেলে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, মিনারের ভাসমান লাশ উদ্ধার করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে দিরাই থানায় ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, তার স্বজনরা জানিয়েছে গত শুক্রবার
থেকে সে নিখোঁজ হয়। শনিবার থেকে আর ফোনেও তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল (বৃহস্পতিবার) তার পরিবারের লোকজন খুঁজতে খুঁজতে এখানে লাশ পাওয়ার পর আমাদেরকে জানায়, জানানোর পর সেখানে পুলিশ গিয়ে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। লাশ আমার থানা এলাকায় পাওয়া গেলেও মামলা হবে দিরাই থানায়।